মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিজিবি সাড়ে ২৩ কেজি ভারতীয় রুপার গহনাসহ দু’ মহিলাসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে। এসময় অপর দু’ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান (পিএসসি) শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনার বারাদী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ তৈরি রুপার গহনা পাচার করা হচ্ছে।৬ বিজিবির সহকারী পরিচালক মো: হায়দার আলী, বারাদী বিওপি কমান্ডার নাঃ সুবেদার মো: জাকির হোসেন এবং সুলতানপুর বিওপি কমান্ডার মো: দুলাল হক সঙ্গীয় টহল দল শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ৮০/৬-আর থেকে ২শ মিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের মো: ওয়াসিম বিশ্বাসের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযান পরিচালনা কালে বিজিবি সশস্ত্র টহল দল ওই ব্যক্তির বাড়ির ভেতর রক্ষিত ড্রেসিং টেবিলের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি গামছা দিয়ে বাধা পোটলা উদ্ধার করে। উদ্ধার পোটলার ভেতর থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো ২০টি প্যাকেট থেকে ২৩ কেজি ৪৭০ গ্রাম (২০১২ ভরি) ভারতীয় তৈরি রুপার গহনা জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। এসময় মৃত হায়দোর আলীর ছেলে ওয়াসিম বিশ্বাস (৩৮), স্ত্রী মোছাঃ রিমা খাতুন (২৭) ও তার মা মোছাঃ আরবী খাতুন (৫৫)কে আটক করে।এসময় বাড়ির ভিতরে থাকা অপর দুই কারবারি শিমুল বিশ্বাসের স্ত্রী মোছাঃ সোনিয়া (৩০) ও আনছার আলীর ছেলে আমানত (৩২) পালিয়ে যেতে সক্ষম হয়।এ ব্যাপারে বারাদী বিওপি কমান্ডার নাঃ সুবেদার মো: জাকির হোসেন রুপা চোরাকারবারিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছে। উদ্ধারকৃত রুপার রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি











































