ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে মাঝপথে পরিত্যক্ত করা হয়েছে ঘরোয়া ফুটবল মৌসুম। ফেডারেশন কাপ ছাড়া আর কিছুই হয়নি এবার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ছয় রাউন্ড খেলা হওয়ার পর কাবগুলোর দাবিতে মৌসুমের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণা করেছে বাফুফে।
এ অবস্থায় বসুন্ধরা কিংস ছাড়া বাকি ১২ কাবের ফুটবলারদের এখন আর খেলা নেই। আগামী মৌসুম কবে শুরু হবে তাও ঠিক নেই। ঘরোয়া খেলাধুলা কবে শুরু হতে পারে সে ঘোষণা জুনের পর ছাড়া দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
ফুটবল মৌসুম বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন দেশের বেশিরভাগ ফুটবলার। জাতীয় দল ও আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা বাফুফের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন যাতে পরের মৌসুমের দিনক্ষণটা তাদের দ্রুত জানিয়ে দেয়া হয়। যেহেতু এ বছরের লিগটা বন্ধ হয়ে গেছে, তাই বাফুফেকে অনুরোধ করব পরের লিগটা যেন তাড়াতাড়ি শুরু হয়। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কারণ লিগ খেলেই আমাদের পরিবার চলে। আমি মনে করি বাফুফে যদি পরের মৌসুম শুরুর সিদ্ধান্তটা দ্রুত দেয় তাহলে আমরা ফুটবলারা মানসিকভাবে একটু স্বস্তিতে থাকতে পারব। তাই বাফুফের কাছে আমাদের দাবি তারা যেন দ্রুত পরের মৌসুমের সূচি ঘোষণা করে- বলেছেন সোহেল রানা।
জাতীয় দলের মিডফিল্ডার আবদুল্লাহ বলেন, ‘লিগ বন্ধ হয়ে গেছে। আমরা ফুটবলাররা চাই যাতে দ্রুত লিগটা শুরু হয়। কারণ এভাবে ঘরে বসে থাকলে আমরা ফিটনেস ধরে রাখতে পারব না। লিগ শুরু হলে জাতীয় দলের জন্যও ভালো হবে। কাব এবং ফুটবলার কোন পক্ষেরই যাতে ক্ষতি না হয় সেভাবে যেন বাফুফে একটা সিদ্ধান্ত নেয়। পরের লিগটা শুরু হতে যদি বেশি বিলম্ব হয় সেটা আমাদের ফিটনেসের জন্য নেতিবাচক হবে।’
বেনজেমার জোড়া গোলে রিয়ালের বড় জয়
ক্রীড়া প্রতিবেদক
দুই দিন আগে লেগানেসের বিপক্ষে জিতে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে তারা এগিয়ে যায় ৫ পয়েন্টে। তবে মাদ্রিদের কাবটি তাদের এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে না। বৃহস্পতিবার রাতে ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্টের ব্যবধান আবারও দুয়ে নামিয়ে এনেছে জিনেদিন জিদানের দল। ঘরের মাঠ এস্তাদিও আলফ্রেদো ডি স্তেফানোয় করিম বেনজেমার জোড়ায় স্বাগতিকরা জিতেছে ৩-০ গোলে।
রিয়ালের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। তবে শুরুতে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়াই। ২২তম মিনিটে সফরকারীরা ‘লিড’ও নিয়েছিল। কিন্তু রোদ্রিগোর গোল ভিএআর প্রযুক্তিতে বাতিল হয় অফসাইড হওয়ায়। ঠিক তার কিছুক্ষণ আগে আরেক দফা রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়েছিলেন রোদ্রিগো, কিন্তু বল গিয়ে আঘাত করে পোস্টে।
