খুলনাঞ্চল রিপোর্ট।।
অভিনব প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে ‘রয়েল চিটিং ডিপার্টমেন্ট’ (আরডিসি) গ্রুপ। সর্বশেষ এই চক্রের রোলেক্স ঘড়ি ব্যবসার প্রলোভনে পড়ে ২০ লাখ টাকা খুইয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু। তার করা মামলায় পিবিআই তিন প্রতারককে গ্রেফতার করেছে।
জানা গেছে, চক্রটি নগরীর বিভিন্ন এলাকায় অফিস নিয়ে বসে। তারা নিজেদের পরিচয় দেন বড় ব্যবসায়ী। কখনো দামি ঘড়ির ব্যবসায়ী, কখনো ফার্নিচারের ব্যবসায়ী, কখনো কেমিক্যালের ব্যবসায়ী। যাকে যখন যে ব্যবসায় প্রলুব্ধ করা যায়, সেই ব্যবসার নাম বলেন তারা। বহুমাত্রিক ব্যবসার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।
পিবিআই জানায়, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চুর ছোট ভায়রা সাইফুল ইসলাম ২৬ শতাংশ জমি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। সেই সূত্রে তার সঙ্গে যোগাযোগ করেন রয়েল চিটিং ডিপার্টমেন্ট (আরডিসি) চক্রের সদস্য ইঞ্জিনিয়ার শরীফ।
তিনি জানান, তার বস আব্দুল বারী ওরফে আফসার উদ্দিন জমিটি কিনতে চান। গত ১৭ জুলাই সাইফুল ইসলাম তার ভায়রা সাবেক পৌর মেয়র বাচ্চুকে সঙ্গে নিয়ে ওই চক্রের উত্তরার অফিসে যান। জমির মূল্য নির্ধারণ এবং ১৯ জুলাই হাজীগঞ্জে জমি রেজিস্ট্রি করার জন্য যাওয়ার সিদ্ধান্ত হয়।
জমিজমার কথাবার্তা শেষ হওয়ার পর মোয়াজ্জেম হোসেন নামে একজন আফসার উদ্দিন খানকে বলেন, তার মালিক ভারতীয় নাগরিক রোলেক্স ব্র্যান্ডের কিছু দামি ঘড়ি কিনবেন এবং ওই ঘড়ি দিতে পারলে সাড়ে ৬ কোটি টাকার মতো ব্যবসা হবে।
তখন আফসার উদ্দিন মোয়াজ্জেম হোসেনকে বলেন, তোমার ভারতীয় নাগরিক মালিককে আসতে বলো।
এর আধাঘণ্টার মধ্যেই একজন ওই অফিসে আসেন। তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দেন। তাদের মধ্যে ঘড়ি ক্রয়-বিক্রয়ের চুক্তি হয় এবং ওই ব্যক্তি আব্দুল বারী ওরফে আফসার উদ্দিন খানের হাতে ৩৫ লাখ টাকা দেন। এরপর ১৮ জুলাই ঘড়ি প্রদানকালে অবশিষ্ট টাকা দেওয়া হবে বলে ওই ব্যক্তি চলে যান।
এরপর তারা সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু ও তার ভায়রাকে ২০ লাখ টাকা দিয়ে শেয়ার হলে লাভের অংশ সমানভাবে ভাগ করে নেওয়ার প্রলোভন দেন। তাদের প্রলোভনে সাড়া দিয়ে আব্দুল মান্নান খান বাচ্চু পরদিন ২০ লাখ টাকা নিয়ে ওই অফিসে যান। ভুক্তভোগী তাদের কথায় বিশ্বাস করে নগদ অর্থ তুলে দিলে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় বাচ্চু বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্তভার পেয়ে শনিবার পিবিআই আব্দুল বারী ওরফে আফছার উদ্দিন খান (৬৫), রাশেদ ওরফে রাসেল (৩৭) ও মো. নাঈম (৪৩) নামে তিনজনকে গ্রেফতার করে।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিবিআইর (ঢাকা মেট্রো-উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, পিসিপিআর যাচাই করে দেখা গেছে, গ্রেফতার আব্দুল বারী ওরফে আফছার উদ্দিন খানের (৬৫) নামে ডিএমপির বিভিন্ন থানায় অন্তত ৬টি প্রতারণার মামলা রয়েছে। প্রত্যেকটি ঘটনায় আসামি বারী নতুন নতুন কৌশল অবলম্বন করে প্রতারণা করে বহুমাত্রিক ব্যবসার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
বিগত দিনেও তারা একাধিকবার গ্রেফতার হয়েছেন। তারা ‘রয়েল চিটার ডিপার্টমেন্ট’ নামে যেসব গ্রুপ আছে তাদের সক্রিয় সদস্য। এ গ্রুপের মূলহোতা আব্দুল বারী বিভিন্ন সময় নিজের বিভিন্ন নাম দিয়ে থাকেন। পিবিআই এ পর্যন্ত তার তিনটি আইডি কার্ড পেয়েছে। একটির নাম আফসার উদ্দিন, অন্যটির বজলুর রহমান। তার বিরুদ্ধে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন থানায় ছয়টি মামলা পাওয়া গেছে।
পিবিআইর এই কর্মকর্তা বলেন, আব্দুল বারী দীর্ঘদিন বিদেশে থাকতেন। বিদেশ থেকে আসার পরই তিনি এ প্রতারণার কাজে জড়িয়ে পড়েন। চক্রের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়। বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সম্পৃক্ত করে। এছাড়া একেক সময় একেক জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকেন। নিজেদের পরিচয় দেন বড় ব্যবসায়ী তারা। প্রতারণার দায়ে এর আগে ৫ থেকে ৬ বার গ্রেফতার হয়েছেন বারী।
পিবিআইর তথ্যমতে, রয়েল চিটিং ডিপার্টমেন্ট (আরসিডি) গ্রুপের অগণিত সক্রিয় সদস্য রয়েছে রাজধানীতে। তারা বারবার অফিস পরিবর্তন করে গত কয়েক বছরে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। আসামি বারী গত মাসে জামিনে বেরিয়ে আবারও প্রতারণায় জড়িয়ে পড়েন। মূলত জমি ক্রয়-বিক্রয়ের নামে মানুষকে লোভে ফেলে ও বিদেশিদের নামে ব্যবসায়ী পার্টনার করার অফার দিয়ে প্রতারণার ছক আঁকেন তারা। ২০১১ সাল থেকে আব্দুল বারী এই প্রতারণার কাজে জড়িত। পিবিআই বলছে, যেকোনো বিষয়ে লেনদেন করার আগে অবশ্যই তা সঠিকভাবে যাচাই-বাছাই করে যেন সাধারণ মানুষ লেনদেন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর এসআই রবিউল জানান, আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি জানান, আব্দুল বারী এর আগে বাড্ডার এক ফার্নিচার ব্যবসায়ীর ২৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন।











































