Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

143

ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ৮০০

ঢাকা অফিস

গত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বর্তমান বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৯৮ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১৭  জন।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

 

এর আগে, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

 

 

নগর যুবলীগের জরুরী সভা আজ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সদস্য সংগ্রহ কার্যক্রম খুলনা মহানগরে ত্বরান্বিত করার লক্ষ্যে জরুরী সভার আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। আজ ১৭ সেপ্টেম্বর’২৩ইং; রবিবার বিকাল চারটায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। উক্ত জরুরী সভা সফলে খুলনা মহানগর যুবলীগ এর সাবেক নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড যুবলীগের সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক /যুগ্ম আহবায়কদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের সভাপতি  সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

 

 

পাইকগাছায় যুগোল কিশোর দে’র স্মরণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি স্বর্গীয় যুগোল কিশোর দে’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের অমৃতময়ী মিলোনয়তনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড সোহরাব আলী সানা,  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ,  সদস্য শেখ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রশীদুজ্জামান মোড়ল, আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ আফসার আলী, আনন্দ মোহন বিশ্বাস, কওসার আলী জোয়ার্দার, হেদায়েত আলী টুকু, শিহাবউদ্দীন ফিরোজ বুলু, সহযোগী অধ্যাপক ময়নুল ইসলাম, হারুন অর রশীদ, প্রথান শিক্ষক রহিমা আক্তার সম্পা, তৃপ্তি রঞ্জন সেন, হিমাদ্রি শেখর দে,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।#

 

কেপিআই’র হীরক জয়ন্তী ও পুনর্মিলনীর সফলে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট (কেপিআই) অডিটোরিয়ামে কেপিআই’র ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উদপাযন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (১৫ সেপ্টেম্বর) উক্ত সভা থেকে সর্বসম্মতিক্রমে সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সকলের সহযোগিতায় আগামীতে কোন বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে না এমনটাই প্রত্যাশা উপস্থিত সকলের।

সভায় সকলের উপস্থিতে আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। তবে সকল কার্যক্রম চলমান রয়েছে।

হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সফল করার লক্ষ্যে আগামী ৬ অক্টোবর শুক্রবার খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট এ বিকাল ৩ টায় দল মত নির্বিশেষে সকলের উপস্থিতিতে একটি পূর্নাঙ্গ কমিটি ও পুনর্মিলনীর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

আলোচনা সভায় ইনস্টিটিউটের অধ্যক্ষ অনিমেষ পাল বলেন, প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়জনে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সফলে সার্বিক সহযোগিতা তার পক্ষ থেকে থাকবে। তিনি চান কেপিআইতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ ঘণ পরিবেশে এই হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হোক।

সবশেষ উপস্থিত সকলে অন্যান্য সকল প্রাক্তন শিক্ষার্থীদের দল মত নির্বিশেষে আগামী ৬ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় কেপিআইতে উপস্থিত থাকার আহবান জানান।

 

 

বাগেরহাট-৩ আসনকে স্মার্ট আসন করতে  এমপি হতে চান শেখ মোঃ আবু হানিফ

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রামপাল উপজেলার ঝনঝনিয়া বাজার, চেয়ারম্যানের মোড়সহ রামপালের বিভিন্ন স্থানে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে স্থানীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ ও উন্নয়নের লিফলেট বিতরন করেন বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, রামপালের কৃতি সন্তান খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম আজম, সাইফুল্লাহ শেখ, আঃ সালাম শেখ, এস এম বাকী, সাহিদুল শেখ, শাহিদুল শেখ, অনিক শেখ, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান আকুঞ্জি, রিজাউল শেখ, জিল্লুর রহমান, অসিত মন্ডল, মোঃ শাকির হুসাইন, লুৎফর রহমান, বিল্লাল মুন্সি, মান্নান শেখ, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম সোহাগ, শিশির বর, সুমন সেখ, মিহির ঘোষ, শেখ মোঃ রাসেল, শরিফুল ইসলাম, বাদশা শেখ, লিটু শেখ, হৃদয় শেখ, মোহাম্মাদ আলী, বোরহান শেখ, পল্লব বৈদ্য, জয় সানা, রবিউল, ইমরান শেখ, নয়ন ঘোষ, সজীব শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ।#

