Home খেলাধুলা ইংল্যান্ডের বিপক্ষে খেলবেননা লিটন,মূল একাদশে আসতে পারে পরিবর্তন

ইংল্যান্ডের বিপক্ষে খেলবেননা লিটন,মূল একাদশে আসতে পারে পরিবর্তন

58

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে ইংল্যান্ডের বিপক্ষে। আগামীকাল এই ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটার দিকে। এরই মধ্যে শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয় নিয়ে বেশ ফুরফুরে মিরাজবাহিনী। তবে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের একাদশে আসতে পারে বেশ পরিবর্তন।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটিতেই। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস বলছে, টাইগারদের ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আবহাওয়ার কথা চিন্তা না করে খেলার দিকেই বেশি মনোযোগ টিম ম্যানেজম্যান্টের। সেখানকার পরিস্থিতি অনুসারে তীব্র গরমের মাঝেই খেলতে হবে টাইগারদের। তাই দলে আসতে পারে বেশ কিছু পরিবর্তন।

বিশেষ করে ওপেনিংয়ে দুই পরিবর্তন এনেই মূল একাদশ সাজাবে কোচ হাথুরুসিংহে। শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন লিটন দাশ। প্রস্তুতি ম্যাচ হলেও বহু দিন পর তার ব্যাট হাসতে দেখে বেশ স্বস্তিতে তিনি। প্রথম ম্য্যচে দীর্ঘক্ষণ ব্যাটিং করায় ঘামে শরীর থেকে অতিরিক্ত পানি ঝরেছে তার। এ সময় লিটনের ‘মাসল ক্রাম্প’ বা পেশিতে টান পড়ে।

ইনজুরিমুক্ত রাখতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্রামে রাখা হতে পারে তাকে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও থাকতে পারেন বিশ্রামে। তারা দুজনসহ নিয়মিত ক্রিকেটারদের কেউ কেউ ইংলিশদের বিপক্ষে নাও খেলতে পারেন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। এ বিষয়ে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, ‘আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল। পরে ফুটবল অনুশীলনে হালকা চোট পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা নেই।’

উল্লেখ্য,আগামী ৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। প্রথম ম্যাচেই খেলা হবে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মাঝে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।