Home খেলাধুলা ফুটবলে ফেরার প্রস্তুতিতে মেয়েরা

ফুটবলে ফেরার প্রস্তুতিতে মেয়েরা

7

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ দেশের ঘরোয়া সব প্রতিযোগিতা। ১৭ মার্চ থেকে বন্ধ হয়ে যায় বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের অনুশীলন। মারিয়া মান্ডা, মনিকা চাকমা, কৃষ্ণা রানী, আঁখি খাতুনরা চলে গেছেন যে যার বাড়িতে। প্রায় চার মাস হতে চলল অনুশীলনে নেই মেয়েরা। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় তহুরা খাতুন-শামসুন্নাহারদের ফিটনেস লেভেলটা নেমে যাওয়ার কথা। তাই বাড়ির আঙিনায় যাতে অনুশীলন করেন নারী ফুটবলাররা সেই আহ্বান জানিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন।
তার ডাকে সাড়া দিয়ে ফিটনেস ধরে রাখার মিশনে নেমেছেন আনুচিং-আনাই মোগিনীরা। ফুটবলে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। করোনায় সবাই ঘরবন্দি। তাই আঁখি খাতুনদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখছেন কোচ ছোটন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ছাড়াও ফিটনেস ধরে রাখার পদ্ধতি বাতলে দিচ্ছেন তিনি। তবে মাঠের অনুশীলন আর ঘরে বসে ব্যায়াম এক কথা নয়। অতীতে দেখা গেছে মেয়েরা কয়েকদিন ছুটি কাটিয়ে বাড়ি থেকে ফিরলেই তাদের ফিটনেস লেভেল নেমে যেত। সেটা উল্লেখ করে কোচ ছোটন বলেন, ‘বাড়িতে ১৫ দিন থাকলেই সবার ফিটনেস লেভেল কমে যায়। সেখানে তিন মাস হতে চলল মেয়েরা অনুশীলনে নেই। ফিটনেস তো অবশ্যই কমেছে তাদের। আমি সবাইকে বলছি, বাড়ির যে উঠান আছে সেখানে ওয়ার্মআপ করতে, রানিং করতে এবং ব্যায়াম করতে। তাতে ফিটনেস লেভেল একটু ভালো থাকবে। আশা করছি, এ সমস্যা কেটে যাবে।’
কোচের এমন নির্দেশের পরই নেমে পড়েছেন মেয়েরা। খাগড়াছড়ি থেকে ওঠে আসা জাতীয় দলে খেলা দুই যমজ বোন আনুচিং ও আনাই মোগিনী গ্রামের বাড়ির মাঠে একসঙ্গে ফিটনেস চর্চা শুরু করে দিয়েছেন। ফরোয়ার্ড আনুচিং মোগিনী বলেন, ‘এতদিন আমরা স্বল্প পরিসরে অনুশীলন করে আসছিলাম। এখন বাফুফে সভাপতি ও কোচের নির্দেশের পর আরও ভালোভাবে অনুশীলন করছি। সকালে বাড়ির কাছের মাঠে গিয়ে ঘণ্টাখানেক অনুশীলন করছি, যাতে করে নিজেদের ফিটনেস ধরে রাখা যায়।’
দুই বোনের মতো অনুশীলন শুরু করে দিয়েছেন ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের চার ফুটবলার- শামসুন্নাহার সিনিয়র, সানজিদা আক্তার, সাজেদা আক্তার ও নাজমা আক্তার। শামসুন্নাহার বলেছেন, ‘আমরা চারজন সকালে কলসিন্দুর স্কুলের মাঠে অনুশীলন শুরু করেছি। রানিং ও জগিং করেছি। এছাড়া অন্য যারা ফুটবলার আছে, তারাও অনুশীলন শুরু করেছে।’
সেপ্টেম্বরের আগে মেয়েদের একসঙ্গে অনুশীলন করার সম্ভাবনা খুবই কম। এ বছরই বয়সভিত্তিক দুটি নারী সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। কিন্তু করোনার যে অবস্থা তাতে চলতি বছর মেয়েদের ফুটবল মাঠে গড়ায় কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান। বৈশ্বিক মহামারির কারণে স্থগিত হয়ে আছে নারী প্রিমিয়ার লীগ। তবে এখন থেকেই মেয়েদের প্রস্তুত থাকতে বলেছে বাফুফে।

সেভিয়ার মাঠে বার্সালোনার পরাজয়

ক্রীড়া প্রতিবেদক
শিরোপা ধরে রাখতে হলে এই সময়ে প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য। কারণ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে উল্টো পয়েন্ট বিসর্জন দিয়ে বসেছে কাতালানরা। সেভিয়ার মাঠে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে।
শুক্রবার দিবাগত রাতে অভিজ্ঞ দলই মাঠে নামিয়েছিলেন কোচ সেঁতিয়েন। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে ছিলেন চোট থেকে ফেরা অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেস। তবে মূল একাদশে ছিলেন না আঁতোয়া গ্রিজম্যান। ম্যাচের শুরু থেকেও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সা। কিন্তু ফল গড়ে দেওয়ার মতো সুবিধা আদায় করতে পারেনি তারা। প্রথমার্ধে মেসির ফ্রি-কিক সেভিয়ার গোলপোস্টে বাধা না পেলে এগিয়ে যেতে পারতো বার্সা। কাতালানদের অবশ্য সবচেয়ে বেশি হতাশ করেছে হুলেন লোপেতেগির শিষ্যদের জমাট রক্ষণভাগ।
২৩ জুন নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে অ্যাতলেটিক কাবের মুখোমুখি হবে বার্সা। তার আগে আজ রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচটিতে যদি লস ব্লাঙ্কোসরা জয় পায় তবে তারা ছুঁয়ে ফেলবে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট শীর্ষে থাকা কাতালানদের। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিনেদিন জিদানের দল। ৩০ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া। করোনাভাইরাসে খেলা বন্ধ থাকার সময় লিওনেল মেসি বলেছিলেন, এবারের মৌসুমে বার্সেলোনা যেভাবে খেলছে, তাতে শিরোপা জেতা যাবে না। খেলা মাঠে ফেরার পর জেরার্দ পিকে বললেন একই কথা। লা লিগার সবশেষ দুই রাউন্ডের খেলার পারফরম্যান্সের দিকে আঙুল তুলে বার্সেলোনা ডিফেন্ডার আশার আলো খুব একটা দেখতে পাচ্ছেন না। কোচ কিকে সেতিয়েন কিন্তু এখনও আশাবাদী।
শুক্রবার রাতে সেভিয়ার মাঠে বার্সা গোলশূন্য ড্র করায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের শীর্ষে ফেরার সুযোগ তৈরি হয়েছে। আজ রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলেই পয়েন্ট টেবিলের এক নম্বরে বসবে মাদ্রিদের কাবটি। সেতিয়েন অবশ্য আশা হারাচ্ছেন না। বার্সেলোনা যেমন পয়েন্ট হারিয়েছে, রিয়ালও কোনও না কোনও ম্যাচে পয়েন্ট হারাবে বলে তার বিশ্বাস। বার্সেলোনার এখনও বাকি ৮ ম্যাচ, রিয়ালের ৯ ম্যাচ।

ক্রিকেটার মাশরাফি-নাফিস ইকবাল-অপু করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, সাবেক ওপেনার নাফিস ইকবাল ও জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত হয়েছে।
ঢাকায় মাশরাফির করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পর এখন তিনি মিরপুরে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। তবে এই মুহূর্তে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। তিনি চট্টগ্রামে নিজ বাসাতে আইসোলেশনে আছেন। নাফিস ইকবাল এবং মাশরাফির পর এবার খবর আসে করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। তিনি নিজের বাসায়ই চিকিৎসা নিচ্ছেন।

বাফুফের নির্বাচন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘বাফুফের নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠি অপপ্রচার চালাচ্ছে। করোনাকালীন সময়ে বাফুফে তড়িঘড়ি করে নির্বাচন করতে চায় বলে ওই গোষ্ঠি মানুষকে বিভ্রান্ত করছে। এ অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। গত ২০ এপ্রিল সাধারণ সভা ও নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতির কারণে ফিফার অনুমোদনক্রমে বাফুফের নির্বাহী কমিটি জরুরি সভা করে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।’
এক ভিডিও বার্তায় আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘বাফুফে নির্বাচন সংক্রান্ত যে সিদ্ধান্ত নিয়েছে জরুরি সভায় এখনো সে অবস্থানেই আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সরকার ও ফিফাকে অবহিত করে বাফুফে কার্যনিবাহী কমিটি এজিএম ও নির্বাচনের বিষয়ে পূনরায় সিদ্ধান্ত নেবে।’ কয়েকদিন আগে ফিফা কর্তৃক বাফুফেকে দেয়া বার্তার প্রসঙ্গ উল্লেখ করে আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘১৫ জুন ফিফা চিঠি দিয়ে করোনাভাইরাস সংক্রান্ত আমাদের দেশের অবস্থা উন্নতি হওয়ার পর কোনো বিলম্ব না করে বাফুফের এজিএম ও নির্বাচন করতে বলেছে।’

