Home আঞ্চলিক খুলনার দিঘলিয়া উপজেলা : হাত বাড়ালেই মেলে মাদক, বেড়েছে চুরি

খুলনার দিঘলিয়া উপজেলা : হাত বাড়ালেই মেলে মাদক, বেড়েছে চুরি

316

স্টাফ রির্পোটার।।
খুলনার দিঘলিয়া উপজেলায় ইদানিং মাদকের সহজলভ্যতা তৈরি হয়েছে। যেণ হাত বাড়ালেই মিলে যাচ্ছে মরণনেশা’র অন্যতম উপাদান মাদক। পুরো উপজেলা মাদক সিন্ডিকেটের দখলে থাকলেও পুলিশের নিরবতায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে, মাদকের অর্থ জোগাড় করতে হাল সময়ে উপজেলায় চুরির ঘটনা উদ্বেগজনকহারে বেড়েছে। মাদকসক্তরা চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। গত কয়েক মাসে উপজেলায় প্রায় অর্ধশত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাদ যায়নি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্টান ও মসজিদের ইমামের বাড়িও। তবে এখন চোর আতঙ্কে গ্রামবাসী রাত জেগে বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছে। পুলিশ চোরের বাড়ি থেকে চুরি করা মাল উদ্ধারের পর চোরের নামে মামলা বা মালামাল উদ্ধারেও রহস্যময় আচরণ করছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, দিঘলিয়ায় মাদকাসক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। উপজেলার প্রতিটি এলাকায় বিক্রি হচ্ছে গাজা, ইয়াবাসহ সকল প্রকার মাদক। গত ১৪ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে উপজেলার চন্দনীমহল ভুইয়া পাড়া এলাকার বিখ্যাত চোর মন্টুর বাড়ি থেকে তামা, এলুমিনিয়াম,ইলেকট্রনিক তার উদ্ধার করা হয়। এস আই তারেক আহমেদ থানায় নিয়ে যাওয়ার পর রহস্যজনক কারণে এ বিষয়ে আর কোন অগ্রগতি দেখা যায়নি। বাড়ছে নানা মাত্রার অপরাধ। যুবক- থেকে শুর করে কিশোর-কিশোরীরাও মাদকাসক্ত হয়ে ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে। মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর অপরাধীরা। দিঘলিয়া উপজেলায় বাড়ছে মাদকাসক্তদের সংখ্যা। বিশেষ করে মাদকাসক্ত কিশোরেরাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। মাদকের কারণেই সমাজের উচ্চ ও নিম্নবিত্ত পরিবারের কিশোররা জড়িয়ে পড়ছে নানা মাত্রার অপরাধে। মাদকের সহজলভ্যতায় অধিকহারে বিপথগামী হচ্ছে উঠতি বয়সী কিশোরেরা। মাদকের টাকা জোগাড় করতে মাদকাসক্তরা চুরিতে জড়িয়ে পড়ছে। উপজেলার আশপাশ এলাকায় ৫০টিরও বেশি স্থানে মাদক কেনাবেচা হয়। গ্রাম, পাড়া, বাজার থেকে শুরু করে অলি গলিতেও হাত বাড়ালেই মিলছে মাদক। ‘বাবা’ নামে সুপরিচিত ইয়াবাসেবীর সংখ্যাই সবচেয়ে বেশি। সন্ধ্যার পর উপজেলার প্রায় সব এলাকায় মাদকসেবীর পদচারণা চোখে পড়ে।নেশাগ্রস্ত হয়ে এলাকায় চলাফেরা করে থাকে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে মাত্র অভিযান পরিচালনা করে। মোট মাদকসেবী ও মাদক বিক্রেতার মাত্র ২ শতাংশ আটক হয়ে থাকে বলে জানা গেছে।
এলাকার অনেকেই জানান, মাদকের কারণে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে চুরির ঘটনা। প্রতি রাতেই বিভিন্ন বাড়িতে ঘরের গ্রিল কেটে চুরি হচ্ছে । নগদ টাকা, স্বর্ণ, টিউবওয়েলের মাথা, মোবাইল, রড, ইজবাইক ও ভ্যানের ব্যাটারি, বিদ্যুৎ ও টেলিফোনের তার এবং বিভিন্ন বাসাবাড়ির আঙিনায় রাখা জিনিসপত্র। মাদকসেবীরা টাকা জোগাড় করতে এসব চুরি করছে।আগে মাদক সেবীরা টাকার জন্য নিজ পরিবারের সদস্যদের সাথে বিবাদে জড়িত হলেও এখন তারা চুরিসহ বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়নার প্রায় ১২ ভরি স্বর্ণ, নগদ ৭০ হাজার টাকা চুরি হয়। ১১ সেপ্টেম্বর চোরেরা দিঘলিয়া মসজিদের ইমাম ইমদাদ উল্লার বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ইমামের স্ত্রী টের পেয়ে চোর চোর করে চিৎকার করলে চোর পালিয়ে যায়।