ভ্যালেন্সিয়ার সুযোগ নষ্টে গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতি থেকে ঘুরে এসে জ্বলে উঠে রিয়াল। ৬১ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায় বেনজেমার লক্ষ্যভেদে। এডেন হ্যাজার্ডের পাস ধরে বক্সের ভেতর থেকে বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট ছয়েক আগে আরেকবার গোল উদযাপন করেন তিনি। ওই গোলটি ছিল দেখার মতো। মার্কো আসেনসিওর ক্রস প্রথমে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের ভলি করেন চমৎকার গোল। এই গোল দুটি দিয়ে রিয়াল কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে ছাড়িয়ে গেছেন বেনজেমা। রিয়াল ক্যারিয়ারে হাঙ্গেরিয়ান কিংবদন্তি করেছিলেন ২৪২ গোল। তাকে টপকে ২৪৩ গোল নিয়ে ফরাসি স্ট্রাইকার বসেছেন মাদ্রিদের কাবটির সর্বোচ্চ গোলদাতার তালিকার পঞ্চম স্থানে। বেনজেমার ২ গোলের মাঝে স্কোরশিটে নাম তোলেন আসেনসিও। এর চেয়ে ভালো প্রত্যাবর্তন হয়তো তিনি নিজেও কল্পনা করেননি। চোট কাটিয়ে দীর্ঘ ১১ মাস পর মাঠে ফিরে প্রথম টাচেই করেছেন গোল! ৭৪ মিনিটে জাল খুঁজে পান তিনি। ৩-০ গোলে পিছিয়ে পড়া ভ্যালেন্সিয়া ঘুরে দাঁড়াবে কী, উল্টো ৮৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে লি কাং-ইন মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।
স্বস্তির জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো রিয়াল। ২৯ ম্যাচে মাদ্রিদের অভিজাতদের পয়েন্ট ৬২। সমান ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আর ভ্যালেন্সিয়া ৪৩ পয়েন্ট নিয়ে থাকলো আগের অষ্টম স্থানেই।
শ্রীলঙ্কা সফরের জন্য ৩৮ সদস্যের দল
ক্রীড়া প্রতিবেদক
ক্রমশই অবনতির দিকে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি। তবে বিপরীত চিত্র শ্রীলঙ্কায়। দেশটিতে আক্রান্তের সংখ্যাও কমে এসেছে সঙ্গে মৃতের সংখ্যাও হাতেগোনা।
তাই দেশটির ক্রিকেট বোর্ড এসএলসি সিদ্ধান্ত নেয় খেলোয়াড়দের অনুশীলনে ফেরানোর। যা কথা সেভাবেই অনুশীলন শুরু হয়েছে চলতি মাসের শুরুর দিকে। তাদের লক্ষ্য ভারত ও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলার। যদিও ভারত এই সফরে এখনই যাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে। বাকি আছে বাংলাদেশ। জুলাইয়ের শেষ সপ্তাহে এই সফর করার কথা থাকলেও এখনও অনুশীলনও শুরু করতে পারেনি টাইগাররা। তবে গতকাল শুক্রবার প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানালেন, ৩৮ সদস্যের একটি প্রাথমিক দল জমা দিয়েছেন বিসিবি সভাপতির দপ্তরে। এর মানে শ্রীলঙ্কা সিরিজে যাবার জন্য হাল ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
চলে গেলেন রামচাঁদ গোয়ালা
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। বছর খানেক আগের স্ট্রোকে আরও দুর্বল হয়ে পড়েছিলেন। গতকাল শুক্রবার ভোরে জীবন প্রদীপটাই নিভে গেল রামচাঁদ গোয়ালার। বাংলাদেশের বাঁহাতি স্পিনের অগ্রদূত পৃথিবী ছেড়ে গেছেন ৭৯ বছর বয়সে। ময়মনসিংহে নিজের বাসাতেই মারা গেছেন সাবেক বাঁহাতি স্পিনার।
কালের পরিক্রমায় বাংলাদেশে এখন বাঁহাতি স্পিনারের আখড়া। বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে আদর্শ মেনে এখন আরও বেশি বাঁহাতি স্পিনার পাচ্ছে বাংলাদেশ। কিন্তু বাঁহাতি স্পিনের বীজটা বুনে দিয়েছিলেন এই রামচাঁদই। আন্তর্জাতিক ম্যাচ তো দূরে থাক, কখনও আইসিসি ট্রফির কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। কিন্তু তার বাঁহাতি বোলিংয়ের আলো ঠিকই ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে। এনামুল হক মনি, মোহাম্মদ রফিক হয়ে সাকিব, এরপর… সংখ্যাটা বেড়েই চলেছে।
