Home খেলাধুলা ধর্মশালায় সাকিব-মিরাজের জাদু

ধর্মশালায় সাকিব-মিরাজের জাদু

70

খেলা ডেস্ক।।
আফগানিস্তান বিবিসি’র এক সংবাদ কর্মীর প্রশ্ন- বাংলাদেশের স্পিনাররা যে উইকেটে এত ভালো করেছে সেখানে কেন পারলো না আফগানিস্তানের স্পিনাররা? এমন প্রশ্ন তার মনে আসতেই পারে। ধর্মশালা স্টেডিয়ামের উইকেটের ইতিহাস বলে এখানে পেসাররাই সফল। সেখানে কিন্তু হঠাৎ করেই সেই ধারণা বদলে দিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দু’জন মিলে সমান ৩টি করে উইকেট নিয়ে ঘাড় ভেঙে দিলেন আফগান ব্যাটিংয়ের। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানদের গুঁড়িয়ে দেয় মাত্র ১৫৬ রানে। শুধু তাই নয়, ব্যাট করতে নেমে জয়ও তুলে নেন ৬ উইকেটে। স্পিন আক্রমণের জন্য যেখানে রশিদ খান, মুজিবুর রহমানরা এখন বিশ্বেসবচেয়ে ভয়ঙ্কর বোলার বলেই পরিচিত- তাদের পাত্তাই দেয়নি টাইহগার ব্যাটাররা। যেখানে আফগান স্পিনাররা ব্যর্থ, সেখানে কি তাহলে সাকিব আর মিরাজ দেখিয়েছে কোনো যাদুমন্ত্র! অবশ্য মিরাজ জানিয়ে দিলেন, সাকিবের পরামর্শ আর উইকেট নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হওয়াতে তাদের বোলিংটা হয়েছে দুর্দান্ত। যদিও শুরুতে কিছুটা সাবলীলভাবেই খেলছিল আফগানিস্তান। ৪৭ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিতই দিচ্ছিল তারা।

 

তবে ওপেনিং জুটি ভেঙেই গর্জে ওঠে টাইগার বোলাররা। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের দুইশ’ রানও করতে দেয়নি সাকিব আল হাসানের দল। কোনোমতে দেড়শ’ রান পার করে আফগানরা। বৈশ্বিক এই টুর্নামেন্টে সাকিবের উইকেট এখন ৩৭টি। স্পিনারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল মুত্তিয়া মুরালিধরন (৬৮) ও ইমরান তাহিরের (৪০)। ধর্মশালা স্টেডিয়ামে এখন পর্যন্ত এক ম্যাচে কোনো বোলারের সর্বাধিক শিকার ছিল ৪ উইকেট। এরপর দ্বিতীয় সর্বোচ্চ শিকার এখন সাকিব ও মিরাজের।
টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটিতে শুরুটা মন্দ ছিল না আফগানদের। ৮ ওভারে তারা করে ফেলে ৪৭ রান। তবে সেই জুটি ভেঙে পথটা খুলে দেন সাকিব আল হাসান। খানিক পর ফের আঘাত হানেন তিনি। অধিনায়কের দেখানো পথে উইকেট শিকারে যোগ দেন মিরাজও। দুই স্পিনারের ক্ষুরধার বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি আফগান ব্যাটসম্যানরা। সাকিব ও মিরাজ সঙ্গে পাল্লা দিয়ে তিন পেসার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ পেয়েছেন বাকি ৪টি। ইনিংসের ৭৬ বল বাকি থাকতেই আফগানিস্তান গুটিয়ে গেছে ১৫৬ রানে। মিরাজের ৮ ম্যাচের বিশ্বকাপ ক্যারিয়ারে এটিই সেরা বোলিং। গত আসরে তিনি সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছিলেন দুই ম্যাচে। বোলারদের ভালো করার পিছনের গল্প নিয়ে মিরাজ বলেন, ‘সাকিব ভাই যখন বোলিংয়ে যান তখন উইকেট নিয়ে তিনি জানান যে, বল টার্ন করছে। তিনি এসে আমাদের সঙ্গে আলোচনা করেন। উইকেট নিয়ে তথ্য দেন। আমরাও যখন বোলিংয়ে যাই উইকেট কেমন আচরণ করছে তাও বাকি বোলারদের বলি। মূলত নিজেরা আলোচনা করেই ওদের বল করেছি। সাকিব ভাই বলেছেন- স্বাধীনভাবে বল করতে। খারাপ হলেও যেন ভয় না পাই নিজের মতো বল করে যাই সেটি তিনি আমাদের জানিয়েছেন। তার কথামতোই আমরা নিজেদের কাজটি করেছি।’

 

নবম ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব। অফ সাইডে ফিল্ডার বাড়িয়ে ইব্রাহিমকে অনসাইডে খেলার জন্য প্রলুব্ধ করেন বাংলাদেশ অধিনায়ক। ফাঁদে পা দিয়ে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন ইব্রাহিম। দ্বিতীয় স্পেলে ষোড়শ ওভারে ফিরে রেহমাত শাহকেও আউট করেন সাকিব। এরপর উইকেট শিকারে যোগ দেন মিরাজ। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীর বিপক্ষে টানা ডট বল করার পুরস্কার পান তিনি। রানের গতি ধীর হয়ে আসায় তেড়েফুঁড়ে মারতে গিয়ে ক্যাচ দেন ৩৮ বলে ২৮ রান করা শাহিদী। ফিফটির সম্ভাবনা জাগানো গুরবাজকে ফেরান মোস্তাফিজ। সাকিবের শেষ শিকার নাজিবউল্লাহ জাদরান। শেষদিকে রশিদ খান ও মুজিব উর রহমানকে বোল্ড করেন মিরাজ। তাসকিন ওড়ান মোহাম্মদ নবীর স্ট্যাম্প। শরিফুলের বলে প্যাডে লেগে বোল্ড হন আজমতউল্লাহ ওমরজাই। কোনোমতে দেড়শ’ পেরোনো আফগান ইনিংসের সমাপ্তি টানেন শরিফুল। পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন নাভিন উল হক।

বিশ্বকাপে বোলিংয়ে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সেরা পারফরম্যান্স। এর আগে ২০১১ সালে নেদারল্যান্ডসকে ১৬০ রানে অলআউট করেছিল টাইগাররা। অবশ্য ২০১৫ বিশ্বকাপে এই আফগানিস্তানকে ১৬২ রানে অলআউট করেছিল বাংলাদেশ। এদিন সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।