Home Uncategorized নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে সরকারের পাঁচ দফা আশ্বাস

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে সরকারের পাঁচ দফা আশ্বাস

22

খুলনাঞ্চল রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেন উদ্বিগ্ন না হয় সেজন্য সরকার পাঁচ দফা আশ্বাস দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের আগেই মার্কিন যুক্তরাষ্ট্র যেন নানারকম বিধি নিষেধ আরোপ না করে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি না করে। বরং নির্বাচন কেমন হয় এই বিষয়টির ওপর নজর দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য যে মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী পাঁচটি বিষয়ে সুস্পষ্ট আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূরণ করা হবে যেকোনো মূল্যে এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তার মধ্যে রয়েছে-

১. নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: নির্বাচন যেকোনো ভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। এই নির্বাচনে কোনো রকম পক্ষপাতিত্ব হবে না এবং নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা অন্য কোনো বিষয়কে বরদাস্ত করা হবে না। বরং একটি ঐতিহাসিক সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ বিশ্বকে উপহার দিতে চায়।

২. অংশগ্রহণমূলক নির্বাচন: অংশগ্রহণমূলক নির্বাচন অর্থাৎ ৫০ শতাংশের কাছাকাছি ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনে অন্তত ৫০ শতাংশ ভোটার অংশগ্রহণ করবে এবং এই সমপরিমাণ ভোটার অনেক উন্নত দেশেও অংশগ্রহণ করে না। এরকম ভোটাররা যদি ভোটে অংশগ্রহণ করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে কি চোখে দেখবে? এই প্রশ্নটি সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।

৩. প্রশাসন নিরপেক্ষ থাকবে: আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সরকারের একটি বড় আশ্বাসের জায়গা হল প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। কোন অবস্থাতেই প্রশাসন নির্বাচনে পক্ষ অবলম্বন করবেন না বা ক্ষমতাসীন দলকে জেতানোর জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে না।

৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বিচার বিভাগও নিরপেক্ষভাবে পালন করবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয়েছে। তারা বলেছে যে এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ এবং সতর্কতার সাথে দায়িত্ব পালন করবে যেন কোনো রকম কারচুপি না হয় এবং কোনো দল বাড়তি সুযোগ সুবিধা না পায়।

৫. বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে: আগামী জাতীয় সংসদ নির্বাচনে যত সংখ্যক বিদেশী পর্যবেক্ষক থাকুক না কেন তাদেরকে স্বাগত জানানো হবে এবং বিদেশি পর্যবেক্ষকরা স্বাধীন মতামত দিতে পারবে নির্বাচনের ব্যাপারে।

আওয়ামী লীগ মনে করে যে এই পাঁচটি বিষয়ে যদি নিশ্চিত করা যায় তাহলে আগামী নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা এই পাঁচটি বিষয়ে আশ্বস্ত করেছে। তবে সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কোন দল নির্বাচনে এলো কি এলো না সেটি তাদের বিষয় নয় এবং এই বিষয় নিয়ে তারা আগ্রহীও নয়। এটি একটি রাজনৈতিক দলের একান্ত নিজস্ব দলীয় সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের ব্যাপারে সরকার বা ক্ষমতাসীন দলের কোনো ভূমিকা নেই। আর এই কারণে একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করলেই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না এমন ধারণারও কোন ভিত্তি নেই।