খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা পালন নিশ্চিত করতে নৌবাহিনী কন্টিনজেন্ট তাদের টহল আরো জোড়দার করেছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট মংলায় সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, মিঠাখালি, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল পরিচালনা করে। এছাড়া মোংলা উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে।

এসময় মোটরসাইকেল চালক, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্রেতা সাধারণকে মাস্ক পরিধান না করা ও সামাজিক দূরত না মানার জন্য মোট সতের হাজার নয়শত টাকা জরিমানা করে। অপরদিকে নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, আমতলী, বামনা ও তালতলী এলাকায় নিয়মিত টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। সাধারণ জনগণকে গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। সরকার নির্ধারিত সময়ের পর সকল বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে ও নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ব্যবসায়ীদের বোঝানো হয়। এছাড়া অফিস আদালত, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ও মার্কেটে প্রবেশের পূর্বে জীবাণুনাশক ট্রেতে পা রেখে জীবাণুমুক্ত হয়ে প্রবেশের জন্য জনগণকে সচেতন করা হয়।











































