কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় আহত মো. জামিরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জামিরুল উপজেলার পান্টি ইউনিয়নের ডাঁসা গ্রামের মৃত আয়নালের ছেলে। তিনি ডাঁসা মধ্যপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম ও কৃষক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২১ আগষ্ট জামিরুল জমিতে ধানের চারা রোপন করতে আসার কথা ছিল ডাঁসা গ্রামের দক্ষিণপাড়ার মো. সাইফুল ইসলামসহ (৫০) কয়েকজনের। কিন্তু সাইফুল সেদিন আসেননি। এ নিয়ে সেদিন সকালে দুজনের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেলে পরের দিন জমিতে কাজের সময় সাইফুল ইসলাম, মো. আশিক, মো. জোয়াদ আলী, মো. পলাশ হোসেন, মানিক শেখ ও শরিফুল ইসলাম লাঠি, লোহার রড, হাতুড়িসহ দেশিয় অস্ত্র নিয়ে জামিরুলের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. সাবু শেখ বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা করেন।
নিহতের মেয়ে মিথিলা খাতুন বলেন, ‘আমার বাবা নিষ্পাপ। তারা বাবাকে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই।’
কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলা তদন্তকারী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, সাত আসামির মধ্যে তিনজন কারাগারে রয়েছে। বাকিরা জামিনে রয়েছেন।











































