ঢাকা অফিস।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলাম এক ডজন ইসলামী দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে। এই দলগুলোর মধ্যে অন্তত একটি রাজনৈতিক দল রয়েছে যারা নিবন্ধিত। জামায়াত যেহেতু এখন নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তাদের নিজস্ব কোনো প্রতীক নেই এ কারণেই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণ করতে পারবেন না। তাদের প্রার্থীরা যদি অংশগ্রহণ করে তাহলে তাদেরকে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে হবে। কিন্তু সারা দেশে একশো জন প্রার্থী স্বতন্ত্রভাবে অভিন্ন প্রতীক পাবেন না। এই কারণেই তারা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছে এবং যে রাজনৈতিক দলটি নিবন্ধিত তার প্রতীক ব্যবহার করেই তারা নির্বাচন করবে বলে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
একাধিক সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে এটা মোটামুটি নিশ্চিত। তবে কোন প্রক্রিয়ায়, কিভাবে করবে—তা নিয়ে তাদের মধ্যে এখন পর্যন্ত নানামুখী আলাপ আলোচনা চলছে। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এরকম বাস্তবতায় জামায়াত অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হবে কিনা তা নিয়েই তারা বিভিন্ন কথাবার্তা বলছে। তবে এর মধ্যে গত দুই দিনে জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্তে নাটকীয় পরিবর্তন এসেছে।
জামায়াতের সঙ্গে দীর্ঘদিনের আদর্শিক দ্বন্দ্ব রয়েছে এমন অন্তত পাঁচ ছয়টি ইসলামিক দলের সঙ্গে জামায়াত বৈঠক করেছে। এদের মধ্যে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম অন্যতম। এই দলগুলোকে নিয়ে জামায়াত একটি নির্বাচনী জোট গঠন করতে চায় এবং অভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়।
বিভিন্ন সূত্রগুলো বলছে, জামায়াতের একশো আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আর অন্যান্য ইসলামী দলগুলোকে আরও দুইশো আসন হয়তো জামায়াত ছেড়ে দেবে। অর্থাৎ ইসলামী দলগুলোকে নিয়ে তিনশো আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। জামায়াতের এই পরিকল্পনাকে বিএনপি নেতারা সরকারের সাথে গোপন সমঝোতা হিসেবে চিহ্নিত করছেন। বিশেষ করে বিএনপি মনে করছেন যে জামায়াত তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাওয়ার জন্য এবং সরকারের আস্থাভাজন হওয়ার জন্য, সরকার যেন তাদেরকে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেয় সে কারণে তারা এক ধরনের সমঝোতা করতে চাইছে। এই সমঝোতার অংশ হিসেবেই জামায়াত আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তবে জামায়াত এই ধরনের ভাবনা অস্বীকার করে দিয়েছে। তারা বলেছে, আর যাই হোক না কেন, সরকারের সাথে তাদের সমঝোতার কোনরকম সম্ভাবনাই নেই। বর্তমান সরকার জামায়াতের শীর্ষ নেতাদেরকে বিচারিক হত্যা করেছে বলেও জামায়াত অভিযোগ করে। কাজেই এই সরকারের সাথে কোন ধরনের আপোষ সমঝোতার প্রশ্নই ওঠে না বলে জামায়াতের নেতারা বলেছেন।
সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে জামায়াতের সঙ্গে সরকারের আপোষ বা সমঝোতার কোন রকম সম্পর্ক নেই। তবে জামায়াত যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে টানা বৈঠক করছে এবং আগামী নির্বাচন নিয়ে জোট তৈরি করার চেষ্টা করছে সে সম্পর্কে সরকারের বিভিন্ন মহল অবহিত রয়েছে। পাশাপাশি জামায়াত ইদানিং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও পালন করছে।আর এই কর্মসূচিগুলো সরকারও উপেক্ষা করছে। সবমিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এবং অন্যান্য ইসলামিক দলগুলো নিয়ে একটি বড় ধরনের জোট হতে হতে যাচ্ছে বলে অনেকে ধারণা করছেন। তবে বিভিন্ন মহল বলছেন, শেষ পর্যন্ত এই জোটের পরিণতি কি হবে তা বোঝা যাবে নির্বাচনে তফসিল চূড়ান্তভাবে ঘোষণার পর।











