 

দর্শনার ছোটশলুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

দর্শনার ছোটশলুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। দর্শনা পুলিশ জানায়,শনিবার সকাল ৮ টায় দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের ছোটশলুয়া  গ্রামের শাকিল মিয়ার ছেলে ইব্রাহিম (৪) বাড়ির পাশে বিদ্যুৎচালিত পানির পাম্পের তারে অসাবধানতা বশত হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  দর্শনার ছোটশলুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু দর্শনার ছোটশলুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে।

দর্শনা পুলিশ জানায়,শনিবার সকাল ৮ টায় দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের ছোটশলুয়া  গ্রামের শাকিল মিয়ার ছেলে ইব্রাহিম (৪) বাড়ির পাশে বিদ্যুৎচালিত পানির পাম্পের তারে অসাবধানতা বশত হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

ডুমুরিয়ায় আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মৃণাল জোদ্দার’র মতবিনিময় সভা

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃণাল কান্তি জোদ্দার’র সাথে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খর্ণিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে খর্ণিয়া ইউনিয়নবাসির আয়োজনে আয়োজিত আলোচনা সভা সমাবেশে পরিনত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিক। সমাবেশে প্রধান অতিথি প্রকৌশলী মৃণাল কান্তি জোদ্দার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক বক্তৃতা করেন। উপজেলা যুবলীগ নেতা রাজিবুল বারী সৈকত’র সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা প্রণব কুমার ঘোষ, যুবলীগ নেতা আশরাফুল আলম রাজু, শেখ ফজলুল হক লাভলু, শেখ রবিউল আলম, এস জাহাবুর রহমান, শেখ মহসিন,শেখ মাসুদ রানা, মাহাবুব আলম খালেদ, খান চঞ্চল আহমেদ, সরদার শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরদার, বাবলু বিশ্বাস, বিলাস মল্লিক, মাসুদ সরদার প্রমূখ।

 

কালিগঞ্জে লাইফ কেয়ার হাসপাতালের সপ্তম বর্ষপূর্তি উদযাপন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জে লাইফ কেয়ার হাসপাতালের সপ্তম বর্ষপূর্তিতে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর)  বেলা ১১ টায় উপজেলার পাওখালীস্থ অত্র প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর  এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামন রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারী শেখ ইকবাল আলম বাবলু। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সেক্রেটারী শেখ আব্দুল করিম, সাংবাদিক শিমুল হোসেনসহ চিকিৎসকবৃন্দ, লাইফ কেয়ার হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মী কর্মকর্তাবৃন্দ ও সূধীবৃন্দ।

 

কালিগঞ্জ প্রেসক্লাবে ভাইয়ের সন্ধানে সংবাদ সম্মেলন

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ প্রেসক্লাবে ভাইয়ের সন্ধানের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের মৃত ঈমান আলী সরদারের পুত্র আল আমিন।শনিবার (১৬ সেপ্টেম্বর)  দুপুরে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে লিখিত বক্তব্যে তিনি বলেন আমি আপনাদের দারস্ত হয়েছি আমার ভাই শাহাদাৎ হোসেন টুলটুকে আমার চাচাত ভাই রউফ সরদারের বাড়ি হতে গত ইং-১৫/০৯/২০২৩ তারিখ শুক্রবার আনুঃ ৩ টার সময়ে পুলিশ পরিচয় উঠিয়ে নিয়ে যায়।

 

সেই থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা কালিগঞ্জ থানা, দেবহাটা থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায় নাই। সে কারনে আমিসহ আমার পরিবারের সদস্যরা গেলো ২৪ ঘন্টা ব্যপক উৎকন্ঠায় দিনাতিপাত করছি। শনিবার দুপুরে কালিগঞ্জ থানার পুলিশ এএসআই (নিঃ) সুমন আলীর মাধ্যমে জানতে পারলাম আমার ভাই টুলটু পুলিশ হেফাজতে আছে।

 

এক্ষনে সংবাদ সম্মলনে সাংবাদিকগনের মাধ্যমে দাবি করছি যে, আমার ভাই অপরাধী হলে আদালতে প্রেরণ করুক, নির্দোষ হলে আমার ভাইকে পরিবারের মাঝে ফেরৎ দিক। আমার ভাই শাহাদাৎ হোসেন টুলট কে বিগত ২০১৮ সালে পুলিশ পরিচয়ে নিজ বাড়ি থেকে এমনিবাবে উঠিয়ে নিয়ে আসার পর থেকে ৩ মাস যাবৎ তার কোন সন্ধান পাইনি। পরবর্তীতে ব্যপক খোঁজা খুজি করে তাহাকে কাশেমপুর জেলখানায় পাওয়া যায়।

 

তাকে সেখান থেকে ৪ বছর ৩ মাস পরে সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, পরিকল্পিত ভাবে ও ষড়যন্ত্রমূলক মামলা হতে  জামিনে মুক্ত করে বাড়িতে নিয়ে আসি। আমরা এখনো আশাংখা করছি যে, ২০১৮ সালের ন্যায় আবারও আমার ভাইকে অজানা কোন ষড়যন্ত্র মামলায় আসামী করা হতে পারে। আমি সংবাদ সম্মেলন এর মাধ্যমে পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দাকোপ উপজেলা চত্বরের পানির প্লান্টটি বন্ধ থাকায় অসাধু পানি ব্যবসায়িকদের ব্যবসা জমজমাট

বাজুয়া (দাকোপ)  প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় জাপান সরকারের অর্থায়নে নির্মিত উপজেলা চত্বরে পানির প্লান্টটি প্রায় তিন মাস বন্ধ থাকায় সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে সংশ্লিষ্ট এলাকাবাসী। অপর দিকে চালনা বাজারে অসাধু পানি ব্যবসায়িকদের পানির ব্যবসা জমজমাট ভাবে চলছে। সরেজমিনে ঘুরে জানাযায়, জাপান সরকারের অর্থায়ানে প্রায় কোটি টাকা খরচ করে ২০২০ সালে উপজেলা পরিষদ চত্বরের ভিতর নির্মিত হয়। পরিক্ষা নিরিক্ষা করে দেখা যায় পানির মান মানস্মত হওয়ার সংশ্লিষ্ট এলাকাবাসী তথা চায়ের দোকান, হোটেল ব্যাবসায়ীরা প্রতিদিন হাজার, হাজার, লিটার সুপেয় পানি সংগ্রহ করে আসছিল। কিন্তু উক্ত পানির প্লান্টটি প্রায় তিন মাস বন্ধ থাকার কারণে সুপেয় পানির চাহিদা পুরণ করতে পারছে না সংশ্লিষ্টরা। স্থানীয় পানি ব্যবসায়ীরা এ সুযোগে অনিরাপদ( দূর্গন্ধ) পানি চড়া দামে বিক্রি করে চলছে। চালনা আচাভুয়া বাজার পানির প্লান্টটিতে বি এস টি আই এর কোন অনুমতির ছাড় পত্রের কাগজপত্র না দেখাতে পারায় জমজম পানির প্লান্টটিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেশ কয়েক দিন আগে জরিমানা সহ বন্ধ করে দেয়। এখন সেটিরও ব্যবসা জমজমাট। এ ব্যাপারে, কথা হয় জমজম পানির প্লান্টটের পরিচালক এ, কে, এম কবির হোসেনের সাথে তিনি বললেন প্রথম শুরু করে আগামীকাল প্লান্টটি বন্ধ করে দেব। বৈধ কাগজ পত্র না করে এবং পানি পরিক্ষার কাগজ না করে আর পানি বিক্রি করবোনা এমনটা বলে আসলেও থেমেনি পানি বিক্রি তার। তবে দাকোপ উপজেলা চত্বরের পানির প্লান্টটির পরিচালনা করার দায়িত্বে থাকা দাকোপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড় বলেন, প্লান্টটির ফিল্টার খারাপ হয়ে যাওয়ার কারণে পানি দূর্গন্ধ হয়। নতুন ফিল্টার লাগানো হয়েছে পানি পরিক্ষা নিরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, সে খান থেকে রিপোর্ট, না আসা পয়র্ন্ত প্লান্টটি চালু করা সম্ভব হচ্ছে না।

