ঢাকা অফিস।।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গত মে মাসে ভিসানীতি প্রয়োগ করেছে। আজকের বিষয়টি নতুন কিছু নয়। কোনো কোনো রাজনৈতিক দল বলতে চায়, এটা সরকারের বিরুদ্ধে ও নির্দিষ্ট দলের বিরুদ্ধে। কিন্তু এখানে বিরোধী দলসহ অনেকের কথাই বলা রয়েছে।
বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সাথে জড়িত ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। এর প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাত ১০টার পর সংবাদমাধ্যমের কাছে এসব কথা বলেন।
তিনি বলেন, র্যাবের নিষেধাজ্ঞার পর থেকেই নানা পর্যায়ে আলোচনা চলছে। সে ব্যাপারে তারা অনেক কিছুতেই ইতিবাচক। কারো কারো বিরুদ্ধে তারা যে ব্যবস্থা নিচ্ছেন সেসব পরীক্ষা-নিরীক্ষা করেই করছেন। এই ভিসানীতির পর বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতেও পরিবর্তন এসেছে। সরকারের কারো বিরুদ্ধে প্রয়োগ হলে সেটি নিয়ে কথা বলা হবে। এর সুনির্দিষ্ট কারণও জানা হবে। কোনো কার্যক্রম বাধাগ্রস্ত হলে সে ব্যাপারেও কথা বলবে সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারা নির্দিষ্ট করে না বললে আলোচনার অনেক বিষয় সাধারণ মানুষকে জানানো সম্ভব নয়। তবে নিষেধাজ্ঞা প্রয়োগের সংখাটা অনেক কম।
তিনি বলেন, অভ্যন্তরীণ কোনো বিষয়ে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ দেখতে চায় না সরকার। কোনো দল একদফা দাবি আদায়ে রাস্তায় আছে। কিন্তু এটি অনেক আগেই শেষ। তারা নির্বাচন প্রতিহত করতে চায়। তাই ভিসানীতি তাদের বিরুদ্ধেই প্রয়োগ হওয়া উচিত। সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে চায় কমিশনের অধীনে।











































