Home আঞ্চলিক প্রতিষ্ঠার ৩৩ বছর পরও তীব্র আবাসন সংকটে খুবি

প্রতিষ্ঠার ৩৩ বছর পরও তীব্র আবাসন সংকটে খুবি

64

 

ইয়াসিন আহমেদ জীবু।।

তীব্র আবাসন সংকটে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, ও নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর বিপরীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ টি হলে সীট সংখ্যা ২ হাজার ৪’শ ৮২ টি। অর্থাৎ আবাসনের সুবিধা পান মাত্র ৩৩ শতাংশ ছাত্রছাত্রী। মানবেতর এ জীবন থেকে অতিসত্বর নিরসনের দাবী শিক্ষার্থীদের।

খুবির নূর-আলম, ভবিষ্যতে শিক্ষক হবার স্বপ্ন বুনছেন ৬ ফিট বাই ৯ ফিটের সরু রান্নাঘরে। কম খরচের আশায় ২ রুমের ১ টি ফ্লাটে থাকেন ৯ জন বন্ধু। তাদের মাঝেও আরেকটু খরচ কমাতে নূর-আলম বেছে নিয়েছেন ফ্লাটের সরু রান্নাঘরটি। মৃত বাবা আর গৃহিনী মায়ের এই সন্তান পড়ালেখা করছেন বৃত্তি আর প্রাবাসী ভাইয়ের অর্থনৈতিক সাহায্যে। হলে সীট না পেয়ে লড়ে চলেছেন খাদ্য, বিদ্যুৎ আর স্বাস্থ্য ঝুঁকির সাথে।

দৈনিক খুলনাঞ্চলকে নূর-আলম বলেন, দেখতেই পাচ্ছেন একটু কম খরচের আশায় আমি কোথায় বাস করছি। সিংক আর পানির নলের কিচেনে থেকে মাসে যে ভাড়া দিতে হয় তা দিয়ে আমি হলে ছয় মাস থাকতে পারতাম। তাছাড়া এই মেস গুলোতে নিরাপত্তা ব্যবস্থাও ভালো না। কিছুদিন আগে আমার একটি ট্যাব আর আমার বন্ধুর ল্যাপটপ চুরি হয়েছে। যদি হলে সীট পেয়ে যেতাম আমার খুব উপকার হতো, এমন জরাজীর্ণ জীবনযাপন করতে হতো না।

নূর-আলমের মতোই মেস-বাসায় প্রতিনিয়ত লোডশেডিং, পানির সংকট আর নিম্নমানের পরিবেশে মানবেতর জীবনযাপন করছেন হলের সীট বঞ্চিত শিক্ষার্থীরা। বহিরাগতদের সাথে জড়িয়ে পড়ছেন ঝগড়া বিবাদ ও নানাবিধ অপকর্মে। একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ক্যাম্পাসের আশেপাশের বাসা গুলোতে দিতে হয় অতিরিক্ত ভাড়া। এক কক্ষের বাসায় গড়ে ভাড়া গুনতে তিন হাজার থেকে ৪ হাজার পাঁচশত টাকা পর্যন্ত। আবার হলে না থেকেও প্রতি ছয় মাসে হল উন্নয়ন ফি বাবদ দিতে হয় প্রায় ৬’শত টাকা। আর যারা হলে থাকেন তারা দেন ১২’শত টাকা করে।

এদিকে ক্যাম্পাস থেকে দূর-দূরান্তে থাকা নারী শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা। দুশ্চিন্তায় ভোগেন তাদের পরিবার। প্রথম বর্ষের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ক্যাম্পাসের খুব কাছাকাছি কোনো বাসা না পাওয়ায় তাদের থাকতে হচ্ছে ক্যাম্পাস থেকে বেশ দূরে। কেও কেও থাকছেন নগরীর সোনাডাঙ্গা, বয়রা, রুপসা ও নিরালার দিকে। বাসা থেকে খাবার হোটেল বেশ দূরে হওয়ায় রাত বেরাত খাবার আনতে সমস্যায় ভুগছেন তারা। মাঝে মধ্যেই শিকার হন বখাটেদের বাজে মন্তব্যের।

ছাত্র বিষয়ক পরিচালক, ড. শরিফ হাসান লিমন বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসনের প্রতিষ্ঠান নয়। তাই এই দায়িত্ব কোনোভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তায় না যে সকলের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারপরও প্রশাসন চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া, নতুন স্থাপনা নির্মাণের ভূমি সংকটে ভুগছে খুবি। জমি পেতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গ্রীন সিগনালের অপেক্ষায় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন একটি হল নির্মাণের প্রসেসও চলমান আছে। আশা করা যায় খুব দ্রুতই আবাসন সংকট কিছুটা নিরসন করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য খান জাহান আলী হলে সীট সংখ্যা ৪ শত চারটি, খান বাহাদুর আহ্ছানউল্লা হলে ৩ শত ৮৪ টি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৫ শত ৭৬ টি সীট আছে। আর নারী শিক্ষার্থীদের জন্য অপরাজিতা হলে ৫ শত ৭৬ টি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে সীট সংখ্যা ৪ শত ৩২ টি।