Home আন্তর্জাতিক বিমানের ভিতরে বাস করেন যারা

বিমানের ভিতরে বাস করেন যারা

53

ডেস্ক রিপোর্ট।।

অগ্নি দুর্ঘটনায় নিজের বাড়ি হারিয়েছিলেন জো অ্যান ইউসারি। এরপরই তার মাথায় একটি অদ্ভুত বুদ্ধি চেপে বসে। ইউসারি সিদ্ধান্ত নেন এখন থেকে তিনি একটি বিমানে বাস করবেন। এ জন্য একটি পুরানো বোয়িং ৭২৭ কিনে আনেন তিনি। এরপর তার নিজের জমিতে সেটিকে সুন্দর করে স্থাপন করেন। প্রায় ছয় মাস ধরে সেটিকে বাসযোগ্য করে তোলেন ইউসারি।

শেষ পর্যন্ত তিনি ওই পুরানো বিমানটিকে একটি আদর্শ বাড়িতে রূপ দিতে সক্ষম হন। সেখানে আছে ১৫০০ বর্গফুটেরও বেশি জায়গা। তিনটি বেডরুম, দুইটি বাথরুম এবং আছে হট টাবও! আর এতে তার খরচ হয়েছিল মাত্র ৩০ হাজার ডলার। ইউসারি মিসিসিপির বাসিন্দা এবং পেশায় তিনি একজন বিউটিশিয়ান। বিমানের সঙ্গে কোনও পেশাদার যোগাযোগ ছিল না তার।

 

মূলত তার এক আত্মীয়ের পরামর্শেই এভাবে থাকার সিদ্ধান্ত নেন তিনি।
এর আগে ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আরেকটি পরিত্যাক্ত বিমানে ছিলেন তিনি। তবে বিমানে বসবাসকারী প্রথম ব্যক্তি তিনি নন। কিন্তু তার এমন বিমানে বসবাস করার সিদ্ধান্ত অন্যদেরও অনুপ্রেরিত করেছে। ১৯৯০ এর দশকের শেষ দিকে ব্রুস ক্যাম্পবেল নামের এক পাইলট ইউসারির গল্প শুনে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আমি গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। আর এমন সময় রেডিওতে আমি ইউসারির গল্পটা শুনি। আমার সব ফোকাস তখন ওই গল্পের দিকে চলে গিয়েছিল।
ক্যাম্পবেল এখন তার নিজের প্লেনেই বাস করেন। এটিও একটি পুরানো বোয়িং ৭২৭। প্রায় ২০ বছর ধরে তিনি এই বিমানে থাকছেন। ওরেগনের হিলসবোরোর জঙ্গলে বিমানটিকে স্থাপন করে নিয়েছেন তিনি। ক্যাম্পবেল বলেন, আমি এখনও জো অ্যান ইউসারির কাছে কৃতজ্ঞ। আমার কোন অনুশোচনা নেই। আমি কখনই আর প্রচলিত পদ্ধতিতে তৈরি কোনো বাড়িতে থাকব না। কোন সম্ভাবনা নেই।
ক্যাম্পবেল ওই বিমানের পেছনে ২ লাখ ২০ হাজার ডলার খরচ করেছেন। এরমধ্যে অর্ধেক খরচ হয়েছে শুধু বিমানটি কিনতেই। ২০১৮ সালে জাপানেও এমন একটি বাড়ি স্থাপন করতে চেয়েছিলেন ক্যাম্পবেল। তিনি একটি পুরানো বোয়িং ৭৪৭ কিনতে চান। তবে একদম শেষ মুহূর্তে চুক্তিটি বাতিল করে দেয় এয়ারলাইনটি। ফলে তার এই পরিকল্পনা এখনও থেমে আছে। প্রায়শই দর্শনার্থীরা তার বাড়ি দেখতে আসেন। তিনি তাদেরকে বিনামূল্যে থাকার প্রস্তাবও দেন।