Home জাতীয় রোহিঙ্গা সন্ত্রাসী নবী ও বাবুলের মাধ্যমে মাসে আসে অর্ধকোটি ইয়াবা: র‌্যাব

রোহিঙ্গা সন্ত্রাসী নবী ও বাবুলের মাধ্যমে মাসে আসে অর্ধকোটি ইয়াবা: র‌্যাব

22

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

কক্সবাজার পালংখালীর ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার জাফরুল ইসলাম ওরফে বাবুল। তাঁর গড়ে তোলা মাদক সিন্ডিকেটের হাত ধরে সীমান্ত পথে মাসে দেশে আসে অর্ধকোটি পিস ইয়াবা। বাবুল রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নবী হোসেনের সঙ্গে চিংড়ি ব্যবসার আড়ালে মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান করে আসছেন বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার টেকনাফের কাটাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫। এ সময় তাঁর কাছ থেকে ৫৫ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি দেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার বাবুল মাদক কারবারসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ২০-২৫ সদস্যের একটি চক্র গড়ে তোলেন। তাদের দিয়ে বাবুল মাদকের পাশাপাশি এলাকায় চাঁদাবাজি; স্বর্ণ, অবৈধ অস্ত্র ও গবাদিপশু চোরাচালান এবং পাহাড় কেটে মাটির ব্যবসা করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার আল মঈন বলেন, ‘বাবুল ২০০৫ সালে প্রথম মাদক ব্যবসায় জাড়িয়ে পড়ে। ওই সময় সে সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিত। ২০১৭ সালে মাদক কারবারি লুৎফুর রহমানের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পলাতক তালিকাভুক্ত রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নবী হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারপর থেকে বাবুলের মাদক সিন্ডিকেট গড়ে তোলে। তারা চিংড়ি ব্যবসার আড়ালে নাফ নদ দিয়ে মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান করে আসছে।’

র‌্যাবের মুখপাত্র বলেন, এ সময় বাবুলের দলের সশস্ত্র সদস্যদের পাহারায় মাদকের চালান দেশে পৌঁছাত। বাবুল সপ্তাহে ৪-৫টি ইয়াবার চালান এনে অস্ত্রধারীদের সহযোগিতায় বালুখালী ক্যাম্প-সংলগ্ন তাঁর নিয়ন্ত্রিত বেশকিছু চিংড়ির খামারে রাখত। এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণ এনে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাত।

র‌্যাব জানায়, বাবুলের বিরুদ্ধে ২০০৮ সালে টেকনাফ থানায় একটি মাদক মামলা হয়। ২০১৭ সালে জাবু হত্যা মামলায় দুই মাস কারাগারে ছিলেন। জামিনে বেরিয়ে অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, স্বর্ণ চোরাচালানসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বাবুল কক্সবাজারে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদকসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে।