স্পোর্টস রিপোর্টার।।
‘মান্নাত’ মুম্বইয়ের একটি বাড়ির নাম। যে বাড়ি ঘিরে প্রতিদিনই দেখা যায় দর্শনার্থীদের নানা রকম পাগলামি। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির গেটের সামনে নানা অঙ্গভঙ্গিতে ছবি তুলছে মানুষ। এর মধ্যে দুই হাত দুই দিকে প্রসারিত করে দাঁড়ানোর ভঙ্গিটাই বেশি। কেউ বা নাচছেন, গাইছেন গানও। একটা সময় ছিল এই বাড়ির সামনে বসে এক যুবক স্বপ্ন দেখতেন তিনি কিনে নিবেন এটি। একদিন তার স্বপ্নপূরণ হয়। তিনি আর কেউ নন ভারতের অন্যতম সুপার স্টার অভিনেতা বলিউড কিং খ্যাত শাহরুখ খান। হয়তো তার মতো স্বপ্ন নিয়ে হাজারো মানুষ প্রতিদিন ভিড় করেন মুম্বইয়ের ব্যানস্টেন এলাকাটিতে। যার সামনে বিশাল ভারত সাগর আছড়ে পড়ছে।
কিন্তু সেদিকে যেন কারো খেয়াল নেই। প্রিয় নায়কের বাড়ি দেখা শেষে কেউ কেউ সেই সাগর পারের বেঞ্চটি খুঁঁজছেন যেখানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছিলেন শাহরুখ খান। তবে এমন বাড়ির দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের মনে যেন সুখ নেই। তারা চোখের সামনে এমন সুপার স্টারকে দেখেও শান্তি খুঁজে পান না।
তাদেরই একজন রমেশ দৈনিক মানবজমিনকে বলেন, ‘খুব রোমাঞ্চ ছিল শাহরুখ খানের বাড়ির নিরাপত্তার দায়িত্ব পাওয়ার পর। কিন্তু ধীরে ধীরে সব রোমাঞ্চ চলে গেছে। এখানে শাহরুখ জি থাকুক আর নাই থাকুক সারাদিনই থাকে তার ভক্তদেন ভিড়। তাদের সামাল দিতেই আমাদের সুখ শেষ!’ শুধু যে ভারতের মানুষ এখানে ভিড় করেন এমন নয়। সকালে দেখা গেলো বাংলাদেশের এক দম্পতিকেও। ঢাকা থেকে মুম্বইয়ে এসেছেন শাহরুখ ভক্ত স্ত্রীকে নিয়ে। স্বামী মিজানুর রহমান দৈনিক মানবজমিনকে জানালেন তার স্ত্রী শাহরুখ খানের পাগলা ভক্ত। আর তার জন্যই ঢাকা থেকে তাদের আসা। তিনি বলেন, ‘আসলে আমার স্ত্রী শাহরুখ খানের দারুণ ভক্ত। তার কারণেই এখানে আসা। ও এসে এখানে তার পাগলামোর চূড়ান্তটাই করছেন। অবশ্য আমার এতে ভালোও লাগছে।’ মুম্বইয়ে আরব সাগরের উপর তৈরি হয়েছে ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতু সি লিংক।
সেই সেতু ধরে সোজা চলে যাওয়া যায় শাহরুখ খানের বাড়ি মান্নাতে। তিনি যখন ‘মান্নাত’ কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তার সঞ্চয় ছিল ২ কোটি রুপি। আর মান্নাতের পেছনে খরচ ছিল প্রায় ৩০ কোটি রুপি। যার বাকি অর্থ তিনি ঋণ নিয়েছিলেন। এই অভিনেতার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে বাড়ির লোন মাত্র ৪ বছরের মধ্যেই পরিশোধ করে দেন তিনি। বর্তমানে বিদেশের একাধিক শহরে বাড়ি রয়েছে শাহরুখ খানের। আজ মান্নাতের মূল্য প্রায় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। শাহরুখ খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি জওয়ান ও পাঠান বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে। আপাতত ‘ডাঙ্কি’ মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি। ছবি মুক্তির পর বাইরে অপেক্ষমাণ ভক্তদের মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে তাই জানিয়েছেন শাহরুখ।
জানেন এই মান্নাতের জন্য কতটা কষ্ট করতে হয়েছিল তাকে! দিল্লি থেকে শাহরুখ তার মারুতি ৮০০ গাড়ি নিয়ে এসেছিলেন মুম্বইয়ে। সেটি মাঝেমধ্যে তার স্ত্রী গৌরী চালাতেন। তার অক্লান্ত পরিশ্রমে গৌরীর জন্মদিনে শাহরুখ তাঁর স্বপ্নের বাড়ি ‘মান্নাত’ পেয়েছিলেন। সেদিন শাহরুখ সবাইকে থার্মোকলের প্লেটে বিরিয়ানি পরিবেশন করেছিলেন এবং কোনও আলো ছাড়াই বাড়ির ছাদে ডিসপোজেবল গ্লাসে পানি পরিবেশন করেছিলেন। নতুন বাড়ি দেখানোর জন্য খুব উচ্ছ্বসিত ছিলেন শাহরুখ। এমনটাই লিখেছেন ডিজাইনার থেকে প্রযোজক হওয়া শাবিনা খান ‘দ্য এসআরকে স্টোরি’ শিরোনামের কলামে।











