 

অভয় নগরে অজ্ঞাত যুবক অবশেষে ফিরে পেল মায়ের কোল

তামিম আহমেদ মনির

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৫দিন ধরে ভর্তি সেই অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে।  তার নাম আবু কাশেম। সে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গারোপাড়া এলাকার মৃত আবু সালামের ছেলে। গত সোমবার কে বা কারা অজ্ঞাত যুবককে চরম অসুস্থ অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ফেলে যায়। দুই হাসপাতালের বারান্দায় গড়াগড়ি খেলেও কেউ ফিরেও তাকায়নি৷ এমন পরিস্থিতিতে বুধবার রাতে সাংবাদিকদের  সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি বাক প্রতিবন্ধী ও প্রচন্ড অসুস্থ ছিলেন। এমতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার খবর। সেই খবর পৌছে যায় অজ্ঞাত ঐ যুবকের মায়ের কাছে। যোগাযোগ করে গত বৃহস্পতিবার রাতে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ঐ যুবকের মা ছহুলা বেগম। জানা যায়, ৭ দিন আগে বুদ্ধি প্রতিবন্ধী ঐ যুবক বাড়ি থেকে বের হয়। এরপর তাকে আর পাওয়া যাচ্ছিলনা। ফেসবুকে সংবাদ দেখে তারা জানতে পারেন তার সন্তান অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ভুক্তভোগী আবু কাশেমের মা ছহুলা বেগম জানান, আমরা পাগলের মত খুঁজেছি কিন্তু কোথাও না পেয়ে তার আশা ছেড়ে দিয়েছিলাম। এসময় তিনি অভয়নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুক্রবার সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছেলে আবু কাশেমকে নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন মা ছহুলা বেগম।

 

রামপালে গাঁজাসহ ডিলার মাহামুদ আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে ৯০০ গ্রাম গাঁজাসহ মো. মাহামুদ হাসান (২৯) নামের এক গাজা কারবারীকে আটক করেছে পু্লশি। আটক মাহামুদ মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মো. তরিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

পু্লশি জানায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টায় গিলাতলা বাজারের সরকারী হাইস্কুল মোড় দিয়ে ব্যাগে করে মাহামুদ গাঁজা নিয়ে মোংলা যাচ্ছিল। ওই সময় বাজারের পাহারাদার, বাজার কমিটির সদস্য ও গ্রামপুলিশ তাকে আটক করে। খবর পেয়ে রামপাল থানার এসআই মো. কামাল হোসেন গাঁজাসহ মাহামুদকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি গাঁজাসহ আসামী আটক ও শনিবার (১৬ সেপ্টেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।#

 

 

 

 

বাগেরহাটে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিতে বাজার তদারকি

রামপাল প্রতিনিধি।।

বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে পেয়াজ,আলু,ডিম ও সয়াবিন তেল বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার যাত্রাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

 

 

এ সময়  নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রয়ের অপরাধে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বাগেরহাটের  যাত্রাপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এসময় মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেয়াজ বিক্রয়ের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায়  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার টাকা পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের  অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেছেন।

 

 

এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও  ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

 

দাকোপে উদ্বোধনের অল্প দিনেই ধ্বসে পড়লো চালনা খালের স্লুইচ গেট

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় চালনা পৌরসভার বৌমার গাছতলার চালনা খালে নির্মিত স্লুইচ গেটটি উদ্বোধনের অল্প দিনের মধ্যে ধ্বসে পড়েছে । ১৫ ই সেপ্টেম্বর শুক্রবার সকালে জোয়ারের পানির চাপে নব নির্মিত গেটটির তলদেশ ও উপরে ঢালাই ছাঁদ ধ্বসে গিয়ে অবাধে এলাকায় পানি প্রবেশ করছে। চালনা পৌরসভায় দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (জিওবি এবং এডিবি) এর আওতায় বৌমার গাছতলা বাজার সংলগ্ন চালনা খালে নির্মিত স্লুইচ গেটটি প্রবল জোয়ারের পানির চাপে ধ্বসে পড়ছে। পৌরসভা সুত্রে জানা যায় পৌরসভা উন্নয়নে খাল,পুকুর, খনন সহ ১৩ টি কাজের মধ্যে চালনা খালের স্লুইচ গেটি নির্মিত হয়। সুত্রে আরোও জানা যায়, রিলায়েবল বিল্ডার্স আল মামুন এন্টারপ্রাইজ(জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলি করছে। এই কাজের মোট বরাদ্দ ২৬,৩৯,৭২৪.২৮ টাকা। চুক্তিমূল্য ২৩,৭৩,৫৮.২৯৪.৯৪ টাকা। কাজ করিয়ে দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগকৃত প্রতিনিধি শাহিনুর রহমান জানান ভুল ডিজাইনের কারণে গেটের তলোদেশে মাটি সরে গিয়ে গেটটি ধ্বসে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে চালনা খালপাড়ের একাধিক ব্যক্তি জানান, নিম্ন মানের নির্মান সমগ্রী ব্যবহার করার কারনে উদ্বোধনের অল্প দিনের মধ্যে গেটটি ভেঙে গেছে। সরেজমিনে দেখা যায়, স্লুইচ গেটের উপরিভাগ অনেকটা ধ্বসে পড়ার কারনে মূল সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গেটের ভিতর দিয়ে প্রচন্ড বেগে নদীর পানি ভিতরে প্রবেশ করেেছ। পানির চাপ আরো বাড়লে যে কোন সময় রাস্তা ও গেট ভেঙে এলাকার আমন ধানের মাঠ প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। এ বিষয়ে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বললেন, আমি এখন বিশেষ কাজে ঢাকাতে আছি। শুনেছি গেটের তলদেশে ঘোঘা সৃষ্টি হয়ে ভিতরে পানি প্রবেশ করছে।

 

দর্শনা থানা পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ  গ্রেফতার ১

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

দর্শনার পুলিশ সরাবাড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাজা সহ ১ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে  এসআই(নিঃ) মোঃ ফজলুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে  সড়াবাড়ীয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় গ্রামের মোড়ে বড়বলদিয়া গ্রামের আনারুল মালিথার ছেলে সালাউদ্দিন মালিতা(২৪) কে গ্রেফতার করে। পরে দেহ তল্লাশী করে তার  হেফাজত হতে অবৈধ ১ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

নগরীতে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

খবর বিজ্ঞপ্তি

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং ইউনিসেফ এর সহযোগিতায় খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সপ্তাহব্যাপি শিশুদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুল কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজমুল হুসেইন খান।  জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মাসুম বিল্লাহ ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জিএম রেজাউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক জিএম আব্দুল্লাহ, মো. আশরাফ হোসেন,  ইউনিসেফ এর শিউলী মোর্শেদা।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ৫০জন বিশোরীদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ শুরু হয়। শিশুদের পানিতে ডুবে যাওয়া রোধের জন্য এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

