ক্রীড়া ডেস্ক||
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বাবরের। এশিয়া কাপে দলের ব্যর্থতার পর থেকেই ‘হতাশ’তিনি। দলকে ফাইনাল ওঠাতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন বাবর। এবার এই কারণেই আরও বড় বিপাকে পড়তে পারেন পাক অধিনায়ক। এশিয়া কাপে পাকিস্তানের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না সে দেশের ক্রীড়াপ্রেমীরা। অধিনায়ক হিসাবে বাবরের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। দেশের ব্যর্থতায় হতাশ এক পাক অভিনেত্রী সেহার শিনওয়ারি।
বিশেষত, ভারতের কাছে পাকিস্তানের হার কিছুতেই মানতে পারছেন না অভিনেত্রী। তার কথায়, দেশের মানুষের আবেগকে নিয়ে খেলেছেন বাবরেরা। আর তাই বাবর এবং তার দলের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন তিনি।
অভিনেত্রী সেহার শিনওয়ারি পাকিস্তানের হায়দরাবাদে জন্মগ্রহন করেন। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’ অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। সেই শো বেশ জনপ্রিয়তা পায়। ওই শোয়ের মাধ্যমে পরিচিতি পান অভিনেত্রী। এবার পাক অধিনায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ করার ‘হুমকি’ দিয়ে খবরের শিরোনামে এসেছেন সেহার। যা নিয়ে তোলপাড় হয়েছে পাকিস্তান।
এক্স হ্যান্ডেলে এক্স (সাবেক টুইটার) সেহার লিখেছেন, বাবর আজ়ম এবং তার দলের বিরুদ্ধে এফআইআর করব। কারণ, তারা ক্রিকেটের বদলে সব সময় আমাদের দেশের ভাবাবেগ নিয়ে খেলেন। ভারত এবং পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুদেশ।
সুপার ৪-এ রোহিত শর্মাদের কাছে হেরেছেন বাবরেরা। পরে শ্রীলঙ্কার কাছে হারের জেরে ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। এই কারণেই বাবরদের উপর রেগেছেন সে দেশের ক্রীড়াপ্রেমীরা। এই নিয়ে সমালোচনা চলছেই। তবে বাবরদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে, এমনটা হয়তে কেউ ভাবেননি। এই ‘হুমকি’ দিয়েই তোলপাড় করে দিয়েছেন পাক অভিনেত্রী।
সেহারের ওই বার্তা প্রকাশ্যে আসতেই অনেকে যেমন সহমত পোষণ করেছেন, আবার অনেকেই আপত্তি জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, এটা তো খেলা। বাবর ভাল ক্রিকেটার। এশিয়া কাপ থেকে বিদায় নেয়ার পর থেকেই একের পর এক বিপত্তির মুখে পড়তে হচ্ছে বাবরকে। শোনা গিয়েছে, শ্রীলঙ্কার কাছে হারের পর নাকি বাবরের সঙ্গে শাহিন আফ্রিদির ঝামেলা বেধেছিল।
পাকিস্তানের এক টিভি চ্যানেলের দাবি, শ্রীলঙ্কার কাছে হারের পর সাজঘরে ফিরে বাবর গোটা দলের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেখানে নাম না করে কিছু ক্রিকেটারের উদ্দেশ্যে তাদের পারফরম্যান্স বাড়ানোর কথা বলেন। বাকিরা চুপ করে থাকলেও শাহিন মন্তব্য করেন। তাই নিয়েই তাদের মধ্যে ঝামেলা হয়।
আবার অন্য একটি সংবাদমাধ্যমের দাবি, এশিয়া কাপে হারের পর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছেন বাবর। দলের সঙ্গেও দূরত্ব তৈরি করছেন তিনি। সতীর্থদের সঙ্গে খুব একটা কথাও বলছেন না তিনি।
শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর বাবর যে ‘হতাশ’সে কথা জানিয়ে তার বাবা সিদ্দিকি ইনস্টাগ্রামে লিখেছেন,ম্যাচের পর বাবরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু বাবর কথাই বলতে পারছিল না। আমি ওকে একটাই কথা বললাম, সাহসীরা সব সময় বেঁচে থাকে এবং ভুল থেকে শেখার চেষ্টা করো। কখনও ভেঙে পড়ো না।
সামনেই বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপের ব্যর্থতা যেমন চিন্তায় ফেলেছে পাক ক্রিকেট দলকে, তেমনই অস্বস্তি বাড়িয়েছে অভিনেত্রীর এই ‘হুমকি’। এই পরিস্থিতি কাটিয়ে বিশ্বকাপে বাবরেরা ঘুরে দাঁড়াতে পারেন কি না, সেটাই দেখার। সূত্র: আনন্দবাজার











































