স্পোর্টস ডেস্ক।।
বিগত কয়েক বছর ধরে ভারতের অন্যতম স্পিনার যুজভেন্দ্র চাহাল। আইপিএলেও তিনি সমান পারদর্শী। তবে বিশ্বকাপ এলে যেন নির্বাচকরা তার থেকে মুখ ঘুরিয়ে নেন। আবার কখনো সুযোগ হলেও একাদশে থাকা হয় না। এবারও সেরা সময়ে ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন এই ডানহাতি লেগি। বাদ পড়ে আফসোসের চেয়ে ‘অভ্যস্ত’ শব্দটাই বেশি ব্যবহার করলেন চাহাল।
এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো পারফরম্যান্স করেও সুযোগ পাননি। আর গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও, একটিও ম্যাচেও তাকে মাঠে নামানো হয়নি। এবার ঘরের মাঠের বিশ্বকাপে জায়গা হলো না।
ক্ষোভ প্রকাশ করে চাহাল বলেন, ‘আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে সেটা নিয়ে ভাবলে তো চলবে না। এগিয়ে যেতেই হবে। সত্যি বলতে এই সব ব্যাপারগুলো আমার সয়ে গেছে! আর তাই ঘরে না বসে থেকে কাউন্টি খেলতে চলে এলাম। কারণ ক্রিকেট খেলাই আমার একমাত্র লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘এটা তো বিশ্বকাপ। ১৫ জনের বেশি তো দলে নেওয়া যায় না। তাই বাদ গেলাম। আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে তিনটি আইসিসি ইভেন্ট চোখের সামনে থেকে চলে গেল।’











































