Home খেলাধুলা ‘চ্যাম্পিয়নস’ লিগে রোনালদোর প্রথম গোলে আল নাসরের জয়

‘চ্যাম্পিয়নস’ লিগে রোনালদোর প্রথম গোলে আল নাসরের জয়

42

স্পোর্টস ডেস্ক।।

এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল ও তালিসকার জোড়া গোলে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ৩–১ ব্যবধানে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে আল নাসর।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিয়ে টানা ১০ ম্যাচ জিতল সৌদির ক্লাবটি। আর এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে পেল দ্বিতীয় জয়।

এদিন ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে খেললেও ধারার বিপরীতে গোল খেয়ে বসে আল নাসর। বিরতিতে যাওয়ার মিনিটখানেক আগে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই।

বিরতির পর ৬৬তম মিনিটে দলকে ম্যাচে ফেরানোর কাজটি রোনালদোই করেন। তার প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান। এরপর ৭২ থেকে ৭৭—৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তালিসকা যেন সেটাই বুঝিয়ে দিয়েছেন।

২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। একই রাতে কাতারে ক্লাব আল দুহাইলের বিপক্ষে জিতে পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে। ইস্তিকললের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে তিনে থাকা আল দুহাইলের সঙ্গেই রোনালদোদের পরের ম্যাচ।