Home জাতীয় সজনে পাতায় কয়েকশ নারীর ভাত-কাপড়

সজনে পাতায় কয়েকশ নারীর ভাত-কাপড়

35

খুলনাঞ্চল রিপোর্ট
গিরিবালা, জয়মতি, কানুবালাকে এখন আর ভাত কাপড়ের জন্য দুশ্চিন্তায় থাকতে হয় না। ভোরে কাজের আশায় গৃহস্থের উঠানে ছুটতে হয় না। কারণ বাড়ির উঠানের আনাচে-কানাচে, পতিত জায়গায় লাগানো সজনে গাছের ডাটা-পাতায় বেঁচে থাকার স্বাচ্ছন্দ্য খুঁজে পেয়েছেন তারা। তাদেরই মতো রংপুরের তারাগঞ্জের দোলাপাড়া, দৌলতপুর, বেলতলী ও ইকরচালী এলাকার কয়েকশ নারী সজনে পাতা ও ডাটা বিক্রি করে প্রতিমাসে আয় করছেন ৫ থেকে ৬ হাজার টাকা।
উপজেলা সদর থেকে ২ কিলোমিটার দূরে দোলাপাড়া গ্রাম। গ্রামটিতে যাওয়ার পথে রাস্তার ধারে ও বাড়ির উঠানে পরিত্যক্ত জায়গায় সারি সারি সজনে গাছ চোখে পড়ে।

কয়েকজন নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১ সালে দোলাপাড়া গ্রামের ২০ জন নারী জিটি মরিঙ্গা লিমিটেডের সজনে বাগান দেখে উৎসাহী হয়। পরে তারা রাস্তার ধারে ও বাড়ির উঠোনের পরিত্যক্ত জায়গায় বাণিজ্যিকভাবে সজনে চাষ শুরু করেন। তাদের দেখে গ্রামের অন্যরাও ঝুঁকে পড়ে সজনে চাষে।

উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের গিরিবালা বলেন, ‘আগে শুধু সজনে ডাটা রান্না করে খেতাম। কিন্তু এখন পাতাও বিক্রি হয়। এক কেজি পাতা ৪০০ টাকা দরে কিনে নেয় কোম্পানি। সজনে চাষে কোনো খরচ নেই কিন্তু লাভ আছে। সজনে পাতা বিক্রির টাকায় এখন আমার ভাত-কাপড় হয়।’
একই গ্রামের হরিপ্রিয়ার স্বামী গণেশ চন্দ্র বয়সের ভারে অচল। পরিবারে আয়ের আর কোনো উৎস না থাকায় হরিপ্রিয়াকেই দিনমজুরি করতে হয়। দিনমজুরির পাশাপাশি এখন বাড়ির চারদিকে লাগানো সজনে গাছ থেকে তার আয় হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকা।

হরিপ্রিয়া বলেন, ‘আমরা তো সজনে পাতা ফেলে দিতাম। পরে জিটি মরিঙ্গা লিমিটেডের সজনে বাগানে কাজ করার সময় জানতে পারি এক কেজি পাতার দাম ৪০০ টাকা। তখনই বাড়ির পাশের পতিত জায়গায় সজনে গাছ লাগাই। এখন ডাটা-পাতা বিক্রি করে ডাল-ভাত খেয়ে ভালো আছি।’

দোলাপাড়া গ্রামের আরেক গৃহবধূ স্বাধীনা বেগম বলেন, সজনে চাষে কোনো খরচ নেই, ওষুধপাতি লাগে না। গাছ রোপণ করলে এমনিতে হয়। তার ওপর পরিবহন খরচও নেই, কারণ বাড়িতে থেকে সজনে পাতা কিনে নেয় জিটি মরিঙ্গা কোম্পানির লোকজন।’

দোলাপাড়া গ্রামের প্রবেশ মুখেই রাশেদা বেগমের বাড়ি। বাড়ির পাশে লাগানো সজনে পাতা তুলতে ব্যস্ত তিনি।

রাশেদা বেগম বলেন, ‘বাড়ির কিনারায় ১৫টা সজনে গাছ লাগিয়েছি। কোনো খরচ ছাড়াই সজনের ডাটা-পাতা বিক্রি করে বছরে ২৫ হাজার টাকারও বেশি আয় করছি। আমার মতো গ্রামের অন্যরাও সজনে পাতা বিক্রি করে বাড়তি আয় করছে।’

তারাগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সায়েম জানান, পুষ্টি বাগান প্রকল্পের আওতায় তারাগঞ্জের প্রতিটি বাড়িতে সজনে চাষের জন্য পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। উপজেলার ইকরচালী, দোলাপাড়া ও দৌলতপুর এলাকায় ব্যাপক হারে সজনের চাষ হচ্ছে।

দোলাপাড়ায় অবস্থিত জিটি মরিঙ্গা লিমিটেডের সুপারভাইজার জহুরুল আলম বলেন, ‘দুই বছর আগে আমরা এ গ্রামে দুই একর জমিতে সজনে চাষ শুরু করি। এখানে কাজ করতে আসা নারীরা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির উঠানে ও পতিত জায়গায় সজনে চাষ করছেন। আমরা তাদের বাড়ি থেকে পাতা সংগ্রহ করে থাকি। পরে সেসব পাতা শুকিয়ে গুড়া করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছি। এমনকি বিদেশেও চলে যাচ্ছে সজনে পাতার গুড়া।’

তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ঊর্মি তাবাসসুম বলেন, ‘বৈশাখ মাসে সজনে গাছ রোপণের আদর্শ সময়। ৫ ফুট লম্বা ডাল কাটিং করে এক ফুট গর্ত করে রোপণ করতে হয়। কোনোভাবে গোড়ায় পানি প্রবেশ করানো যাবে না। সারি থেকে সারি দূরত্ব ১০-১২ ফুট রাখতে হবে।’

ঊর্মি তাবাসসুম আরও বলেন, ‘তারাগঞ্জে কৃষি বিভাগের সহায়তায় সজনে চাষ বাড়ছে। সারা দেশে পুষ্টিগুণে ভরা সজনে পাতা ও ডাটার ব্যাপক চাহিদা রয়েছে। দাম ভালো থাকায় কৃষকরা রাস্তার ধারে পতিত জায়গা ও জমির আলে সজনে চাষ করে লাভবান হচ্ছেন।’