Home স্বাস্থ্য পুজায় পাতে থাকুক ঠাকুর বাড়ির নিরামিষ ভাতের কোফতা

পুজায় পাতে থাকুক ঠাকুর বাড়ির নিরামিষ ভাতের কোফতা

46

লাইফস্টাইল ডেস্ক।।

ঠাকুর বাড়ির রান্নার সুনাম ছড়িয়ে আছে দেশ-বিদেশে। তাদের খাবারের রন্ধন প্রণালী থেকে শুরু করে পরিবেশনা পর্যন্ত সবকিছুর মধ্যেই রয়েছে এক আলাদা স্বাদ, গন্ধ ও রূপ। তাই পুজার বিশেষ খাবারের তালিকায় রাখতে পারেন ঠাকুরবাড়ির নিরামিষ ভাতের কোফতা।

সাধারণত মাছ, মাংস ও সবজির কোফতা খেলেও ঠাকুরবাড়ির ইতিহাস ঘাঁটলে জানা যাবে ভাত দিয়েও অসাধারণ স্বাদের কোফতা তৈরি করা সম্ভব। ভারতীয় এক সংবাদমাধ্যম তুলে ধরেছে সেই অনন্য রেসিপিটি। এবার তাহলে সেই রেসিপি সম্পর্কে জেনে নেয়া যাক।

উপকরণ: সিদ্ধ সুগন্ধি পোলার চাল ২ কাপ, গরম দুধ ২ টেবিল চামচ, কেশর, এক চিমটি, খোয়া ক্ষীর হাফ কাপ, ছোট এলাচ ২/৩টি, লবঙ্গ ২টি, ভাজার জন্য ঘি, সামান্য দারুচিনি গুঁড়া, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, টক দই ১ কাপ, সুজি আধ কাপ, স্বাদ অনুযায়ী লবণ, কাজুবাদাম কুচি ৩ টেবিল চামচ ও কিসমিস ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী: প্রথমেই দুধে কেশর মিশিয়ে রাখতে হবে এবং কাজু-কিসমিস ঘিয়ে ভেজে নিতে হবে। এরপর সিদ্ধ করা সুগন্ধি পোলার চাল হালকা হাতে মেখে নিন। এর মধ্যে দিয়ে দিন ছোট এলাচ, লবঙ্গ এবং দারুচিনির গুঁড়া। সামান্য একটু আদা বাটা, কাঁচা মরিচ কুচি, দুধে ভেজানো কেশর, ভেজে রাখা কাজু, কিসমিস এবং খোয়া ক্ষীর দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

 

এবার ছোট পাত্রে টক দই এবং আদা বাটা ভালো করে মিশিয়ে নিন। সেই মেশানো ভাত থেকে ছোট গোল করে কোফতার আকার বানিয়ে নিন। কড়াইতে ঘি গরম করতে দিয়ে ভাতের কোফতা দইয়ের মিশ্রণে মুড়িয়ে সুজির আস্তরণে মেখে নিন। এখন ঘিয়ে ভেজে তুলে ইচ্ছেমত পরিবেশন করুন।

এই মজাদার কোফতা গরম ভাতের সঙ্গে খাওয়ার পাশাপাশি চাইলে নিরামিষ কারিও তৈরি করে ফেলতে পারেন।