পাকিস্তানি ক্রিকেটারদের দ্বিগুণ সতর্কতা
ক্রীড়া প্রতিবেদক
আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্ট ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ক্রিকেট দল। সে লক্ষ্যে চলতি মাসের শেষদিকেই ইংল্যান্ডে চলে যাবেন পুরো দল।
কেননা সেখানে তাদের থাকতে হবে বাধ্যতামূলক আইসোলেশনে এবং সেখানেই হবে অনুশীলন ক্যাম্প। এ সফরের আগে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে পাকিস্তানের ক্রিকেটারদের। আগামী ২৮ জুন বিশেষ ভাড়া করা চাটার্ড ফাইটে ওঠার আগে তিনদিনের ব্যবধানে দুইবার করোনা পরীক্ষার মুখোমুখি হবেন বাবর আজম, সরফরাজ আহমেদরা।
ফিক্সিংয়ের বিরুদ্ধে কঠোর আইন করছে পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে পাকিস্তান। শাস্তিটা আরও কঠিন করার জন্য স্পট ও ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি আইনে নিয়ে আসছে দেশটি।
পিসিবি’র এমন সিদ্ধান্তের ফাইলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বাক্ষর করেছেন। এটিকে আইনে পরিণত করতে হলে পার্লামেন্টের আলোচনায় আনতে হবে। সেখানে অনুমোদন হলে এটি লিখিত আইনে পরিণত হবে। আর তখন স্পট বা ম্যাচ ফিক্সিংয়ের অপরাধীকে পাকিস্তানের আইন অনুযায়ী জেলও খাটতে হবে। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বেও আছেন। পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সম্প্রতি পিসিবি সভাপতি এহসান মানি সাক্ষাৎ করতে যান। সেই সাক্ষাতেই ইমরান স্পট ও ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি আইনে পরিণত করার পিসিবি’র পরিকল্পনায় সম্মতি জানান।
এটি আইনে পরিণত হলে পিসিবি’র দুর্নীতি দমন বিভাগ যে কোনো ক্রিকেটারের ব্যাংক হিসেব, কাগজপত্র জব্দ করার এবং অভিযুক্তদের বাসায় বা অফিসে পুলিশ নিয়ে তল্লাশি চালাতে পারবে।
ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ছিল পাতানো। ক্রিকেটের বিশ্ব ট্রফিটা শ্রীলঙ্কা বাজে খেলে হাত ছাড়া করেনি। ভারতের কাছে ফাইনালটা বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা দলের একটি অংশ। এমন বিস্ফোরক মন্তব্য করেই ক্রিকেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে।
সাবেক ক্রীড়া মন্ত্রী আলুথগামাগের এমন অভিযোগ নিয়ে এবার তদন্তে নামছে শ্রীলঙ্কা। দেশটির বর্তমান ক্রীড়া মন্ত্রী দুলাস আলাহাপ্পেরুমা ইতোমধ্যে তদন্তের আদেশ দিয়েছেন। তদন্তের আপডেট নিয়ে প্রতি দুই সপ্তাহ অন্তর রিপোর্টও চেয়েছেন তিনি। আলাহাপ্পেরুমার নির্দেশ পেয়েই ক্রীড়া সচিব কেএডিএস রুয়ানচন্দ্র মন্ত্রণালয়ের তদন্ত ইউনিটে অভিযোগও দায়ের করে ফেলেছেন। তবে আলুথগামাগের ফাইনাল পাতানোর অভিযোগ নাকচ করে দিয়েছেন সাবেক দুই অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। সাবেক মন্ত্রীর কাছে দুজনেই প্রমাণ চেয়েছেন।
আয়ারল্যান্ডের সহকারী অধিনায়ক পল স্টার্লিং