জুনিয়র এশিয়া কাপ নিয়ে পরিকল্পনায় হকি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক
আগামী বছরের ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে জুনিয়র এশিয়া কাপ আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। পরিস্থিতি বিবেচনায় জাতীয় দল, জুনিয়র দল ও নারী দলের ক্যাম্প শুরুর কথাও রয়েছে। এছাড়া করোনায় খেলোয়াড়রা গৃহবন্দী থাকলেও, নিজেদের ক্যারিয়ারের কথা মাথায় রেখে যাতে ফিটনেসের ওপর গুরুত্ব দেয়। এমনটাই পরমার্শ সাজেদ আদেলের।
করোনার কারনে মাঠে হকি না থাকলেও এশিয়ান হকি ফেডারেশনের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে ফেডারেশন কর্তাদের। জুনিয়র এশিয়া কাপের নতুন তারিখ নিয়ে কদিন আগেই ফেডারেশনের কাছে একটি বার্তা পাঠায় এশিয়ান হকি ফেডারেশন। অবশ্য সেই মেইলের উত্তরও দেয় হকি ফেডারেশন। জুনিয়র এশিয়া কাপ আগামী বছরের ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে আয়োজন করার কথা জানিয়েছেন ফেডারেশনের সহ সভাপতি।

মারাত্মক ক্ষতির মুখে ঘরোয়া লিগের ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রভাবে মাঝপথে বাতিল হয়েছে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবল। এর ফলে অনেক ফুটবলার ভুগছেন আর্থিক সমস্যায়। অনেকেই আবার আছেন ফিটনেস সংক্রান্ত সমস্যায়। তাই সবকিছুর সমাধানে বাফুফের কাছে আগামী মৌসুমটা দ্রুত শুরু করার অনুরোধ জানিয়েছেন তারা।
করোনার গ্রাসে এলোমেলো হয়েছে দেশের ক্রীড়াঙ্গনের সূচী। এর প্রভাবে শুরুতে স্থগিত, পরে পুরোপুরি বাতিল করতে হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। পেশাদার লিগ কমিটির সিদ্ধান্তে গেল মে মাসের মাঝামাঝি এ সিদ্ধান্ত আসে। দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রিমিয়ার ফুটবল লিগ বাতিল হওয়ায় হতাশ ফুটবলাররা। কিন্তু পরিস্থিতি বিবেচনায় অপ্রিয় হলেও এটিই মেনে নিতে হয়েছে কাব এবং খেলোয়াড়দের। চলতি মৌসুমে মাঠে গড়িয়েছে হাতেগোনা কয়েকটি ম্যাচ। এরপরই স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় করে বন্ধ হয়ে যায়। চলতি মৌসুম বাতিল হওয়ায় নানা সমস্যার সম্মুখীন ফুটবলাররা। কেউ আছেন আর্থিক সংকটে, কেউবা ফিটনেস ঘাটতিতে। মাঠে ফিরতে ব্যাকুল হয়ে আছেন ফুটবলাররা। তাইতো আগামী মৌসুমটা একটু আগে আগেই শুরু করার অনুরোধ তাদের।

এবার সৌরভ গাংগুলির পরিবারে করোনার থাবা

ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসে থাবা এবার আঘাত হানল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান চেয়ারম্যান সৌরভ গাংগুলির পরিবারে। সবধরনের সতর্কতা মেনে চলার পরেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গাংগুলির পরিবারের তিন সদস্য।
যার হাত ধরে তার ক্রিকেটার হওয়ার হাতেখড়ি, সেই বড় ভাই স্নেহাশিষ, গাংগুলির স্ত্রী এবং শ্বশুর-শ্বাশুড়ি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তাদের বাড়িতে কাজ করা এক গৃহকর্মীও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাদের একটি নার্সিং হোমে নেয়া হয়েছে।’

