অনলাইন ডেস্ক।।
তোশাখানা মামলায় ট্রায়াল কোর্টের রায় চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। বৃহস্পতিবার তোশাখানা মামলায় নির্বাচন কমিশনের অযোগ্যতার সিদ্ধান্ত স্থগিত করতে আদালতের দ্বারস্থ হন ইমরান খান। খবর জিয়ো নিউজের।
ইমরানের করা আবেদনে যুক্তি দেওয়া হয়েছে, তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে নির্বাচন কমিশন অযোগ্যতার প্রজ্ঞাপন জারি করে ও তাঁকে নির্বাচনে অংশ নিতে অযোগ্য ঘোষণা করে। তোশাখানা মামলায় শাস্তির ভিত্তিতে পিটিআই চেয়ারম্যানের অযোগ্যতার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাই নির্বাচন কমিশনের জারি করা অযোগ্যতার প্রজ্ঞাপন স্থগিত করতে হবে। ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ২৮ আগস্টের রায়ে শুধু পিটিআইপ্রধানের সাজা স্থগিত করেছেন, ট্রায়াল কোর্টের আদেশ নয়। তাই আবেদনে ইমরানের আইনজীবীরা ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণরূপে স্থগিত করার জন্য আইএইচসিকে অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইমরান খান। সংবিধান অনুযায়ী দেশটিতে ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও এখনও তারিখ ঘোষণা না করায় আলভির কাজ নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।











































