মো:মোস্তাফিজুর রহমান,রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার বিভিন্ন হাট- বাজারে বর্তমানে প্রতি কেজি আলু ৫০ টাকা, পেয়াজ প্রতি কেজি ৮০-৯০ টাকা, ডিম প্রতি পিস ১৩-১৪ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত ১৪ সেপ্টেম্বর খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম খুচরা পর্যারে ৩৫-৩৬ টাকা , পেঁয়াজের দাম খুচরায় প্রতি কেজি ৬৪-৬৫ টাকা,প্রতি পিস ডিম ১২ টাকা বেঁধে দেওয়া হলেও বিক্রেতারা তা মানছে না। অর্থাৎ সরকারের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোক্তাদের পকেট কাটছেন ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা বলছেন,আমরা যেমন দামে কিনছি তার সাথে সমন্বয়ে রেখে বিক্রি করছি। সরবরাহ না বাড়ালে আলুর দাম কমানো সম্ভব নয়। আলুর দাম কমছে না বরং বাড়ছে। সরকার দাম নির্ধারণ করার পর দাম না কমে বরং দিন দিন বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন-অসাধু ব্যবসায়ীরা ৩০ টাকা কেজি আলু ২০ টাকা দাম বাড়িয়ে ৫০ টাকা করার পর সরকার ১৫ টাকা কমিয়েছে। আর প্রতি পিস ডিমে অতি মুনাফা রোধে ১২ টাকা নির্ধারণ করেছে। কিন্তু বাজারে কার্যকর নেই। সাম্প্রতিক সময় একাধিকবার একাধিক পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিলেও তা কার্যকর সম্ভব হয়নি।
পূর্ব রূপসা বাজারে নিত্যপণ্য কিনতে আসা ওলিয়ার রহমান মাস্টার বলেন, সরকারের মন্ত্রীরা এসি রুমে বসে পণ্যের দাম নির্ধারণ করেন। বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হয়। কিন্তু বাজারে এর কোনো প্রভাব পড়ে না। যারা বিষয়টি দেখবে তারাও টিনের চশমা পরে বসে আছেন। আর আমরা ভোক্তারা অসহায়ের মতো বাড়তি টাকা ব্যয় করতে করতে শেষ হয়ে যাচ্ছি।
একই বাজারের বিক্রেতা আলমগীর বলেন, সরকার পণ্যের দাম নির্ধারণ করে দায়িত্ব শেষ করে বসে থাকে। পাইকারি বাজারে দাম না কমালে আমরা খুচরা বিক্রেতারা কি করে দাম কমিয়ে বিক্রি করব। কিন্তু দেখা যায়, যারা দাম বাড়ায় তাদের না ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের মত ৪র্থ পর্যায়ের ছোট ব্যবসায়ীদের ূ জরিমানা করে। এছাড়া ক্রেতারাও আমাদের গালাগাল করেন। সব মিলে আমরাও অসহায়।পূর্ব -রূপসা
বাজারের পেঁয়াজের ব্যবসায়ী মোঃ জাহিদ বলেন, আমদানিকারকরা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করেন। তারা দাম বাড়ালে সারা দেশে বেড়ে যায়। আর কমালে দাম কমে। তাই সেখানে অভিযান পরিচালনা করা দরকার।
ডিম ব্যবসায়ী মনির বলেন, ফার্মের মালিকরা ডিমের দাম বাড়িয়েছে। তারা না কোমালে আমরা কম দামে কিভাবে বিক্রি করব? সরবরাহকারীরা আমাদের যে দামে দেয় আমরা তার থেকে কিছু লাভে বিক্রি করি। তাছারা কারা ডিমের বাজার অস্থির করেছে তা সরকার জানে। এসএমএসের মাধ্যমে কারা বাজার নিয়ন্ত্রণ করে তা সরকারি সংস্থাও জানে। তাদের রুখতে পারলে সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি করা যাবে।
রূপসায় সরকার নির্ধারিত দামে মিলছে না ভোজ্যতেল, পেঁয়াজ, ডিম ও আলু। অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। ভোজ্যতেল ৫ টাকা কমানো হলেও রূপসায় এর প্রভাব নেই। আগের মতোই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল। কোথাও কোথাও দাম কমার বদলে বেড়েছে। প্যাকেটজাত সয়াবিন তেল ১৬৯ টাকা বিক্রি হওয়ার কথা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। সব ধরনের ভোজ্যতেল সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি চ্ছে। ভোক্তাদের অভিযোগ বাজার তদারকির অভাবে সরকার নির্ধারিত মূল্যে ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করছেন না। প্রতি কেজি ভালোমানের ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা। তবে কিছু নিম্নমানের পেঁয়াজ সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। ডিমও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৬ থেকে ১৬২ টাকায়। অথচ ডিমের সরকার নির্ধারিত দাম প্রতি ডজন ১৪৪ টাকা।
রূপসা উপজেলা হাটবাজার সমন্বিত ব্যবসায়ী সমিতির আহবায়ক মোঃ জুলফিকার আলী বলেন, সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরের দিনই আমরা প্রশাসনের সমন্বয়ে রূপসার প্রতিটি বাজারের নেতৃবৃন্দদের ডেকে মিটিং করেছি। তাদেরকে সরকারি আদেশের কপি দেওয়া হয়েছে। এবং বলে দেওয়া হয়েছে এই নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে হবে। এর বেশি দামে বিক্রি করলে তার দায়ভার ওই ব্যবসায়ীকেই নিতে হবে।পণ্যের দাম একটু কমেছে। আমরা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত মনিটরিং চালিয়ে যাচ্ছি। আশা করছি অচিরেই সরকার নির্ধারিত দামে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবে। রপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান বলেন আলু পিয়াজ ও ডিমের দাম সরকার নির্ধারণ করে দেয়ার সাথে সাথে আমরা বাজারগুলোর কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছি। তাদেরকে নির্ধারিত দামে পণ্য বিক্রি করার নির্দেশ দিয়েছি। আমরা নিয়মিত বাজারগুলো মনিটরিং করছি। বাজারে অভিযান করার সময় আমরা খুচরা বিক্রেতারা যে দামে মাল কিনেছে তাদের ক্রয়কৃত মালের মেমো চেক করছি। এ থেকে দেখা যাচ্ছে পাইকারি বাজারে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে। যার প্রভাব খুচরা বাজারে রয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা জেলা পর্যায়ে সমন্বয় করছি। যাতে করে পাইকারি বাজারগুলোতে পণ্যের দাম কমানো হয়। তাহলে আমরা রূপসার খুচরা বাজারে সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করাতে সক্ষম হব।











































