স্টাফ রিপোর্টার
নগরীর গল্লামারির রাইসা কিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিক ডা. মো. আব্দুর রকিব খান হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. জমির শেখ (৩৫) আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। অপর দু’জন আসামি মো. আবুল আলী শেখ (৪৫) ও গোলাম মোস্তফা (৪৫) কে জিজ্ঞাসাবাদের জন্য ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর ও ১৬৪ধারায় স্বীকারোক্তিমমুক জবানবন্দি রেকর্ড করেছেন। এর আগে গত ১৮জুন মামলার আসামি খাদিজা (৪৫) ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই দিনে আসামি আব্দুর রহিম (৩৮)কে জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রচলিত, অপ্রচলিত সকল মাধ্যম এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে খুলনা থানা পুলিশ এবং ডিবি পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ঢাকার টঙ্গী ও খুলনার রূপসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিল।
মামলার বিবরণে জানা যায়, নগরীর মোহাম্মদ নগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে ১৪জুন সিজারের জন্য রাইসা কিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫টায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ হলে ১৫জুন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানের চিকিৎসকরাও রোগীর রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে ১৫জুন রাতে শিউলী বেগম মারা যান। ১৫ জুন রাত সাড়ে ৮টা ৫০ মিনিটের দিকে রোগীর আত্মীয়-স্বজনরা কিনিকে এসে ডা. রকিবকে লাথি ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথার পিছনে জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডা. রকিবের মৃত্যু হয়। এঘটনায় নিহত ডা. রকিব খান এর ভাই মো. সাইফুল ইসলাম খান বাদী হয়ে জমির, কুদ্দুস, আবুল আলী শেখ ও রহিমসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে খুলনা থানার মামলা দায়ের করেন যার নং-৬। আসামিরা হলেন হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকার মৃত. সৈয়দ ছবেদ আলীর ছেলে মো. জমির (৩৫), লবণচরা থানার মোহাম্মদ নগর পল্লবী সড়কের মো. হায়দার আলীর ছেলে মো. আবুল আলী শেখ (৪৫), নগরীর ৫৩, কেডিএ এভিনিউস্থ রাশিদা মেমোরিয়াল হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান মো. আব্দুর রহিম মহলদার (৩২), সে যশোর জেলার অভয়নগর থানার বাগদাহ গ্রামের মো. আব্দুর রহমান মহলদারের ছেলে, লবণচরা থানার নিজখামার বাইতুস মোকাদ্দাস মসজিদ এর পাশের বাসিন্দা আবু জাফরের স্ত্রী খাদিজা বেগম (৪৫) ও হরিণটানা থানার রাজবাধ গ্রামের মৃত. সেকেন্দার আলী শেখের ছেলে গোলাম মোস্তফা (৪৫)।
খুলনা থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল জানান, ডা. রকিব হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি জমির আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়া অপর দু’আসামি’র দু’দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রিমান্ডে থাকা আব্দুর রহিম যে তথ্য দিয়েছে তা যাঁচাই-বাঁছাই করা হচ্ছে। এজাহারভুক্ত আসামি কুদ্দসকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।









































