ইশতিয়াক পারভেজ।।
ভারতের ক্রিকেটের সঙ্গে গভীর প্রেম ছিল লতা মঙ্গেশকরের। শচীন টেন্ডুলকার তাকে ডাকতেন ‘আই’ বলে। মারাঠা আই শব্দের বাংলা অর্থ ‘মা’। ভারতের এই সুরসম্রাজ্ঞীর জীবনের একমাত্র প্রেমটাও এই মুম্বইয়ের ক্রিকেটের এক অপূর্ণতার গল্প। সারা জীবন তিনি বিয়ে না করে একা কাটিয়ে দিয়েছেন মুম্বইয়ের এক ক্রিকেটারের প্রেমে। হ্যাঁ, তার নাম রাজ সিং দুঙ্গারপুর। শোনা যায়, দুঙ্গারপুরের রাজ ঘরানার এই যুবরাজের প্রেমে পড়েছিলেন লতা। তার বড় ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি রাজ সিংহের সঙ্গে হয়েছিল পরিচয়। রাজের টানেই ভালবাসতে শেখা ক্রিকেটকেও। শোনা যায়, ভারতের ১৯৮৩’র বিশ্বকাপ জিতে সেই সময় প্রেমিকের অনুরোধে ফ্রিতে গান গেয়েছিলেন লতা।
কিন্তু কিন্তু সেই প্রেম বিয়ে পর্যন্ত পৌঁছায়নি। পরিবারের চাপের মুখে রাজ সিংহ নাকি বাবা-মাকে প্রতিজ্ঞা করেছিলেন যে, কোনো সাধারণ পরিবারের মেয়েকে তিনি রাজবংশের বউ করে আনবেন না। সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন রাজ সিংহ। তিনিও আর বিয়ে করেননি। তারপর থেকেই সংগীতকে আকড়ে ধরেন লতা আর রাজ সিংহ বেছে নেন ক্রিকেটকে। দু’জনই বিয়ে করেননি আমৃত্যু। তারা দু’জন না থাকলেও মুম্বই ক্রিকেটে সেই প্রেমের গল্প এখনো অপূর্ণতার কথা বলে। সেই শহরেই বাংলাদেশ এসেছে পূর্ণতা ফিরে পাওয়ার মিশনে।
প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও টানা তিনটিতে হেরেছে টাইগাররা। কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। এখানে জয়ে ফিরতে পারলে সুযোগ হবে বিশ্বকাপের রেসে! নানা কারণে দলের মধ্যে বিতর্ক, ব্যাটিং নিয়ে এখন পর্যন্ত যে অপূর্ণ তা মিটিয়ে জ্বলে উঠবে সাকিব আল হাসানের দল। লতা প্রেমে পূর্ণতা না পেলেও বাংলাদেশের ক্রিকেট প্রেম পূর্ণতা পাবে এমনটাই আশা দেশের ক্রিকেটপ্রেমীদের। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। বিশ্রামে থাকায় খেলেনি তাসকিন আহমেদও। যদিও তাসকিন ইনজুরিতে আছেন এমনই গুঞ্জন। তবে দলের পক্ষ থেকে তা উড়িয়ে দেয়া হয়েছে। গতকাল দুপুর ২টায় গোটা দল মাঠে আসার কথা ছিল। কিন্তু তারা চলে আসেন দেড়ঘণ্টা আগেই। এদিন মাঠে এসেও অনুশীলন করেননি তাসকিন। এমনকি বলও হাতে তুলে নেননি। এতে তার ইনজুরির সংবাদটা এদিন আরো স্পষ্ট হয়েছে। তবে অনুশীলনের শেষ দিকে এসে ব্যাটিং করেছেন কিছুটা সময়।
এরপরও অনুমান করা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে না-ও খেলতে পারেন এই পেসার। অন্যদিকে অধিনায়ক সাকিব এই ম্যাচের আগেও অনুশীলন করেছেন। যেমনটি করেছিলেন ভারতের বিপক্ষে ম্যাচের আগেও। নেটে দারুণ ব্যাটিংয়ে প্রায় ৫০ মিনিট সময় কাটিয়েছেন। ওয়ার্মআপ করেন শুরুতে। তবে বোলিং করতে দেখা যায়নি। আর এই দিন তাকে পূর্ণ শক্তিতে দৌড়াতেও দেখা যায়নি। আর এই কারণেই তাকে নিয়ে সন্দেহ কাটছে না। তার ঊরুর চোট, সে কারণে যদি পূর্ণশক্তিতে দৌড়াতে না পারেন তাহলে ঝুঁকি আছে বুঝে নিতে হবে। এই ধরনের ইনজুরির জন্য চিকিৎসক আর ফিজিওদের এমনটাই বক্তব্য। যদিও দলের পক্ষ থেকে তার খেলা নিয়ে বলা হচ্ছে আশার কথাও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দল বেশ সতর্ক। কারণ শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রায় গুঁড়িয়ে জয় তুলে নিয়েছে।
হারজিতের ব্যবধান ২২৯ রানের। প্রোটিয়াদের ৩৯৯ রানের জবাবে এদিন নখদন্তহীনভাবে খেলে ইংল্যান্ড। ফলে মাত্র ২২ ওভারেই শেষ গুঁড়িয়ে যায় চ্যাম্পিয়নদের ইনিংস। ব্যাটিং বোলিং দুটিতেই প্রোটিয়াদের যে হুঙ্কার তাতে টাইগারদের জন্য মিলছে অশনিসংকেতও। যে কারণে গতকাল বাংলাদেশ দলের নড়বে ব্যাটিং নিয়ে কাজ করতে দেখা গেছে টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরণ শ্রীরামকে। এদিন অসুস্থতার কারণে মাঠে আসেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকালেল অনুশীলনের শুরুতেই পেসাররা মুম্বইয়ের গরম সহ্য করে নিজেদের প্রস্তুত করে নেন। এর পর তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যাট হাতে। তারাও মুম্বইয়ে মুক্তি চান ব্যাটিংয়ের অপূর্ণতা থেকে।











































