স্পোর্টস ডেস্ক।।
৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়ানডে বিশ্বকাপ। গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এই আসর। তবে আসল উত্তেজনা ছড়াবে ১৪ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তানের ম্যাচে।
এই আসরে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই জমে উঠেছে কথার লড়াই। ভারতের সাবেক ক্রিকেটার শেবাগ বলেছেন, প্রতিবারের মতো এবারও ভারতকে হারাতে পারবে না পাকিস্তান।
কথার লড়াইয়ে এবার শামিল হলেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। পাকিস্তানের এই সাবক ফাস্ট বোলার সাজিয়েছেন নিজের স্বপ্নের একাদশ। পাকিস্তান-ভারতের খেলোয়াড়দের নিয়েই সর্বকালের সেরা একাদশ সাজিয়েছেন ওয়াসিম আকরাম। একাদশে তিনি ক্যাপ্টেন রেখেছেন ইমরান খানকে।
একাদশে ওপেনার হিসেবে রেখেছেন সাঈদ আনোয়ার ও বীরেন্দর শেবাগকে। নব্বইয়ের দশকে পাকিস্তানের সেরা ব্যাটার ছিলেন সাঈদ আনোয়ার। তার করা ১৯৪ রানের অনবদ্য ইনিংস এখনো ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস। শচীনের সঙ্গে পাল্লা দিয়ে সেঞ্চুরি করতেন বাঁহাতি এই ওপেনার।
সাঈদ আনোয়ারের সঙ্গে আরেক ওপেনার হিসেবে ভারতের শেবাগকে পছন্দ ওয়াসিম আকরামের। ওপেনিংয়ে নেমেই রানের ঝড় তুলতে পারতেন বিধ্বংসী এই ব্যাটার। মাঠে নেমে সেট হতে পারলেই বোলারদের আতঙ্কের নাম ছিলেন শেবাগ।
আকরামের সর্বকালের সেরা একাদশে তিন নম্বরে রয়েছেন শচীন টেনডুলকার। অনেক ক্রিকেট বোদ্ধাদের চোখে সর্বকালের সেরা ব্যাটার তিনি। ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি আর ৯৬ হাফ-সেঞ্চুরি তার নামের পাশে। ক্রিকেট সৌন্দর্যের এক নাম শচীন টেনডুলকার।
চার নম্বরে ওয়াসিম আকরাম দলে টেনেছেন নিজ দেশের ব্যাটার জাভেদ মিঁয়াদাদকে। পাকিস্তান ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটারও বলা হয়ে তাকে। ১৯৮৭ সালে ভারতের বিপক্ষে শেষ বলে ৬ মেরে ম্যাচ জেতানোর নায়ক হিসেবে এখনো স্মরণীয় হয়ে আছেন ক্রিকেটপ্রেমীদের মনে।
৫ নম্বরে তিনি রেখেছেন এ যুগের ক্রিকেটার বিরাট কোহলিকে। বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলির বেশ ওপরের দিকে। ছিলেন ২০১১ বিশ্বকাপ জেতা দলের সদস্য। ৬ নম্বরে অল রাউন্ডার হিসেবে ওয়াসিমের দলে রয়েছেন নিজ দলের সাবেক অধিনায়ক ইমরান খান। ১৯৯২ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে ছাড়া সর্বকালের সেরা একাদশ অপূর্ণই থেকে যাবে।
উইকেটকিপার হিসেবে আকরামের পছন্দ ভারতের মাহেন্দ্র সিং ধোনিকে। তার অনবদ্য ক্যাপ্টেন্সির মাধ্যমে ২০১১ সালে বিশ্বকাপ জিতিয়ে ছিলেন ভারতকে। ৭ নম্বরে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী কপিলদেব। ওয়াসিম আকরামের স্বপ্নের দলে একমাত্র স্পিনার হিসেবে জায়গা হয়েছে সাকলায়েন মুশতাকের। নিজের সময়ের অন্যতম সেরা স্পিনার ছিলেন সাকলায়েন। আকরামের একাদশে পেসারদের তালিকায় রাখা হয়েছে বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরাকে। তার সঙ্গে জুটি বাঁধিয়েছেন পাকিস্তানের একসময়ে দুর্দান্ত বোলিং করা ওয়াকার ইউনিসকে।
ওয়াসিম আকরামের চোখে পাকিস্তান-ভারতের সম্মিলিত একাদশ
সাঈদ আনোয়ার,পাকিস্তান
বীরেন্দর শেবাগ, ভারত
শচীন টেনডুলকার, ভারত
জাভেদ মিঁয়াদাদ, পাকিস্তান
বিরাট কোহলি, ভারত
ইমরান খান, পাকিস্তান
কপিলদেব, ভারত
মাহেন্দ্র সিং ধোনি, ভারত
সাকলায়েন মুশতাক, পাকিস্তান
যশপ্রীত বুমরাহ, ভারত
ওয়াকার ইউনিস, পাকিস্তান











































