ঢাকা অফিস।।
আগামী ২২ অক্টোবর সংসদ অধিবেশন শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৪টায় সংসদের বৈঠক বসবে।
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতাবলে বৃহস্পতিবার এ অধিবেশন আহ্বান করেছেন।
এটি হবে চলতি একাদশ জাতীয় সংসদের ২৫তম ও চলতি বছরে পঞ্চম অধিবেশন; সেই সঙ্গে চলতি সংসদের শেষ অধিবেশন।
২০১৯ সালের ২৯ জানুয়ারি শুরু হয় একাদশ সংসদ। সংবিধানের বিধানমতে, সংসদের মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংসদ অধিবেশনের ক্ষেত্রে সংবিধানে বলা আছে, দুই অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। তবে নির্বাচন অনুষ্ঠানের শেষ নব্বই দিনের মধ্যে সংসদের বৈঠক বসার বাধ্যবাধকতা থাকবে না।
আগামী ২ নভেম্বর সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন গণনা শুরু হবে। ফলে এই অধিবেশন হচ্ছে সংসদের শেষ অধিবেশন।











































