খবর বিজ্ঞপ্তি।।
বর্তমান সরকারের ব্যর্থতা জনগণকে জানানো এবং অবিলম্বে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচির সফল করায় খুলনাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা বিএনপি। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেল’র সদস্য সচিব মিজানুর রহমান মিলটন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রদত্ত বিজ্ঞপ্তিতে খুলনাবাসি, বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে রোডমার্চ শেষে সমাবেশে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ নিয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন। এছাড়া প্রখর রোদ সহ্য করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সমাবেশস্থলে উপস্থিত থাকায় খুলনা বিএনপি খুলনাবাসীসহ দলীয় নেতাকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ। সমাবেশে জনস্রোতে প্রমাণ করেছে খুলনার মাটি বিএনপির ঘাঁটি। খুলনার মানুষ প্রমাণ করে দিয়েছেন, তাঁরা আর এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় আর দেখতে চায় না। আগামী দিনেও বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে খুলনাবাসী বিএনপির সঙ্গে থাকবে বলে বিএনপির নেতারা বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ একই সাথে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল কারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।











































