স্পোর্টস ডেস্ক
আট মাস আগে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার পর রাফায়েল নাদাল ঘোষণা দিয়েছিলেন শারীরিক অবস্থার কারণে এই মৌসুমে আর কোনও টুর্নামেন্টে দেখা যাবে না তাকে। এবার এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের সভাপতি হবার ইচ্ছার কথা জানালেন ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।
চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার পর কোমরের চোটের কারণে এখন পর্যন্ত কোর্টে দেখা যায়নি রাফাকে। একই কারণে আগামী বছরও টেনিস থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন স্প্যানিয়ার্ড তারকা। সমপ্রতি মুভিস্টার প্লাসের এক সাক্ষাতকারে এমনটা জানান নাদাল। সেখানে জানান স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সভাপতি হতে চান তিনি । রাফা বলেন, ‘আমার মনে হয় আমি রিয়াল মাদ্রিদের সভাপতি হতে পারবো। এই পদের প্রতি আমার আগ্রহ আছে। কিন্তু এখানে আরো বেশ কিছু বিষয় রয়েছে। এই মুহূর্তে এর বেশি আর কিছু বলার নেই কারণ আমাদের কাছে এখন সম্ভাব্য সেরা সভাপতি রয়েছেন।’
নাদাল বলেন, ‘আমি আজ যেমনটা ভাবছি আগামীকাল সেটা নাও ভাবতে পারি। জীবনে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে।
এমন একটা পদে যেতে হলে অনেক ধরনের যোগ্যতার দরকার হয়। আমি সবসময়ই বাস্তবমুখী। আমি এই পদের জন্যে আদৌ যোগ্য কি না সেটা আমি জানি। পেরেজকে আমি এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি। সময়ই সব বলে দেবে। সভাপতি হওয়ার জন্য যেসব শর্তের প্রয়োজন তার জন্য আমি এখনই প্রস্তুত নই।’
২০০৯ সাল থেকে রিয়াল মাদ্রিদের সভাপতির দায়িত্বে রয়েছেন ৭৬ বছর বয়সী ফ্লোরেন্তিনো পেরেজ। এর আগেও ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত একই পদে নিযুক্ত ছিলেন তিনি। বিতর্কিত সভাপতি রামোন কালডেরনের কাছ থেকে পুনরায় সভাপতিত্ব হাতে পাওয়ার পর এখন পর্যন্ত ২০১৩, ২০১৭ এবং ২০২১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পেরেজ।
মাদ্রিদের সভাপতি পদের জন্যে লড়তে রয়েছে বেশ কিছু নিয়মকানুন। যার সর্বপ্রথম শর্ত এই পদের জন্যে একজন ব্যক্তিকে হতে হবে ক্লাবটির ২০ বছরের সদস্য। প্রয়োজন ক্লাবের বার্ষিক বাজেটের ১৫% ব্যয়ের সক্ষমতা এবং স্প্যানিশ জাতীয়তা। উল্লেখ্য, টেনিস ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা ২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের অনারারি মেম্বার।











































