স্পোর্টস ডেস্ক।।
বহুল প্রতীক্ষার ওয়ানডে বিশ্বকাপ গতকাল মাঠে গড়িয়েছে। বিশ্বে যেকোনো প্রতিযোগিতার মতোই এখানেও অনেক নিয়ম রয়েছে। যেখানে খেলা বৃষ্টিতে ভেসে গেলে কী হবে বা কোনো ম্যাচে দুই দল একই স্কোর করলে কী হবে, এবার তা জানিয়ে দিয়েছে আইসিসি।
যদি কোনো ম্যাচে দুদলের স্কোর সমান হয়, স্বাভাবিকভাবে তা সুপার ওভারে গড়ায়। কিন্তু এ ক্ষেত্রেও গ্রুপের ৪৫টি ম্যাচে এই নিয়ম কার্যকর হবে না। অর্থাৎ দুটি দলের স্কোর সমান হলে দুদলই এক পয়েন্ট করে পাবে। দুটি সেমিফাইনাল এবং ফাইনালে বিজয়ী নির্ধারণ করতে হলে এই নিয়ম কার্যকর হবে। সুপার ওভারেও স্কোর সমান হলে আবার একটি সুপার ওভার হবে। এ ভাবে যত ক্ষণ না কোনো ফলাফল হচ্ছে ততক্ষণ সুপার ওভার চলতে থাকবে।
গত এশিয়া কাপে রিজার্ভ ডে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিশ্বকাপেও রিজার্ভ ডে থাকছে। কিন্তু গ্রুপের ৪৫টি ম্যাচের জন্যে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। যদি কোনো ম্যাচ বৃষ্টিতে পুরোপুরি ভেসে যায়, তা হলে দুদলকেই এক পয়েন্ট দেওয়া হবে। কিন্তু দুটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্যে রিজার্ভ ডে থাকছে। যে সময়ে বিশ্বকাপ রাখা হয়েছে তাতে বৃষ্টিতে একাধিক ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল।
এদিকে বৃষ্টিতে কোনো ম্যাচে বিঘ্ন ঘটালে সেখানে ডাকওয়ার্থ-লুইস নিয়ম ব্যবহার করা হবে। তবে দুটি দলকেই অন্তত ২০ ওভার করে খেলতে হবে। একটি দল ৫০ ওভার খেলল, অপর দল ১০ ওভার খেলল, এমন পরিস্থিতিতে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং দুই দলই একটি করে পয়েন্ট পাবে।











































