Home জাতীয় বায়ুদূষণে সাড়ে ৬ বছর আয়ু কমছে বাংলাদেশিদের

বায়ুদূষণে সাড়ে ৬ বছর আয়ু কমছে বাংলাদেশিদের

63

ঢাকা অফিস।।

এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩ প্রতিবেদন অনুযায়ী বায়ুদূষণের কারণে বিশ্বের সব মানুষের গড় আয়ু ২ বছর ৪ মাস কমছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একজন নাগরিকের গড় আয়ু কমছে ৬ বছর ৮ মাস। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ সংগঠনটির যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট থেকে প্রকাশিত বায়ুদূষণ বিষয়ক বৈশ্বিক প্রতিবেদন ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স ২০২৩’-এ এসব তথ্য উঠেছে বলে জানায় বাপা।

লিখিত বক্তব্যে আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল ২০২১ সালে আউটডোর এবং জরুরি বিভাগ মিলিয়ে ২ লাখ ১০ হাজার রোগী চিকিৎসাধীন ছিলেন। ৭ বছর আগে এই সংখ্যা ছিল মাত্র ৮৫ হাজার। রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের হিসাবে দেখা গেছে, গত বছরের জুলাই মাসে হাসপাতালে ভর্তি, আউটডোর ও জরুরি বিভাগ মিলে রোগীর সংখ্যা ছিল ১২ হাজারের কিছু বেশি। এবারের (২০২৩) জুলাইয়ে সে সংখ্যা ১৪ হাজার পার হয়েছে।

আয়ুষ্কালের দিক থেকে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা, দূষণ বাংলাদেশে মানবস্বাস্থ্যের জন্য দ্বিতীয় বৃহত্তম হুমকি বলে জানিয়েছে কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, সিসাদূষণের ফলে বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হচ্ছেন ১ লাখ ৩৮ হাজারও বেশি মানুষ। একই কারণে শিশুদের আইকিউ কমে যাচ্ছে এবং ফলে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ার ঝুঁঁকি বাড়ছে।

বায়ুদূষণের কারণ উল্লেখ করে তিনি জানান, বায়ুদূষণের কারণগুলোর মধ্যে প্রাকৃতিক ও আবহাওয়াজনিত কারণ, নগর পরিকল্পনায় ঘাটতি, আইনের দুর্বলতা, আইন প্রয়োগের সীমাবদ্ধতা, ভৌগোলিক কারণ এবং জনসংখ্যার ঘনত্ব অন্যতম।

ক্যাপসের গবেষণা থেকে পাওয়া যায় যে রাস্তা খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ থেকে ৩০ শতাংশ, ইটভাটা ও শিল্পকারখানা থেকে ২৯ শতাংশ, যানবাহন থেকে ১৫ শতাংশ, আন্তঃদেশীয় বায়ুদূষণ থেকে ৬.৫ শতাংশ, গৃহস্থালি বা রান্নার চুলা থেকে ৮ দশমিক ৫ শতাংশ এবং বর্জ্য পোড়ানো থেকে ৮ শতাংশ বায়ুর দূষণ ঘটে।

দেশের মধ্যে বিভিন্ন জেলার বায়ুরমানের মধ্যে পার্থক্য তুলে ধরে কামরুজ্জামান বলেন, গাজীপুর জেলার বাতাসে অতিসূক্ষ্ম বস্তুকণা যার ব্যাস সাধারণত ২ দশমিক ৫ মাইক্রোমিটার বা এর চেয়ে ছোট (পিএম ২.৫) হলে প্রতি ঘনমিটারে ৮৯.৮ মাইক্রোগ্রাম পাওয়া যায়। এই মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানমাত্রার (অর্থাৎ ৫ মাইক্রোগ্রাম) চেয়ে ১৮ গুণ বেশি এবং নির্ধারিত (বার্ষিক) মানমাত্রার চেয়ে ৬ গুণ বেশি। সবচেয়ে কম দূষিত জেলা সিলেট শহর। যার প্রতি ঘনমিটারে ৪৮ দশমিক ৫ মাইক্রোগ্রাম এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানমাত্রার চেয়ে ৯ দশমিক ৭ গুণ বেশি এবং বাংলাদেশের নির্ধারিত জাতীয় আদর্শ (বার্ষিক) মানমাত্রার চেয়ে ৩ দশমিক ২৩ গুণ বেশি।

সংবাদ সম্মেলনে স্থপতি ইকবাল হাবিব ক্ষোভ প্রকাশ করে বলেন, বায়ুদূষণের কারণে ৩০ থেকে ৩৫ শতাংশ নাগরিক শ্বাস-প্রশ্বাস নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলছে। এটা সারাদেশে ভয়াবহ অবস্থা তৈরি করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ব্যাপারে সরকারকে অঙ্গীকার করতে হবে।

বায়ুমান উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপও তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি অধ্যাপক এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর প্রমুখ।