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটীয় জ্ঞানে খুবই সমৃদ্ধ পল স্টার্লিং। সতীর্থদের কাছে এভাবেই প্রতিষ্ঠিত তিনি। অবশেষে এই দক্ষতাই তাকে পাইয়ে দিলো নতুন দায়িত্ব। আয়ারল্যান্ড ক্রিকেট দলের সহকারী অধিনায়ক করা হয়েছে আইরিশ এই ওপেনারকে।
এর ফলে অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির ডেপুটি হিসেবে এখন থেকে দেখা যাবে ২৯ বছর বয়সী স্টার্লিংকে। ২০১৯ সালে উইলিয়াম পোর্টারফিল্ড নেতৃত্ব ছাড়লে দলের দায়িত্ব পান বালবার্নি। স্টার্লিংয়ের ডেপুটি হওয়াকে শতভাগ সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছেন তিনি। অবশ্য স্টার্লিংকে ডেপুটি হওয়ার কথা নিজেই বলেছিলেন বালবার্নি। এই বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই স্টার্লিংকে এই পরিকল্পনার কথা জানানো হয়। বালবার্নি নিজেও সেই সফরে অধিনায়ক হিসেবে প্রথম দায়িত্ব পালন করেছিলেন।
ফুটবল ফিরলো ব্রাজিলে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস পরিস্থিতি এখনও ভয়াবহ ব্রাজিলে। বৃহস্পতিবার দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩৮। এর মধ্যেই সেখানে ফিরলো ফুটবল। প্রাণঘাতী ভাইরাসে তিন মাস বন্ধ থাকার পর লাতিন আমেরিকার দেশটিতে আবারও শুরু হয়েছে ফুটবল লড়াই। রিও ডি জেনেইরোর স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে ফেরা ফুটবলে মারাকানার দর্শকশূন্য স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফামেঙ্গো-বাঙ্গু।
বেশিরভাগ প্রাদেশিক চ্যাম্পিয়নশিপ জানুয়ারিতে শুরু হয়ে শেষ হয় এপ্রিলে। আর বছরের মাঝামাঝি পর্যায়ে শুরু হয় জাতীয় ফুটবল লিগ। কিন্তু এবার করোনার কারণে সবকিছু ওলটপালট হয়ে গেছে। প্রাদেশিক ফুটবল প্রতিযোগিতাগুলোই শেষ করা যায়নি। রিও’র চ্যাম্পিয়নশিপ দিয়ে ফুটবল ফিরলেও বাকি প্রদেশগুলোর ফুটবল কবে শুরু হবে, সেটা এখনও নিশ্চিত হয়নি। করোনাভাইরাসের থাবা পুরো ব্রাজিলকে গ্রাস করে রাখার পরও ফূটবল শুরু করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা চলছে। অনেক কাবও খেলতে চাইছে না। তার মধ্যে অন্যতম নামি দুই কাব বোতাফোগো ও ফুমিনেন্সে। এই সপ্তাহের সূচিতে ম্যাচ থাকলেও তারা খেলতে রাজি নয়।
এবার আরেকটি মাইলফলকে জিদান
ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে তিন মাসেরও বেশি সময় লা লিগা স্থগিত থাকার পর ফেরার প্রথমদিনে একটি মাইলফলক স্পর্শ করেছিলেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের হয়ে ২০০তম ম্যাচে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এবার দ্বিতীয় ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে আরেকটি মাইলফকে পা রাখলেন লস ব্লাঙ্কোসদের টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ। বৃহস্পতিবার দিবাগত রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে রিয়াল। দাপুটে এ জয়ে ব্লাঙ্কোসদের কোচ হিসেবে ২০১তম ম্যাচে ১৩৩তম জয় তুলে নিলেন জিজু। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন সান্তিয়াগো বার্নাব্যুর পূর্বসূরি ভিসেন্তে দেল বস্ককে। এই সমান জয় পেতে ২৪৬ ম্যাচ লেগেছিল স্প্যানিশ কোচের। আর ৬০৫ ম্যাচে ৩৫৭ জয় নিয়ে সবার উপরে মিগুয়েল মুনোজ।
