Home আঞ্চলিক জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে সময় সম্পর্কে সচেতন হতে হবে : উপাচার্য

জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে সময় সম্পর্কে সচেতন হতে হবে : উপাচার্য

74

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে সময় সম্পর্কে সচেতন হতে হবে। সময়ের সাথে দায়িত্ব ও কর্তব্যের প্রতি আরও বেশি যত্নবান হওয়া দরকার। পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে খারাপ সময়ের পর ভালো সময় আসবেই। আর সেই ভালো সময়কে কাজে লাগানোর জন্যে দরকার অধ্যবসায়ের। ছাত্রজীবনে অধ্যবসায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। ছাত্রজীবনই ভবিষ্যৎ গড়ার উপযুক্ত সময়।
১৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার তৃতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র্যাগিং ও মাদককে না বলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালার তৃতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান ও চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) রকিব হাসান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন। এছাড়াও কর্মশালায় ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স ইন কেইউ’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ইন কেইউ’ শীর্ষক আরও ৪টি সেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সফলতা অর্জনের বিভিন্ন দিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিসহ বিভিন্ন দিকে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন মুদ্রিত সমন্বিত প্রসপেক্টাস বিতরণ করা হয়। কর্মশালার তৃতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুল এবং চারুকলা স্কুলের আওতাধীন ডিসিপ্লিনসমূহের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

প্রফেসর ড. দিলীপ কুমার দত্তের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধীনে পরিচালিত এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের উদ্যোগে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন এবং দ্বিতীয় রানারআপ হয় নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন। যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজিই ডিসিপ্লিনের রাজশ্রী দাস সৃজা ও এফএমআরটি ডিসিপ্লিনের মেহনাজ আফরিন খান ঝিলিক। সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০টি ডিসিপ্লিন অংশগ্রহণ করে।
১৭ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ক্লাস রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তিতর্ক দিয়ে বিচার-বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করতে পারে। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এই প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের কো-অর্ডিনেটর সাদিয়া ইসলাম মৌ।
এদিকে একই স্থানে ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. দিলীপ কুমার দত্তের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী শিক্ষকের হাতে ডিসিপ্লিনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, একজন শিক্ষকের কখনো বিদায় হয় না। শিক্ষক মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষকই থাকেন। তাঁর সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। তাঁর এই অবসরে আমি একজন বন্ধু হারাবো। তাঁর সাথে গবেষণার অনেক কাজ করেছি। অনেক কিছু শিখেছি তাঁর কাছ থেকে। মানুষ হিসেবে তিনি অন্যদের জন্য আদর্শ। তাঁর আলোতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আলোকিত হয়েছেন বলে উপাচার্য মন্তব্য করেন।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। অনুভূতি ব্যক্ত করেন বিদায়ী শিক্ষক প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত। আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেন।
অপরদিকে অনুষ্ঠানে ডিসিপ্লিনের কৃতি শিক্ষার্থী সুলতানা জাহানকে ডিসিপ্লিনের পক্ষ থেকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের পক্ষ থেকে একজন অসহায় শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুবির প্রাক্তন কর্মচারী লাকির মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের এস্টেট শাখার প্রাক্তন কর্মচারী সেলিনা খাতুন লাকি আজ সকাল ৮টায় কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৩ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর বানরগাতি ইসলামিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রাক্তন কর্মচারী সেলিনা খাতুন লাকির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার কৃষ্ণপদ দাশসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।