Home Uncategorized খুলনায় পাচারকারীদের ভয়ঙ্কর ফাঁদ, ৬০ শতাংশ নারী বিক্রি হচ্ছে ভারতে

খুলনায় পাচারকারীদের ভয়ঙ্কর ফাঁদ, ৬০ শতাংশ নারী বিক্রি হচ্ছে ভারতে

84

খুলনাঞ্চল রিপোর্ট।।

উন্নত জীবনের আশায় উচ্চ বেতনের প্রলোভনে পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে নারী ও শিশুরা। এদের বেশিরভাগই পাচার হচ্ছে ভারতে। পাচারের পর তাদের অনেকের ওপর চালানো হয় অমানুষিক শারীরিক নির্যাতন। কিশোরীদের প্রেম-ভালোবাসা আর নারীদের সংসারের অভাব লাঘবের নানা স্বপ্ন দেখিয়ে জড়িয়ে ফেলা হচ্ছে এই ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে। সেই ফাঁদে পড়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনায় উদ্বেগজনক হারে বেড়েছে মানব পাচার।

গত ছয় বছরে খুলনার ৮৯ জন নারী ও শিশুকে ভারত থেকে উদ্ধার করেছে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা। এদের বেশিরভাগকে ২-৩ লাখ টাকায় বিক্রি করা হয় দেশটির বিভিন্ন রাজ্যে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশ থেকে পাচার হওয়া ৬০ শতাংশ নারীকে বিক্রি করা হচ্ছে ভারতে। অন্যদের বেলাজিয়াম, সৌদি, লিবিয়া ও আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে।

জানা যায়, দেশের তৃতীয় বৃহত্তর ও জনবহুল নগরী খুলনায় প্রতিনিয়ত বিভিন্ন পন্থায় প্রলোভনের জাল বুনছে নারী ও শিশু পাচারকারী চক্র। শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক মাধ্যম ব্যবহার করে কিশোরীদের প্রেম-ভালোবাসা আর নারীদের সংসারের অভাব লাঘবের স্বপ্ন দেখিয়ে ফাঁদে ফেলা হচ্ছে।

দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট খুলনার নিউমার্কেট এলাকার এক নারী সাবিনার (ছদ্মনাম)। মার্কেটের বিভিন্ন দোকানে পানি ও ঘর মুছে সংসার চলে তার। ২০১৫ সালে ১২ মার্চ বিকেলে তার একমাত্র মেয়েকে নাচ শেখানোর কথা বলে কৌশলে বাসা থেকে নিয়ে যান নগরীর কলেজিয়েট স্কুলের পাশে দারোগাপাড়া এলাকার কাজী রোমানা হক নামের এক নারী।

 

সাতদিন পর তার মেয়ে মুঠোফোনের মাধ্যমে জানান, রোমানা আন্টি তাকে ভারতের কলকাতায় এনে পতিতাবৃত্তির উদ্দেশে দুই লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। এরপর খোঁজাখুঁজি করে আর রোমানা হককে পাননি। হঠাৎ ২০১৭ সালের ২১ এপ্রিল নিউমার্কেট এলাকায় ওই নারীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন সাবিনা।

পুলিশ এসে তাকে আটক করে। এরপর ভারত থেকে ওই কিশোরীকে আনার চেষ্টা শুরু হয়। ২০১৭ সালের ৮ জুলাই পাশবিক নির্যাতনে তার মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই থেকে বিচারের দাবিতে আদালতের বারান্দায় ঘুরছেন তিনি।

সাবিনা বলেন, আসামিরা অনেক শক্তিশালী। মামলা তুলে নেয়ার জন্য তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দিচ্ছেন।
এদিকে জেলার খালিশপুরের নয়াবাটি এলাকার তুলি-জুলি চক্র। জুলি এলাকা থেকে নারী ও কিশোরীদের টার্গেট করে প্রলোভন দেখায়। তুলি ও মৌ তাদের ভারতে নিয়ে যায়। বর্ডার পারাপার করে দেয় নয়ন ও বশির। এ চক্রের প্রধান শাহিন থাকে ভারতের হায়দ্রাবাদে। দেশে ৪-৫ এবং ভারতে ৬-৭ হাত বদল হয়ে প্রতি নারী ও কিশোরী বিক্রি হয় দুই থেকে তিন লাখ টাকায়।

 

ওই এলাকার আরেক ভুক্তভোগী নারী জানান, সংসারের অভাব ও বিভিন্ন সমস্যার কথা জানত জুলি। সে আমাকে বলে, তার বোন ভারতে থাকে। ওখানে এক বাসায় কাজ করলে ২০ হাজার টাকা বেতন দিবে। আমি তার কথায় রাজি হই। জুলি তার বোন তুলি ও মৌকে খবর দেয়। তারা আমাকে বাসায় এসে নিয়ে যায়। আর সীমান্ত পারাপার করে দেয় নয়ন ও বশির। ভারতের হায়দ্রাবাদের একটি চারতলা ভবনে ভাড়া থাকেন এ চক্রের প্রধান শাহিন ও স্ত্রী কবিতা। সেখানে গিয়ে দেখি আমাদের এলাকার ১০-১২ জন মেয়ে রয়েছে। পরে জানতে পারি আমাকেও বিক্রি করে দিয়েছে। পরে বিভিন্ন পন্থায় ও জাস্টিস এ্যান্ড কেয়ারের মাধ্যমে দেশে এসে আমি ওদের নামে মামলা করি। ওরা বিভিন্ন সময় আমাকে ও আমার স্বামীকে হুমকি, ভয়ভীতি দেখাচ্ছে। এ নিয়ে থানায় তিনটি জিডি করেছি।