ফেরার ম্যাচে হোঁচট খেল ম্যানইউ

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়ার আগে গত ১২মার্চ সবশেষ ম্যাচ খেলেছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের সেই ম্যাচে অস্ট্রেলিয়ান কাব লাস্ককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যান ইউ। এরপরই এলো অনাকাঙ্ক্ষিত বিরতি।
আর এতেই যেনো কমে গেল ম্যান ইউর খেলার ধার। করোনা বিরতি কাটিয়ে পুনরায় শুরু হয়েছে ইংল্যান্ডের ফুটবল। শুক্রবার রাতে করোনাকালে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে ম্যানইউ। যেখানে তারা হারাতে পারেনি টটেনহ্যাম হটস্পারকে। উল্টো পেনাল্টি গোলে কোনমতে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে ওলে সুলশারের দল।
এ ড্রয়ের ফলে টানা ১২ ম্যাচ অপরাজিত রইল ম্যানইউ। সবশেষ জানুয়ারিতে কোন ম্যাচ হেরেছিল তারা। লিগের ৩০ ম্যাচ শেষে ১২ জয় ও ১০ ড্রতে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে টুর্নামেন্টের অন্যতম সফল কাবটি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া টটেনহ্যামের সংগ্রহ ৪২।

চাইনিজ কোম্পানির চুক্তি বাতিল করবে আইপিএল

ক্রীড়া প্রতিবেদক
‘আইপিএলের সঙ্গে বিভিন্ন স্পন্সরশিপের’ চুক্তির পুনঃমূল্যায়ন নিয়ে আগামী সপ্তাহে এক আলোচনায় বসতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরিচালনা পর্ষদ। যার মধ্যে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে চাইনিজ প্রযুক্তি কোম্পানি ভিভো’র (ভিআইভিও) স্পন্সরশিপ নিয়ে।
মুলত সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে চীনের গালওয়ান উপত্যকায় সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে এই আলোচনায় বসতে যাচ্ছে আইপিএল। গত সপ্তাহে সীমান্ত নিয়ে সংঘর্ষে চীনের হাতে ২০ ভারতীয় সেনা নিহত হয়। এই সভায় ভিভো’র সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত আসতে পারে। ইতোমধ্যে ভারতে চাইনিজ পণ্য বর্জনেরও ডাক ওঠেছে।

ফ্রান্সে মাঠে দর্শক ফিরতে পারে ১১জুলাই

ক্রীড়া প্রতিবেদক
সমর্থকদের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। আগামী ১১ জুলাই থেকে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে দেশটির সরকার।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে দেশটিতে বন্ধ হয়ে যায় সব ধরনের খেলাধুলা। সংক্রমণের বিস্তার ঠেকাতে দেওয়া হয় লকডাউন। ধীরে ধীরে শনাক্তের হার কমতে থাকায় বিধিনিষেধও একটু একটু করে তুলতে শুরু করেছে দেশটি। তারই ধারাবাহিকতায় এবার মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলো। নিষেধাজ্ঞা উঠে গেলেও গতকাল শনিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ পাঁচ হাজার দর্শক পাবেন মাঠে প্রবেশের অনুমতি।
আগামী ২২ অগাস্টে নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। জুলাইয়ে গ্যালারি উন্মুক্ত করে দেওয়ার সরকারের এই সিদ্ধান্তে ফরাসি কাপ ও লিগ কাপের ফাইনাল দর্শক-সমর্থকদের উপস্থিতিতে হতে পারবে। এছাড়া প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচগুলোও তারা মাঠে এসে উপভোগ করার সুযোগ পাবেন।

বার্সার বিরুদ্ধে মামলায় নেইমারের হার

ক্রীড়া প্রতিবেদক
বার্সেলোনার বিরুদ্ধে বোনাস না দেওয়ার অভিযোগ তুলে যে মামলা করেছিলেন নেইমার, তা খারিজ করে দিয়েছে স্পেনের একটি আদালত। উল্টো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এখন গুণতে হবে অর্থ। ৬৭ লাখ ইউরো সাবেক কাবকে ফিরিয়ে দিতে তাকে আদেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে।
২০১৭ সালের অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি কাব পিএসজিতে যোগ দেন নেইমার। তার মাত্র নয় মাস আগে কাম্প নউয়ের দলটির সঙ্গে নতুন চুক্তি করেছিলেন তিনি। ওই চুক্তিতে তাকে ৪ কোটি ৩৬ লাখ ইউরো বোনাস দেওয়ার কথা ছিল উল্লেখ করে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করেন নেইমার। আইনি লড়াইয়ের মাঝেও গত বছর নেইমারকে কাম্প নউয়ে ফেরানোর জোর চেষ্টা চালিয়েছিল বার্সেলোনা। পুরনো ঠিকানায় ফিরতে মরিয়া নেইমার পিএসজির সঙ্গে অনুশীলন বন্ধ করে দিয়েছিলেন। তার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছিল লিগ ওয়ানের দলটির সমর্থকরা।

