Home খেলাধুলা শ্রীলংকার বিশ্বকাপ দল ঘোষণা, নেই হাসারাঙ্গা

শ্রীলংকার বিশ্বকাপ দল ঘোষণা, নেই হাসারাঙ্গা

70

স্পোর্টস ডেস্ক।।

সর্বশেষ লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) ফর্মের তুঙ্গে ছিলেন দেশটির অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাট কিংবা বল; দুই বিভাগেই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। তবে এশিয়া কাপের আগেই চোটে পড়েন। সেই চোট সেরে ওঠার প্রক্রিয়ার সময় আবারও চোটে পড়েন তিনি। তাই তাকে ছাড়াই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা।

মূলত, হাসারাঙ্গার চোটের কারণেই দল ঘোষণা করতে দেরি করেছে শ্রীলংকা। তবে তার সেরে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগতে পারে। প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারেরও। তাই, শেষ পর্যন্ত তাকে ছাড়াই ভারত যাচ্ছে লংকান দল।

 

চোটের কারণে খেলতে পারছেন না লংকানদের মূল পেসার দুশমন্থ চামিরাও। তবে ফিরেছেন দলের অন্য দুই পেসার লাহিরু কুমারা এবং দিলশান মাদুশঙ্কা। অধিনায়ক হিসেবে দাসুন শানাকা থাকবেন না এমন গুঞ্জন থাকলেও সেটি আর হয়নি। তার নেতৃত্বেই বিশ্বকাপ অভিযানে নামবে এই দ্বীপদেশটি।

 

বিশ্বকাপের জন্য শ্রীলংকার দল

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ–অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, মহেশ তিকশানা, দুনিথ ভেল্লালাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।