মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় একটি গ্যাসের জাহাজের নিচের (বাহিরের তলার) অবস্থার সার্বিক পর্যবেক্ষণে গিয়ে ওই জাহাজেরই গ্রিজার (ইন্জিন পরিস্কার) মোঃ জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থায়ী বন্দর শিল্প এলাকার ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে থাকা গ্যাসের জাহাজ পর্যবেক্ষণে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাবের আহমেদ ওই জাহাজে গ্রিজার (জাহাজের ইঞ্জিন পরিস্কারক) পদে ২০২২ সালের ১জুলাই থেকে কর্মরত ছিলেন। সে সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তুরান মিয়ার ছেলে। নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কোস্ট গার্ড।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট মুনতাসির জানান, মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপননকারী প্রতিষ্ঠান ‘ডেল্টা এলপিজি লিমিটেডে’র জেটিতে এলপিজি লোড করতে আসে ওই প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ ‘এমটি ডেলটা-০১’ জাহাজ। ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ওই জাহাজটির নিচের অংশের সার্বিক অবস্থার পর্যবেক্ষণের সময় অসাবধানতা বশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের আহমেদ। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করা হলে তাকে না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ হতে মোংলা কোস্ট গার্ডের ডুবুরি দলকে খবর দেয়া হয়। রাত ভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার (২৭সেপ্টেম্বর) সকাল থেকে আবারো কোস্ট গার্ডের স্পেশাল ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেছেন বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির।











































