স্পোর্টস ডেস্ক
গত দুই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বের বাধা টপকাতে পারেনি বার্সেলোনা। টানা দু’বার ইউরোপা লীগে অবনমিত হওয়া দলটি নতুন মৌসুম শুরু করলো বিধ্বংসী জয়ে। মঙ্গলবার অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে ইউসিএলে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব রয়্যাল এন্টওয়ার্পকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বার্সা। এতে অনন্য রেকর্ড হয় ব্লাউগ্রানাদের।
গত ৭ বছরে উয়েফা চ্যাম্পিয়নস লীগে নিজেদের সবচেয়ে বড় জয়টি রয়্যাল এন্টওয়ার্পের বিপক্ষে পেলো বার্সেলোনা। নিজেদের ইতিহাসে ইউরোপ সেরার মঞ্চে এটি দ্বিতীয় বড় জয় ব্লাউগ্রানাদের। ২০১৬-১৭ মৌসুমে সবচেয়ে বড় জয়টি এসেছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে। সে ম্যাচে লা প্যারিসিয়ানদের ৬-১ গোলে হারায় বার্সেলোনা।
প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগে অংশ নেয়া রয়্যাল এন্টওয়ার্প গড়েছে লজ্জাজনক এক কীর্তি। ইউসিএলের ইতিহাসে মাত্র পঞ্চম দল হিসেবে নিজেদের অভিষেকে ন্যূনতম ৫ গোল হজম করলো এন্টওয়ার্প। তার আগে বুলগেরিয়ান ক্লাব লেভস্কি সোফিয়া (বার্সেলোনার বিপক্ষে ৫-০ গোলের হার), পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ব্রাগা (আর্সেনালের বিপক্ষে ৬-০ গোলের হার), রাশিয়ান ক্লাব রসটভ (বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৫-০ গোলের হার) এবং আজারবাইজানি ক্লাব এফকে কারাবাগ (চেলসির কাছে ৬-০ গোলের হার) এই নজির গড়েছিল। আত্মঘাতী গোল উপহার পেয়ে একটি রেকর্ডে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ছুঁয়েছে বার্সেলোনা।
উয়েফা চ্যাম্পিয়নস লীগে এই দুই দলের চেয়ে বেশি আত্মঘাতী গোল উপহার পায়নি আর কোনো ক্লাব। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ উভয়ই ক্লাবই এখন পর্যন্ত ১৭টি করে আত্মঘাতী গোলের সুবিধা পেয়েছে।
মঙ্গলবার ম্যাচজুড়ে একের পর এক আক্রমণে এন্টওয়ার্পের রক্ষণ ব্যস্ত রাখে বার্সেলোনা। ৭০ শতাংশ বল দখলে রেখে ২২টি শটের ১০টি লক্ষ্যে রাখে জাভি হার্নান্দেজের দল। মাত্র ৩০ শতাংশ বল দখলে রাখা এন্টওয়ার্প ৩টি শট নিয়ে ১টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়। দাপুটে পারফরম্যান্সে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। গোলটি করেন সদ্য কাতালান শিবিরে যোগ দেয়া পর্তুগিজ উইঙ্গার জোয়াও ফেলিক্স। ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ২২তম মিনিটে নিজেদের ভুলে তৃতীয় গোলটি হজম করে রয়্যাল এন্টওয়ার্প। বার্সার আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন দলটির বেলজিয়ান ডিফেন্ডার জেলে বাতেইলে। ৫৪তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন গাভি। আর ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ৬-০ গোলের জয় নিশ্চিত করেন ফেলিক্স। ‘এইচ’ গ্রুপে রাতের অন্য ম্যাচে শাখতার দানেস্ককে ৩-১ গোলে হারায় এফসি পোর্তো। ১ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে পোর্তো। গোল পার্থক্যে এগিয়ে ব্লাউগ্রানারা।











