 

চুলকাটিতে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত হাফিজুর গ্রেফতার

ফকিরহাট প্রতিনিধি। 

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজার এলাকা থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুর রহমান (৩৩) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে তাকে আটক করা হয়। আটক হাফিজুর রহমান চুলকাটির সোনাডাঙ্গা গ্রামের হাজী হায়দার আলীর পুত্র। চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ কুমার ঘোষ, জানান, তাদের কাছে গোপন খবর আসে বাজারে একটি প্রভাবশালী মাদক সিন্ডিকেট চক্র ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। এমন খবরের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে এএসআই আবু-বক্কর সংঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল চুলকাটি বাজারের স্কুল রোড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান (৩৩)কে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। এঘটনায় এসআই আনিছুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ আইনে একটি মামলা দায়ের করেন। বাগেরহাট সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, মাদক বিরোধী কঠোর অভিযান চলমান রয়েছে।

এদিকে স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে,চুলকাটি এলাকার একটি চিহ্নিত মাদক বিকিকিনি চক্র দির্ঘাদিন ধরে টেকনাফ থেকে রেনুপোনার মাইক্রোবাসে করে ইয়াবার চালান এনে খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও গোপালগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছে। এবং নিদিষ্ট বিকাশের দোকানে টাকা পৌছে গেলে মোটরসাইকেলে করে সরবরাহ করে আসছে। ইয়াবা ট্যাবলেটসহ আটক হাফিজুর রহমান ও উক্ত চক্রের প্রভাবশালী সদস্য। এই চক্রের অপর সদস্য হাকিমপুর গ্রামের মৃত মহম্মদ আলীর ছেলে (পিকয়াপ চালক) নুরে আলম। তিনি সাড়ে তিন মাস পূর্বে টেকনাফ এলাকায় ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আইন শৃংক্ষলা রক্ষাকারি বাহিনীর হাতে গ্রেফতার হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ বলু শেখ জানান চক্রটির সদস্যদের সনাক্তকরণ ও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। ##

 

যুবলীগের কর্মীসভায় রায়হান ফরিদ

শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

খবর বিজ্ঞপ্তি

জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ, গতিশীল, সাহসী, ও ঐন্দ্রজালিক নেতৃত্বে আমরা নিজস্ব জাতি রাষ্ট্র ও গর্বিত আত্মপরিচয় পেয়েছি । ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে যুবশক্তির উন্মেষ ঘটেছিল, সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত স্বদেশ পুনর্গঠনে সেই যুবশক্তিকে সম্পৃক্ত করার অভীষ্ট লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সৃষ্টি। বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে যুবনেতা শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর এই সংগঠনের জন্ম। জন্মলগ্ন থেকেই যুবলীগ আত্মনিয়োগ করে দেশ গঠনে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুবলীগ সাহসিকতার সাথে রাজপথে থেকে মোকাবেলা করেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারিত হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটাও নির্ভর করছে আগামী নির্বাচনে। এজন্য মান অভিমান, ক্ষোভ, দুঃখ কষ্ট ভুলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের চতুর্থ মেয়াদে দেশে যে অকল্পনীয় উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় রূপসা উপজেলার সেনের বাজার ফেরিঘাট চত্বরে ১নং আইচগাতী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ আশরাফুজ্জামান বাবুল ও মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, ১নং আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান লিটন। প্রধান বক্তার বক্তৃতা করেন রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এ বি এম কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন ১নং আইচগাতী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মেজবাবুর রহমান। ১নং আইচগাতী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন খান প্রিতমের পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন যুবলীগ নেতা হারুন আর রশিদ, ইউপি সদস্য কামরুল ইসলাম, যুবলীগ নেতা মো. বাদশা মিয়া ও রতন মন্ডল। 

 

 

 

 

 

ভোমরা বন্দরে ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন ও তার ম্যানেজার মহসিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে সাতক্ষীরা সদর থানা মোড় এলাকা থেকে মাকসুদকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে মহসিন আলীকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে নির্যাতনের শিকার ব্যবসায়ী সাউদ সাদাত শনিবার সকালে মাকসুদ খাঁন ও ম্যানেজার মহসিন আলীসহ পাঁচজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।

 

মাকসুদ খান সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাস্টারপাড়া এলাকার মাস্টার মাহফুজুর রহমানের ছেলে। আর মহসিন আলী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের বাসিন্দা।

 

সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম জানান, চট্টগ্রামের ব্যবসায়ী সাউদ সাদাতকে ১৩ দিন ধরে ভোমরায় মাকসুদ খাঁনের ম্যানেজার মহসিন আলীর বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে মাকসুদ খানের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সাউদ সাদাতকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় মহসিন আলীকে। শনিবার সকালে চট্টগ্রামের ব্যবসায়ী বাদী হয়ে মাকসুদ খাঁন ও ম্যানেজার মহসিন আলী, কর্মচারী আকাশ হোসেন, রাকিব হোসেন ও আজিজুল ইসলাম টপিকে আসামি করে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মাকসুদ খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার মাকসুদ খান জানান, সাউদ সাদাতের সঙ্গে চার মাস ধরে ব্যবসা চলছে। লেনদেনও ভালো ছিল। তবে কোরবানি ঈদের ১০ দিন আগে তার কাছ থেকে এক কোটি ২৩ লাখ টাকার শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ নেন সাউদ। কিন্তু টাকা দেননি তিনি। এ বিষয়ে চট্টগ্রামের হাটহাজারি থানা ও সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

ব্যবসায়ীকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে মাকসুদ খান আরও বলেন, ‘আমার ম্যানেজারের সঙ্গে তিনি এক কক্ষে থাকতেন, খাওয়া-দাওয়া করতেন। ১৭ সেপ্টেম্বর রোববার পাওনা ৫০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা যাতে না দিতে হয় সেজন্য তিনি এ অপহরণের নাটক করেছেন।’ 

 

চট্টগ্রামের হাটহাজারি এলাকার বাসিন্দা ব্যবসায়ী সাউদ সাদাতকে সাতক্ষীরার ভোমরায় ১৩ দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে পুলিশের কাছে শুক্রবার অভিযোগ করেন তার স্ত্রী ফারহানা রেজা। পরে শুক্রবার সন্ধ্যায় তাকে মহসিনের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় ব্যবসায়ীর শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ।

 

 

ফার্মেসি ও মুদি দোকানের ক্যাশবাক্সে মিলল ৫০০ পিস ট্যাপেন্টাডল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ফার্মেসি ও মুদি দোকানের ক্যাশবাক্স থেকে ৫০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে। এ সময় অসিম ভট্টাচার্য (৪৮) ও শহিদুল ইসলাম (৪৪) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে কুমারখালী হাসপাতাল সড়ক ও জেন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা হয়।

 

অসিম ভট্টাচার্য পৌরসভার কুণ্ডুপাড়া এলাকার মৃত অমল ভট্টাচার্যের ছেলে ও মুদি দোকানি শহিদুল ইসলাম একই এলাকার মৃত আব্দুল গণি মিয়ার ছেলে।

 

এসব তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপ্রা ফার্মেসির ক্যাশবাক্স থেকে ২০০ পিস এবং শহিদুলের মুদি দোকানের ক্যাশবাক্স থেকে আরও ৩০০ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

দাবি আদায়ে ইবি প্রশাসনকে কর্মকর্তাদের এক সপ্তাহের আল্টিমেটাম

কুষ্টিয়া প্রতিনিধি

১৬ দফা দাবি পূরণে এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনকে সাতদিনের আলটিমেটাম দিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা। এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আলোচনায় প্রশাসনকে এ সিদ্ধান্ত জানানো হয়।

