Home স্বাস্থ্য ডিমে ভারী ধাতুর উপস্থিতি, যা বলছেন পোল্ট্রি বিশেষজ্ঞরা

ডিমে ভারী ধাতুর উপস্থিতি, যা বলছেন পোল্ট্রি বিশেষজ্ঞরা

60

 

লাইফ স্টাইল ডেস্ক।।

রাজধানী ঢাকার ডিমে ভারী ধাতুর উপস্থিতি সংক্রান্ত একটি গবেষণা তথ্য সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ হয়। গবেষণায় বলা হয়, সর্বোচ্চ অনুমোদিত মাত্রার (এমপিএল) চেয়ে বেশি পরিমাণে দস্তা, তামা, সিসা ও লোহা পাওয়া গেছে ডিমে এবং মাত্রাতিরিক্ত এসব ভারী ধাতুর কারণে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিসিএসআইআর এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয়জন গবেষকের যৌথ গবেষণায় এ তথ্য উঠে আসে।

এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ বলেন, আমাদের ঢাকার বাতাসেই যেখানে ভারি ধাতু, আমাদের জমি, নদী-নালা পুকুরেই যেভাবে বর্জ্য পদার্থ ঢুকছে, সেখানে মুরগির ডিমে ভারী ধাতুর উপস্থিতি পাওয়াটা যৌক্তিক। আমি তাদের গবেষণাকে সাধুবাদ জানাই। তবে গবেষকরা যদি সরাসরি খামারি বা ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের ডিম নিয়ে কাজটা করতেন, তাহলে বলা যেত কোনো জায়গা থেকে ভারী ধাতু প্রবেশ করল এবং সেই নির্দিষ্ট জায়গায় কাজ করা যেত।

 

তিনি আরও বলেন, যেহেতু ঢাকা শহরে ছোট-বড় সব ধরনের খামার থেকে ডিম আসে, তাই আসলে কাদের ডিমে কন্টামিনেশন হলো তা বলা মুশকিল। আবার বিভিন্নভাবে ডিমে ভারী ধাতু প্রবেশ করতে পারে। যেমন গ্রামের খামারগুলোতে নলকূপের পানি খাওয়ানো হয়। যেখানে অনেক ভারী ধাতু রয়েছে।

তিনি বলেন, আবার অনেক খামারিরা কম দামে খাদ্য পাওয়ার আশায় স্বনামধন্য কোম্পানির স্ট্যান্ডার্ড ফিড না নিয়ে কম দামি খাবার খাওয়ায়। যেখানে অনেক অসাধু ব্যবসায়ীরা ট্যানারির বর্জ্য মেশায়। ভবিষ্যতে এ ধরনের গবেষণায় তারা যেন উৎস পরিষ্কার করে বলে। আসলে এ ধরনের খামার লব্ধ ফলাফল ভোক্তাদের বিপদে ফেলানো ছাড়া আর কিছুই না।

 

বিষয়টি আমলে নিয়ে শেকৃবির অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম বলেন, বিভিন্নভাবে দুধ এবং ডিমে ভারী ধাতু আসতে পারে। নির্দিষ্ট কিছু অঞ্চলের স্যাম্পল নিয়ে সমগ্র বাংলাদেশের সত্যিকারের চিত্র বুঝা যায় না। কিন্তু গবেষণা একটি নির্দিষ্ট অঞ্চলে এবং নির্দিষ্ট সময়ে না হয়ে দেশব্যাপী এবং সারাবছর জুড়ে হওয়া উচিত। এতে সত্যিকার অর্থে বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা যেত।

এছাড়াও তিনি মুরগির খাদ্য নিয়ে আরও গবেষণা হওয়া উচিত বলে মনে করেন। তিনি বলেন, ধারণা করছি খাবারের মাধ্যমে মুরগির শরীরে বিষাক্ত ভারী ধাতু প্রবেশ করছে। সেখান থেকে ডিমে। আর ডিম থেকে মানুষের শরীরে। তাই খামারে পালন করা মুরগির খাবার আরও নিরাপদ হওয়া উচিত।