স্পোর্টস ডেস্ক।।
২০২২ সালের শেষদিকে রেকর্ড দামে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। চুক্তিতে বলা ছিল, আল-নাসরের হয়ে প্রচারমূলক ভিডিওতে অংশ নেবেন তিনি। এমন একটি ভিডিওতে অংশ নিয়েই হইচই ফেলে দিয়েছেন এই পর্তুগিজ তারকা।
প্রচারমূলক সেই ভিডিওতে সৌদির ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে রোনালদোকে। হাতে তখন তরবারি ছিল ৫ বারের এই ব্যালন ডি’অর জয়ীর। ভিডিওটি আল-নাসর তাদের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছে।
রোনালদোর সঙ্গে সেই ভিডিওতে দেখা গেছে সাদিও মানে, মার্সেলো ব্রোজোভিচ, অ্যালেক্স টেলেস এবং তালিসকাদেরও। সৌদির জাতীয় দিবসকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে সেই ভিডিওটি। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘সবাই একসঙ্গে। একটি পতাকার জন্য। আমরা স্বপ্ন দেখি এবং অর্জন করি।’
চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন ৩৮ বছর বয়সী রোনালদো। গোল করেছেন ১৩টি। দলকে জিতিয়েছেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা।











































