Home আঞ্চলিক রূপসায় মশা নিধনে নেই কোন সক্রিয় ভূমিকা; ডেঙ্গুর প্রভাব ভয়বহ

রূপসায় মশা নিধনে নেই কোন সক্রিয় ভূমিকা; ডেঙ্গুর প্রভাব ভয়বহ

149

 

মোস্তাফিজুর রহমান , রূপসা ।।

বিভিন্ন স্থানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রূপসাতেও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। এদিকে মশা নিধনে খুলনা সিটির পক্ষ থেকে মাঝেমধ্যে ফগার মেশিনের সাহায্যে ওষুধ ছিটানো হলেও উপজেলা রূপসার ৫টি ইউনিয়নে এ ধরনের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তার মধ্যে নৈহাটি ও আইচগাতী ইউনিয়নে বিভিন্ন শিল্প কলকারখানা থাকায় এই এলাকার জনবসতির ঘনত্ব অনেক বেশি ও ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিও রয়েছে বেশি ।
রূপসা উপজেলা খুলনার ৯টি উপজেলার মধ্যে ব্যাপক জনবহুল সম্বলিত একটি গুরুত্বপূর্ণ ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এ অঞ্চলের ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে মশা নিধনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। এমনকি জনসচেতনতামূলক কোনো কার্যক্রমও চালানো হচ্ছে না। এদিকে এডিস মশা নিধনে কোন পদক্ষেপ গ্রহণ বা ফগার মেশিনের সাহায্যে ওষুধ না ছিটানোর ফলে মশার উপদ্রব কমছে না। তাই গ্রামাঞ্চলে ওষুধ ছিটানো হচ্ছে না বলে স্বাস্থ্য ঝুঁকি আজ চরমে। যদি স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
ডেঙ্গু মশার উপদ্রব্যের ভয়াবহতা অনুভব করে রূপসা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ বলেন, মশাবাহিত এ রোগ থেকে বাঁচতে উপজেলাবাসীকে আশপাশের পরিবেশ পরিষ্কার- পরিচ্ছন্ন রাখা, বাসাবাড়ির ছাদ, আঙিনা পরিষ্কার রাখাসহ বিভিন্ন পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কোন ব্যবস্থাও নিতে দেখা যায়নি। রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে মশার যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। অথচ মশা নিধনে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি।
জনগণের ধারণা- মশা নিধনে কার্যকরী পদক্ষেপগুলো সরকারিভাবে গ্রহণ করলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখা সম্ভব হতো। কিন্তু সরকারিভাবে কোন চোখে পড়ার মতো পদক্ষেপ গ্রহণ না করায় রূপসায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবং একপর্যায়ে ভয়াবহ রূপ নিতে পারে এ আশঙ্কা এখন সকলের মাঝে বিরাজ করছে।
রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেয়ে দেখা যায়, মসুরি টাঙিয়ে বেডগুলোতে ডেঙ্গু রোগীরা রয়েছেন। গতকাল
২৬ সেপ্টেম্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডেঙ্গু রোগীর সংখ্যা- ২২ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মহিলা ইউনিটে ৩ নম্বর বেডে রিক্তা বেগম নামে ৩১ বছর বয়স্ক একজন মহিলার রোগী রয়েছে। তার সাথে কথা বলে জানা যায়, তিনি গত ২৫ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। রক্ত পরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে । এখানে এসে তিনি ভালো চিকিৎসা পারছেন। তবে স্যালাইন সংকটে তাদেরকে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। অপর একজন রোগী রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা ঝর্ণা বেগম। তার মেয়ে শিল্পী খাতুন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো থাকলেও স্যালাইনের সংকটে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোথাও নরমাল স্যালাইন মেলাতে পারছে না। পরবর্তীতে ডাক্তারদের জানালে তারা অল্টারনেট স্যালাইনের ব্যবস্থা করেন। তিনি আক্ষেপ করে জানান, আমরা গরিব মানুষ। চিকিৎসা সেবা ভালো থাকলেও রক্ত টেস্টের বেলায় অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। গত ২৫ তারিখ আমার মাকে যখন প্রথম ভর্তি করি তখন ডাক্তার রক্ত পরীক্ষা দিলে রূপসা প্যাথোলজি সেন্টারের মালিক মোঃ ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে সে আমাদের কাছ অনেক টাকা দাবি করে। পরবর্তীতে ৬০০ টাকা দিয়ে রক্ত পরীক্ষা করায় ইকবালের কাছ থেকে। কিন্তু টেস্টের রিপোর্টে যে ঠিকানা পাওয়া গেছে সেটি হচ্ছে ফকিরহাট উপজেলার একটি ডায়াগননিক সেন্টারের। ইকবাল এখানে তৃতীয় পক্ষ হয়ে কিছু টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবে প্রতিদিন প্যাথলজি টেস্ট করাতে অনেক টাকা ব্যয় করতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
ভুক্তভোগী সূত্রে আরো জানা যায়, এই ইকবালের মত আরো কিছু চক্র আছে। যারা প্যাথলজি সেন্টারের নামে রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের বিভিন্ন ধরনের প্যাথলজি টেস্ট করানোর জন্য টাকা-পয়সা নিয়ে অল্প খরচে অন্যত্র হতে প্যাথলজি টেস্ট করায়ে রোগীদের রিপোর্ট এনে দেয়। এর মাধ্যমে তারা তৃতীয় পক্ষ হয়ে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। ডেঙ্গু পরিস্থিতির সার্বিক বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. পিকিং সিকদার বলেন, গতকাল মঙ্গলবারে ডেঙ্গু আক্রান্ত রোগী ২২ জন। সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ পর্যন্ত রোগীর সংখ্যা ৮৬ জন। গত আগস্ট মাসে ছিল ৬৭ জন। এ বছর ২০২৩ সালে আজ পর্যন্ত রোগীর সংখ্যা ১৬৫ জন। তিনি আরো জানান, ২০২২ সালে রোগের সংখ্যা ছিল মাত্র ৫৬ জন । খুলনা জেলার ৯টি উপজেলার মধ্যে রূপসা উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি । আমাদের উপজেলায় ডেঙ্গুর ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে কি কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও হেলথ এসিস্ট্যান্ট (এইচএ) দের সমন্বয়ে ৩ মাস আগে থেকে জনসচেতনামূলক কার্যক্রম অব্যাহত রেখেছি। এবং আমরা নিয়মিত এ বিষয়ে মনিটরিং করছি। ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করার কোন উদ্যোগ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা উপজেলা প্রশাসনের কাছে সুপারিশ করেছি। তা বাস্তবায়ন করবে উপজেলা প্রশাসন।
উপজেলা সদরের টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ বলেন, এমপি আব্দুস সালাম মূর্শেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানের নির্দেশে সভা-সেমিনার করেছি। আমার পরিষদের সকল মেম্বাররা স্ব-স্ব ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা মূলক সভা করেছে। ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু নিধনের স্প্রে করেছেন কি’না জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বছর এখনো পর্যন্ত স্প্রে করিনি। তবে গত বছর আমাদের এমপি আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে ফগার মেশিন দিয়েছিলেন। তা দিয়ে আমরা ইউনিয়নের সর্বত্রেই স্প্রে করেছিলাম।