এর আগে গত ২৫ জুলাই রাতে দিঘলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদ মোড়লের বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ ৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের চেকসহ জরুরী কাগজ নিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ আর কোন খোজ খবর নেয়নি বলে শহিদ মোড়লের ছেলে তাসরিফ মোড়ল অভিযোগ করেন।
একইভাবে ২৪ জুলাই দিঘলিয়া সোনালী খেয়াগাট সংলগ্ন এলাকায় একই রাতে তিন বাড়িতে চুরি হয়। এর মধ্যে নুরজাহান বেগমের ঘরের গ্রিল কেটে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কান ছিড়ে ৯ আনা চেইন, ১টা কানের দুল ও নগদ ৪,৪০০ টাকা নিয়ে যায়।হাফিজা বেগম ঘরের গ্রিল কেটে ২ জোড়া কানের দুল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। আর জাহেদা বেগমের ঘরের দরজা ভেঙ্গে ১ জোড়া কানের দুল নিয়ে যায়।
৩০ জুন উপজেলার ঘোষঘাতী গ্রামের (কেবল ঘাট) মোহর আলীর বাড়ির গ্রিল কেটে ১৪ ভরি ৩ আনা স্বর্ণ, নগদ ১৬ হাজার টাকা নিয়ে চোরেরা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
১৪ আগষ্ট উত্তর দিঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গ্রিল কেটে ১টি ল্যাপটপ ও প্রজেক্টর চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক রুপা দে।
১৬ জুন পূর্ব বারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গ্রিল কেটে স্কুলের আলমারী ভেঙ্গে ১টি ল্যাপটপ, প্রজেক্টর ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানান প্রধান শিক্ষক জহুরুল হক।
দিঘলিয়া গ্রামের জহুর মোড়লের বাড়িতে ২০ সেপ্টেম্বর রাতে জানালার গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে।এ সময় বাড়ির লোকজন টের পেলে চোর পালিয়ে যায়। একই রাতে মহেশ^পুর গ্রামের ইয়াসমিন বেগম ও হাবিবের বাড়িতে হানা দেয় চোর। গ্রিল কাটার সময় দুই বাড়ির লোক টের পেলে চোর পালিয়ে যায়।
সেনহাটী নতুন পাড়ার রফিক ফকিরের বাড়ির ভেন্টেলিটার ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ অর্থসহ মোবাবাইল চুরি করে নিয়ে যায় চোরেরা। সেনহাটী গ্রামের অভিউজ্জামান শুভর বাড়ি থেকে চোরেরা মোবাইল নিয়ে যায়। মদিনা মসজিদ এলাকার সবুরের বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পানির মটর,গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য মালামাল নিয়ে যায় চোরেরা।
নুরজাহান বেগম এ প্রতিবেদককে বরেন, দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার বাসায় চুরি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । পুলিশ আমাকে বলে ফোন করলে থানায় যাবেন। পরে চোর ধরে আমাকে পুলিশ খবর দিলে আমি একজন চোরকে চিনতে পারি । তখন অভিযোগ করতে চাইলে পুলিশ পরে ফোন করে জানানোর কথা বললেও পরে আর ফোন দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার প্রতিবেদকে বলেন,মাদক ও চোরের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আমরা একাধিক চোরকে আটক করে আদালতে সোপর্দ করছি। উপজেলা বিভিন্ন এলাকায় টিম করে রাতে পাহারা দিচ্ছে গ্রামবাসী। এক চোরের কাছ থেকে দশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চুরির অভিযোগ না নেওয়ার বিষয়টি সে অস্বীকার করে এরকম কোন ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, গত শুক্রবার ভোর রাতে কেবল ঘাটে নদী পথে এক চোরকে আটক করেছি। গতকাল শনিবার আদালতে প্রেরণ কওে ৫ দিনের রিমান্ড আবেদন ও করছি। উপজেলা চারপাশে নদী হওয়ার কারণে চোররা নদী পথে এসে কাজ করে আবার নদী পথে চলে যায়।