ঢাকা অফিস
করোনায় আক্রান্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টার দিকে তাকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
তার ছেলে সাগর লোহানী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তিনি ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাপসাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
সাগর লোহানী বলেন, ‘বর্তমানে তিনি গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউ-এ ভর্তি আছেন। কিছু শারীরিক জটিলতার কারণে বুধবার বাবাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। শুক্রবার পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর তাকে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে আসি।’
তিনি আরও বলেন, ‘এর আগে গত ৫ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তার বাবা। এরপর করোনার প্রাদুর্ভাবের কারণে আর কোথাও চিকিৎসা করানো হয়নি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ১৭ মে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে ২ জুন বাসায়ও ফিরে যান। আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।’
শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানীর কিডনিজনিত সমস্যার পাশাপাশি উচ্চরক্ত চাপ রয়েছে।










