ইউএস ওপেনে অংশ নেবেন বিয়াঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন প্লেয়ারদের কথা ভেবে সর্বোচ্চ স্তরের নিরাপত্তারই বন্দোবস্ত করবে। তাই আগস্টে ইউএস ওপেন খেতাব ধরে রাখার লক্ষ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বাধা নেই তাঁর। জানালেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেস্কু।
এমনিতেই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা। তার উপর তারকা প্লেয়ারদের অংশগ্রহণ ঘিরে সন্দেহ দানা বাঁধায় ইউএস ওপেনের জৌলুস কতটা থাকবে, তা নিয়ে চিন্তায় টেনিসমহল। এমন সময় বৃহস্পতিবার ছ’বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস জানান, নিজের দেশে গ্র্যান্ড স্ল্যাম অংশগ্রহণে তাঁর কোনও আপত্তি নেই। আর সেরেনা ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই ইউএস ওপেনে অংশগ্রহণের ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিলেন গত বছর সেরেনাকেই হারিয়ে খেতাব জেতা বিয়াঙ্কা।
পুসকাসকে টপকালেন বেনজেমা
ক্রীড়া প্রতিবেদক
প্রতি মৌসুমে ‘সবচেয়ে সুন্দর’ গোলের জন্য দেয়া হয় ‘পুসকাস অ্যাওয়ার্ড’। রিয়াল মাদ্রিদের এই হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড ফ্রাঙ্ক পুসকাসের নামে চালু এ অ্যাওয়ার্ড। সেই কিংবদন্তিতে টপকে গেলেন করিম বেনজেমা।
লা লিগার চলতি মৌসুমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। আর তাতেই পুসকাসকে টপকে লস ব্লাঙ্কোসদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। ৩২ বছর বয়সী তারকা রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০৩ ম্যাচে করেছেন ২৪৩ গোল। ছয়ে নেমে যাওয়া পুসকাস তার পেশাদারি ক্যারিয়ারে ব্লাঙ্কোসদের হয়ে ১৯৫৮-৬৬ মৌসুম পযর্ন্ত খেলে ২৬২ ম্যাচে করেছেন ২৪২ গোল।
কৃষ্ণাঙ্গদের কাছে ক্ষমা চাইতে বললেন গার্দিওলা
ক্রীড়া প্রতিবেদক
আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে খেলায় ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগে দুদলই একাত্ম হয়ে হাঁটু গেড়ে সম্মান দেখিয়েছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি। পরে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার বলেছেন, এতদিন কৃষ্ণাঙ্গদের প্রতি যেরকম আচরণ করেছে সাদা চামড়ার মানুষ সেটির জন্য তাদের লজ্জিত ও ক্ষমা চাওয়া উচিৎ।
লিগ ফেরার দিনে আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড। দুম্যাচেই খেলোয়াড়রা গায়ে জড়িয়ে নেমেছেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা জার্সি। আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন প্রতিটি দলের অধিনায়ক। ম্যাচের পর জোরাল ভাষায় সব বর্ণের মানুষের প্রতি সমতা ও অন্তর্ভুক্তির দাবি তুলেছেন গার্দিওলা। সাদা বর্ণের মানুষদের প্রতি তার আহ্বান, ‘সাদা চামড়ার মানুষরা গত ৪০০ বছর ধরে কৃষ্ণাঙ্গদের প্রতি যে আচরণ করেছে, তার জন্য ক্ষমা চাওয়া উচিৎ।’ ‘সারা বিশ্বজুড়ে কালো বর্ণের মানুষদের প্রতি যে অন্যায় করা হয়েছে, তার জন্য আমি লজ্জিত। কেবল আমেরিকাতেই নয়, বিশ্বের সব জায়গায় এ সমস্যা বিদ্যমান।’









