ধোনির ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় বোর্ড

ক্রীড়া প্রতিবেদক
সেই গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে আর দেখা যায়নি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তিনি অবসরও নেননি কিংবা আদৌ ক্রিকেটে ফিরবেন কিনা সেটাও জানাননি।
সারা বিশ্বের মতো ভারতেও এখন চলছে করোনাভাইরাসের দাপট। এবার জানা গেল, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই অনুশীলনে ফিরবে ভারতীয় দল। এখন নতুন জল্পনা হলো, সেই ক্যাম্পে কি মহেন্দ্র সিং ধোনি ডাক পাবেন নাকি তাকে বাদ দিয়েই এগিয়ে যাবে বোর্ড। ধোনিকে নিয়ে এবার একটাই চুড়ান্ত সিদ্ধান্ত আসতে চায় বিসিসিআই। বিসিসিআইয়ের সাবেক প্রধান নির্বাচক বলেছেন, ‘ধোনিকে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর পরিকল্পনা থাকে, তাহলে হয়তো তাকে অনুশীলনে ডাকবে বোর্ড। যদি দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি হয়, তাহলে ধোনিকে বাদ দিয়ে সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, লোকেশ রাহুলদের নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে। তবে আমি মনে করি, আবাসিক ক্যাম্পে ধোনিকে রাখলে উঠতি ক্রিকেটারদের সুবিধা হবে।’

মালিঙ্গাকে ছাড়া অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে ছাড়াই দ্বিতীয় দফায় আবাসিক অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামীকাল থেকে ক্যান্ডির পাল্লেকেল্লেতে শুরু হবে ২৪ ক্রিকেটারের আবাসিক অনুশীলন ক্যাম্প। শ্রীলঙ্কার প্রধান কোচ মিকি আর্থার বলেন, ‘করোনাভাইরাসের পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসার পর যাতে জাতীয় দল সেরা প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে পারে, সে জন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’এ মাসের শেষের দিকে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিলো শ্রীলঙ্কার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শ্রীলঙ্কা সফরে না যাবার সিদ্বান্ত নিয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কা সফরের কথা বাংলাদেশ দলের। কিন্তু বাংলাদেশ সফরও অনিশ্চিয়তার দোলাচলে দুলছে। সম্ভাবনা নেই বললেই চলে।
শ্রীলঙ্কা স্কোয়াড : দিমুথ করুনারতেœ, দিনেশ চান্ডিমাল, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা, দানুষ্কা গুনাতিলকা, কুশল পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়ে, ওসাদা ফার্নান্দো, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস ও ভানুকা রাজাপাকসে।

অবসরের কারণ জানালেন যুবরাজ সিং

ক্রীড়া প্রতিবেদক
তার ইচ্ছা ছিল জাতীয় দলে থাকা অবস্থায় মাঠ থেকে বিদায় নেবেন। কিন্তু সেই সৌভাগ্য সবার হয় না। ভারতের বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিংয়েরও হয়নি। গত ওয়ানডে বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়াকে হারানোর পরের দিনই অবসর ঘোষণা করে তিনি ক্রিকেটপ্রেমীদের মন ভেঙে দিয়েছিলেন। কিন্তু কেন ওই মুহূর্তে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন যুবরাজ? সম্প্রতি এক সাক্ষাতকারে সেই কারণ জানিয়েছেন তিনি।
যুবরাজের ভাষায়, ‘জীবন যখন গতিসর্বস্ব হয়ে ওঠে, তখন অনেক কিছুই বোঝা যায় না। আমি ২-৩ মাস বাড়িতে বসে ছিলাম। তখন আমার মনে হয়েছিল ক্রিকেট আমাকে আর মানসিক দিক থেকে সাহায্য করছে না। আমার কেবলই মনে হতো, কবে অবসর নেব। অবসর নেওয়া কি সত্যিই উচিত? তা হলে কি আমি অবসর নিয়েই ফেলব নাকি আরও একটা মৌসুম খেলব? এরপর ক্রিকেটকে বিদায় জানিয়ে জীবনকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই।’
ভারতের জাতীয় দলে তখন আর সুযোগ পেতেন না যুবরাজ। তাই তার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়েছিল। এখন তিনি আর ক্রিকেটকে মিস করেন না। কারণ হিসেবে যুবরাজ বলেছেন, অনেক বছর ক্রিকেট তিনি খেলেছেন। ক্রিকেট খেলার সময় ভালো করে রাতে ঘুমোতে পারতেন না। এখন রাতে তার ভালো ঘুম হয়। ক্রিকেটের জন্যই অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন। ভক্তরা তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সেই অনুভূতি বুকে নিয়েই তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।