ঢাকা অফিস।।
রাজধানীর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর এক মাস পূর্ণ হলো আজ সোমবার। উদ্বোধনের পর এক মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলেছে ৮ লাখ ৩৬ হাজার ৫৫৮টি। এর মধ্যে ৯৯ শতাংশই ব্যক্তিগত যান (প্রাইভেটকার), যেগুলোকে ক্যাটাগরি-১ বলা হয়ে থাকে। যার সংখ্যা ৮ লাখ ২৮ হাজার ৯৮৭টি। আর এক মাসে এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে ৬ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটি থেকে আরও জানা যায়, ক্যাটাগরি ২ বা মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা টোল, যার সংখ্যা ১ হাজার ৩৮০টি। ক্যাটাগরি-৩ বা ট্রাক (৬ চাকার বেশি) ৪০০ টাকা টোল, এ গাড়ির সংখ্যা ৪৯টি। আর ক্যাটাগরি ৪ বা সব ধরনের বাস (১৬ সিট বা তার বেশি) ১৬০ টাকা টোল, এসব গাড়ির সংখ্যা ৬ হাজার ১৪২টি। এক্সপ্রেসওয়ে দিয়ে গড়ে প্রতিদিন গাড়ি চলেছে ২৯ হাজার ৮৭৭টি। আর দৈনিক ২৪ লাখ ১৯ হাজার টাকার টোল আদায় হয়েছে।
এদিকে, গত ১৮ সেপ্টেম্বর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল শুরু হয়েছেঅ। তিনটি ডিপো থেকে বিআরটিসির আটটি বাস যাত্রী পরিবহন করছে। বাসগুলো উত্তরার জসীম উদ্দীন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে যাত্রীদের তুলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সরাসরি ফার্মগেট আসছে।
অন্যদিকে, ফার্মগেটে যাত্রী নামিয়ে মানিক মিয়া অ্যাভিনিউর খেজুরবাগান গোলচত্বর, খামারবাড়ি ও বিজয় সরণী থেকে বিমানবন্দর অভিমুখী যাত্রী নিচ্ছে বিশেষ এ বাস সার্ভিস।
খেজুরবাগান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত ১৫ কিলোমিটার যাত্রার জন্য ৩৫ টাকা এবং জসীম উদ্দীন রোড পর্যন্ত ১৭ কিলোমিটার যাত্রার জন্য ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে কিলোমিটার প্রতি ভাড়া পড়ছে ২ টাকা ৪৫ পয়সা। আপাতত এসব বিআরটিসির বাসকে টোল দিতে হচ্ছে না। টোল দেওয়া শুরু হলে টোলের খরচ যোগ করে বাস ভাড়া নতুন নির্ধারণ করা হবে। এক্সপ্রেসওয়েতে বাসের টোল ১৬০ টাকা।











































