Home খেলাধুলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারেন যে ৬ বোলার

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারেন যে ৬ বোলার

72

স্পোর্টস ডেস্ক।।

দুয়ারে কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে উত্তেজনা এখন সব অঙ্গনে। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি কারা হতে পারেন—এমন ছয়জনের তালিকা করেছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ‘উইজডেন’।

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে শীর্ষ উইকেট শিকারির তিনজনের দুজনই ছিলেন পেস বোলার। এবারের আসরেও পেস বোলারদের আধিপত্য থাকবে বলে সংবাদমাধ্যমটির বিশ্লেষণে উঠে এসেছে।

কুলদীপ যাদপ, ভারত

চোট আর ফর্মহীনতার কারণে বহুদিন দলের বাইরে ছিলেন কুলদীপ। ফিরে এসেই দুর্দান্ত ছন্দে দেখা যায় তাকে। বোলিং স্টাইলেও এনেছেন বেশ পরিবর্তন। ইদানিং তাকে আগের থেকেও দ্রুত বল ছুড়তে দেখা গেছে। এ কারণে তার বোলিং হয়েছে আরও ধারাল। নতুন স্টাইলে বল করে উইকেটের দেখা পাচ্ছেন খুব দ্রুত।

২০২৩ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি। শুধু তাই নয়, সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও দেখিয়েছেন নিজের বোলিং কারিশমা। টুর্নামেণ্টে সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে তিনি এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কারও। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপেও হতে পারেন ভারতের বোলিং লাইনের ‘ট্রাম্পকার্ড’।

শাহিন আফ্রিদি, পাকিস্তান

২০১৯ বিশ্বকাপের সময়টাতে ছিলেন একেবারেই তরুণ। মাত্র ৫ ম্যাচ খেলেই বুঝিয়ে দিয়েছেন আগামী বিশ্বকাপে রাজ করতে আসছেন পাকিস্তানি এই পেস বোলার। প্রথম বিশ্বকাপেই নিয়েছেন ১৬ উইকেট। বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। ৪ বছর পর পাকিস্তানের বোলিং লাইনের ‘প্রধান কান্ডারি’ এখন তিনিই। তার বোলিংয়ে রয়েছে নানা বৈচিত্র।

ম্যাচের শুরুতেই উইকেট তুলে নেওয়ার কাজটা বেশ ভালোভাবেই করতে পারেন শাহীন। এশিয়া কাপে ভারতের বিপক্ষে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আউট করে প্রশংসা কুড়িয়েছেন বাঁহাতি এই বোলার। এবার বিশ্বকাপেও তার ওপর আস্থা পাকিস্তানের। ডেল স্টেইনের মতো সাবেক বোলারদের মতে, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তাকেই দেখা যেতে পারে।

মিশেল স্টার্ক, অস্ট্রেলিয়া

বিশ্বকাপে বোলারদের আলোচনায় স্টার্কের কথা না উঠলে সেটি যেন পূর্ণ হয় না। পরপর দুটি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ তিনবার ৫ উইকেট নেওয়ার বিরল রেকর্ড এখন পর্যন্ত তারই। এ বছর মাত্র চারটি ম্যাচ খেলেছেন। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে বুঝিয়ে দিয়েছেন এবারও দ্যুতি ছড়াতে প্রস্তুত ৩৪ বছর বয়সী এই বোলার। বয়সের হিসেবে এটাই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাই শেষটা বেশ ভালোভাবেই রাঙ্গাতে চান মিশেল স্টার্ক।

যশপ্রীত বুমরাহ, ভারত

ভারতের পেস বোলিংয়ের একমাত্র আস্থার নাম বুমরাহ। তার অনুপস্থিতি ভারতকে বেশ ভালোভাবেই ভোগায়। পিঠের ইনজুরির কারণে বহু দিন মাঠের বাইরে ছিলেন এই বোলার। বিশ্বকাপের আগে তার দলে ফিরে আসা ভারতের জন্য আশীর্বাদই বটে। দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরেই সেই চেনা রূপে দেখা গেছে তাকে। বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন বুমরাহ। তাই বিশ্বকাপেও তার ওপর প্রত্যাশা থাকবে দারুণ কিছু করার।

মোহাম্মদ সিরাজ, ভারত

সবশেষ এশিয়া কাপের ফাইনালে মাত্র ২১ রানে ৬ উইকেট নিয়ে শ্রীলংকাকে লজ্জায় ফেলে দিয়েছিলেন সিরাজ। বর্তমান আইসিসি ওয়ানডে র‍্য্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার এখন তিনিই। এ বছর ওয়ানডেতে পেস বোলারদের তালিকায়ে সর্বোচ্চ উইকেট শিকারির নাম মোহাম্মদ সিরাজ। এশিয়া কাপেও দেখিয়েছেন মনোমুগ্ধকর পারফর্মেন্স। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপেও আলো ছড়াতে পারেন ২৯ বছর বয়সী এই বোলার।

ট্রেণ্ট বোল্ট, নিউজিল্যান্ড

বিশ্বকাপ এলেই তার কথা মনে রাখতেই হবে। ২০১৫ বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বোল্ট। ২০১৯ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন দুর্দান্ত প্রতাপে। সাম্প্রতিক পারফর্মেন্সেও ধারাবাহিক ছন্দে তিনি। সবশেষ ইংল্যান্ড সিরিজেও ২ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। ৩৪ বছর বয়সী এই পেস বোলারের এবারই হতে পারে শেষ বিশ্বকাপ। তাই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটাও স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি।