Home আন্তর্জাতিক ইসরায়েলের স্থল হামলা প্রতিহতের দাবি হামাসের

ইসরায়েলের স্থল হামলা প্রতিহতের দাবি হামাসের

11

অনলাইন ডেস্ক।।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের একটি স্থল হামলা প্রতিহত করার দাবি করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডস তাদের টেলিগ্রাম চ্যানেলে এক সংক্ষিপ্ত ঘোষণায় বলেছে, তারা গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের একটি অগ্রবর্তী দলকে পিছু হটে যেতে বাধ্য করেছে।

ইসরায়েলি বাহিনী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, রোববার খান ইউনিস সীমান্তে হামাসের নিক্ষিপ্ত একটি ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। খবর পার্স টুডের

এই প্রথম গাজা সীমান্তে ‘স্থল অভিযান’ চালানোর জন্য মোতায়েন কোনো ইসরায়েলি সেনা ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে নিহত হলো। এর আগে শনিবার লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের একই ধরনের এক হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছিল।

ইসরায়েলি বাহিনী রোববার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকার দক্ষিণ অংশে খান ইউনিস সীমান্তে হামাসের হামলায় তাদের এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছে।

গাজার খান ইউনিস থেকে আল-জাজিরার একজন সংবাদদাতা বলেছেন, সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী ছোটখাট স্থল হামলা শুরু করে দিয়েছে এবং হামাসের রোববারের পাল্টা হামলা প্রমাণ করছে, তারাও ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করার যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।