ঢাকা অফিস।।
নির্দলীয় তত্বাধায়ক সরকার প্রতিষ্ঠা করার পরই বিএনপির চলমান আন্দোলন শেষ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের এক দফার আন্দোলন চলছে। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে তবেই আমাদের আন্দোলন শেষ হবে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কোর্টে হাজিরা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এই মামলার হাজিরা আমরা নিয়মিত দিচ্ছি। আগেও দিয়েছি, এখনো দিচ্ছি। তবে এই মামলা তারা দিয়েছে বিরোধীদলের শক্তিকে খর্ব করার জন্য। বালুর ও কাঠের ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। আর উনি এসে নাকি এই চৌদ্দগ্রামে বাস পুড়িয়ে দিয়েছেন! এই ঘটনা ঘটার প্রায় ৪৮ ঘণ্টা আগে আমাকে আটক করে কারাগারে রাখা হয়েছিল। তাহলে বুঝতে হবে, এটা পরিকল্পিত অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য, বিরোধীদলগুলোকে ধ্বংস করার জন্য, সারাদেশে ৪৫ থেকে ৪৯ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে-এটাও তারই একটি অংশ। এগুলো করে লাভ হবে না। দেশের মানুষ জেগে উঠেছে। এক দফা আন্দোলন শুরু হয়েছে। তবে এই সরকার ১৫ বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় আছে। দেশের মানুষকে অত্যাচার জুলুম নির্যাতন করছে।
রিজভী আরও বলেন, দেশে ডেঙ্গু ছেয়ে গেছে। ডেঙ্গু রোগীর জন্য স্যালাইন পাওয়া যায় না। স্যালাইন সংকট চলছে। সেদিকে নজর না দিয়ে তারা এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার এসব উদ্বোধন করে, মানুষকে দেখায়। এগুলো হচ্ছে তাদের ভণ্ডামি।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।











































