খুলনাঞ্চল ডেস্ক।।
সৌদি আরব-ইসরায়েল চুক্তি নিয়ে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন ২০ জন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর। চিঠিতে উদ্বেগ জানিয়ে বাইডেনকে তারা বলেছেন, সৌদি-ইসরায়েলের চুক্তিতে অবশ্যই ফিলিস্তিনি অঞ্চলে বসতি স্থাপন বন্ধ এবং দুই-রাষ্ট্রনীতির সমাধান নিয়ে ইসরায়েলের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করতে হবে।
ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই তোড়জোড় করছেন বাইডেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-সৌদির চুক্তি বাইডেনের জন্য বড় কূটনৈতিক বিজয় হিসেবেই ধরা হচ্ছে। এ চুক্তি নিয়ে বাইডেন তাঁর নিজ দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের বাধার মুখে পড়তে পারেন– এমন আশঙ্কার কথা আগে থেকেই ছিল। এবার সেই আশঙ্কা সত্য করে সম্ভাব্য মার্কিন-ইসরায়েল-সৌদি আরব কূটনৈতিক চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ২০ মার্কিন ডেমোক্র্যাট সিনেটর।
বাইডেনকে দেওয়া এক চিঠিতে তাদের উদ্বেগ তুলে ধরেছেন সিনেটররা। এ চিঠির পেছনে মূল ভূমিকা পালন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ক্রিস মারফি, ডিক ডারবিন, ক্রিস ভ্যান হোলেন, পিটার ওয়েলচ প্রমুখ।
মার্কিন সিনেটররা বলছেন, ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে এই চুক্তির বিনিময়ে রিয়াদ যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা বা পারমাণবিক সহায়তার দাবি করেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
চিঠিতে সিনেটররা বলেছেন, রিয়াদের দাবি-দাওয়া মেনে বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের শত্রু দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি করলে তা মার্কিন কংগ্রেসের বাধার মুখে পড়তে পারে। একই সঙ্গে সম্ভাব্য এই চুক্তি নিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন তারা। তাদের পরামর্শের মধ্যে রয়েছে, চুক্তিতে ইসরায়েলে-ফিলিস্তিন সংঘাত সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অর্থপূর্ণ প্রবিধান যুক্ত করা।
যদিও ইসরায়েলের বর্তমান উগ্র-ডানপন্থি সরকার ফিলিস্তিনিদের নিয়ে যেকোনো বড় ছাড় দেওয়ার বিরোধিতা করবে, এমন সম্ভাবনাই বেশি।
২০ সিনেটরের এই চিঠির বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউস।
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে বহুল আলোচিত বিষয় ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের সুন্নিপ্রধান মুসলিম রাষ্ট্র সৌদি আরবের শান্তিচুক্তির সম্ভাবনা। গেল কয়েক মাসে বিষয়টি বহুদূর এগিয়েছে বলে স্বীকার করেছেন উভয়পক্ষের রাষ্ট্রপ্রধানরা।
জানা যায়, রিয়াদ এবং ওয়াশিংটনের মধ্যকার প্রতিরক্ষা চুক্তিটি অনেকটা ন্যাটোর প্রতিরক্ষা সুরক্ষার মতো হতে পারে। ২০২২ সালে বাইডেন সৌদি আরব সফরে এ বিষয়ে আলোচনা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে।
রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যকার প্রতিরক্ষা চুক্তিটি এশিয়ার রাষ্ট্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তির মতো হতে পারে। যদি বিষয়টি কংগ্রেসের অনুমোদন না পায়, তবে মধ্যপ্রাচ্যের অপর রাষ্ট্র বাহরাইনের মতো দেশটিতে মার্কিন ঘাঁটি স্থাপন করা হতে পারে। খবর নিউইয়র্ক টাইমসের।











