বেসকারি সংস্থা জাস্টিস এ্যান্ড কেয়ার

ভারতে পাচার হওয়া নারীদের উদ্ধার ও প্রত্যাবাসন নিয়ে কাজ করো বেসকারি সংস্থা জাস্টিস এ্যান্ড কেয়ার। সংস্থাটির তথ্য অনুযায়ী গত ছয় বছরে খুলনা সদরে ১২ জনের মধ্যে গ্রিনল্যান্ড এলাকার ছয় জন, খালিশপুরের ১০ জন, দৌলতপুরের ৬ জন, সোনাডাঙ্গার ৫ জন, খানজাহান আলীর ৫ জন, লবণচরার ৩ জন, পাইকগাছার ৬ জন, দিঘলিয়ার ৯ জন, বটিয়াঘাটার ৪ জন, দাকোপের ২ জন, তেরখাদার ৮ জন, ফুলতলার ৭ জন, ডুমুরিয়ার ৩ জন, রূপসার ৭ জন, কয়রার ২ জনকে ভারতে পাচার করা হয়েছিল।

সংস্থাটির যশোরের এরিয়া ম্যানেজার অপূর্ব কামার সাহা বলেন, গত ছয় বছরে ভারত থেকে এক হাজারের ওপরে নারী ও শিশু দেশে ফিরেছে। এর মধ্যে খুলনার রয়েছে ৮৯ জন। তাদেরকে আমরা নানা ভাবে সহযোগিতা করছি। তাদের পুনর্বাসন ও আইনি সহযোগিতা করে যাচ্ছি। এ অপরাধ দমন করতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। পাশাপাশি আইন এবং বলপ্রয়োগকারী সংস্থার সদস্যদের দক্ষতা ও জ্ঞান বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, যারা মানব পাচারকারী প্রতিনিয়ত তারা কৌশল পরিবর্তন করে। ফলে আমরা যারা মানবপাচার দমনে কাজ করছি তাদের আপডেট জানতে হবে। আর অবশ্যই পাচারকারীদের শাস্তির আওতায় আনা উচিত। যতক্ষণ না পর্যন্ত পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই অপরাধ বন্ধ করা সত্যিই কঠিন।

আদালত সূত্রে জানা যায়, খুলনার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে ১৫৪টি মামলা বিচারাধীন রয়েছে। আদালতের বিশেষ পিপি সুমন্ত কুমার বিশ্বাস বলেন, একাধিক মামলা পর্যালোচনা করে দেখা যায়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেশ থেকে পাচার করা হচ্ছে নারী ও শিশু। যাদের মধ্যে ৬০ শতাংশকে ভারতে ও বাকিদের বেলাজিয়াম, সৌদি, লিবিয়া, আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যে প্রতি নারী ও শিশুকে ২-৩ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে মামলাটা যখন ট্রায়ালে আসে তখন দেখা যায়, আমাদের কাছে আসার আগেই চার্জশিট হয়ে যায়। ফলে আমাদের আসার আগেই মিস কেস করে জামিন করে নেয়। যে সমস্যাগুলো সম্মুখীন হই; তা হলো দুর্বল চার্জশিট। চার্জশিটটি যদি শক্ত হয় এবং তদন্ত কর্মকর্তা প্রসিকিউটরের সঙ্গে চার্জশিট দাখিলের আগে আলোচনা করে নেয়, তাহলে অপরাধীরা কৌশলে সহজে বের হতে পারত না। এ ছাড়া বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের মামলা তুলে নেয়ার জন্য ভয় দেখায় আসামি পক্ষ। যদিও এখন অনেক কমে গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত ৫ বছরে নগরীর ৮ থানায় এ সংক্রান্ত মামলা হয়েছে ২৫টি। এর মধ্যে সর্বোচ্চ খালিশপুরে ৮, খুলনায় থানা ৭, লবণচরায় থানা ৫, দৌলতপুর থানায় ২, খানজাহান আলী থানায় ২ এবং সোনাডাঙ্গা মডেল থানায় একটি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, এ ধরনের অপরাধে মামলা রুজুর, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারের পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। যেসব এলাকা থেকে বেশি মানব পাচার হচ্ছে, সেসব এলাকার ম্যাপ ইতোমধ্যে করা হয়েছে। আমরা আমাদের সংল্লিষ্ট থানা, ফাঁড়ি, পুলিশ ক্যাম্পসহ বিট পুলিশিংদের নির্দেশনা দিয়েছি। যেখান থেকে মানব পাচার সংঘটিত হয়। যেখানে প্রাথমিকভাবে পাচারকারীরা আশ্রয় নেয় এবং সীমান্তের পৌঁছানোর আগে ও যারা এই এলাকায় মানব পাচারের জন্য আসবে তাদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।