স্পোর্টস ডেস্ক।।
এবারের এশিয়া গেমসে নারীদের ক্রিকেটে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। কোনো জয় ছাড়াই শেষ চার নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। কোয়ার্টার ফাইনালে বৃষ্টির বাধায় হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের সেমিফাইনাল।
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, নক আউট পর্বে কোনো ম্যাচ যদি বাতিল হয়ে যায় তাহলে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটি পরবর্তী রাউন্ডে চলে যাবে। র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে থাকায় বাদ পড়ল হংকং।
আগামী ২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তবে সেই ম্যাচেও বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে ম্যাচ বাতিল হলে সেমি থেকে বাদ পড়বে বাংলাদেশ। ফাইনাল খেলবে ভারত। কারণ, বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে হারমানপ্রীতরা।
এবারের এশিয়ান গেমসে খেলা হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। এই ফরম্যাটে এশিয়ার মধ্যে র্যাংকিংয়ে শীর্ষে থাকা চার দল খেলছে সরাসরি কোয়ার্টার ফাইনালে। সেই হিসেবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশকে গ্রুপপর্ব খেলতে হয়নি।
এদিকে, মেয়েদের মতো এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটও হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। সেখানেও র্যাংকিংয়ের শীর্ষ ৪ দল খেলবে সরাসরি কোয়ার্টার ফাইনালে। ছেলেদের ক্রিকেটেও সেই ৪ দল হচ্ছে, পাকিস্তান, ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ।











