কর্মকর্তা সমিতির সভাপতি ও ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম এমদাদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে দাবি আদায়ে ২৬ জুলাই থেকে আন্দোলন করছেন আন্দোলনকারীরা। শুরুতে এক মাসের অধিক সময় ধরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। ওই সময় দাবি না মানলে আগস্ট মাস শেষে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

 

 

এর পরিপ্রেক্ষিতে দাবি আদায় না হওয়ায় ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২ সেপ্টেম্বর থেকে লাগাতার পূর্ণ কর্মবিরতি পালন করে আসছেন তারা। কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক কাজে কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়। এর অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয়ের ২৬১ তম সিন্ডিকেটে অংশ নিতে দেননি আন্দোলনকারীরা। ওইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার অফিস ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

 

এ বিষয়ে ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম এমদাদুল আলম বলেন, আমাদের দাবিগুলো আইনসম্মত হওয়া সত্ত্বেও উপাচার্য সেটি না দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। আমরা সব কর্মকর্তা-কর্মচারী একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা প্রশাসনকে পাঁচ দিনের সময় দিয়েছি।

 

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে উপকূলে জলবায়ু ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক           

ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছে সাতক্ষীরা উপকূলের তরুণ জলবায়ুকর্মীরা।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী চুনা নদীর পাড়ে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে ও বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং জীবাশ্ম জ্বালানি বিশেষ করে এলএনজি আমদানির ওপর দেশের নির্ভরতা কমানোর দাবি জানান জলবায়ুকর্মীরা। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য বিদ্যুতে রূপান্তর প্রক্রিয়া ন্যায্যতা বজায় রাখার দাবিও জানানো হয়।

 

এ সময় বক্তব্য দেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সমন্বয় হাফিজুর রহমান হাফিজ, সদস্য শামিম হোসেন, সদস্য সালাউদ্দিন, ইসলামিক রিলিফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার তৈয়েবুর রহমান, এডমিন অ্যাসিস্ট্যান্ট শরিফুল ইসলাম।

তরুণ জলবায়ুকর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাবের কারণে বিশ্ব এখন একটি সংকটপূর্ণ সময় পার করছে। উন্নত দেশগুলোকে প্যারিস জলবায়ু চুক্তি মেনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হতে হবে।

 

সরকার এবং বিনিয়োগকারীদের অবশ্যই ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে জলবায়ু বিধ্বংসী কার্যকলাপের জন্য দায় নিতে হবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে অবিলম্বে উল্লেখযোগ্যভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। কারণ জীবাশ্ম জ্বালানির যুগ শেষ হয়ে গেছে।

 

সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা স্কুলশিক্ষার্থীদের পরিচালিত আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’ এর আহ্বানে বিশ্বব্যাপী এ জলবায়ু ধর্মঘট পালিত হচ্ছে। কর্মসূচিতে নানা ধরনের দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে তরুণরা অংশ নেন।

 

 

রূপসায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু

 

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার কাজদিয়া গ্রামে সালমা বেগম (৪৫),স্বামী আফজাল হোসেন গত ১৫ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১ টার সময় মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর শুক্রবার ডেঙ্গু পজেটিভ নিয়ে সালমা বেগম রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। ৭দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৫সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১১টার সময় সালমার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে। রোগী যখন ভর্তি ছিল শরীরের প্রেসার কম ছিল ডাক্তারদের বারবার বলার পরেও তারা পেশারের কোন উন্নতি করতে পারিনি। এভাবে ৭ দিন রাখার ফলে শরীর আরও অবনতি হতে থাকে। আর এম ও অনুপস্থিতিতে রাত দশটার দিকে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। খুমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি দুই ছেলে এক মেয়ে রেখে যান।তাদের অভিযোগ রোগী যখন অসুস্থ হতে থাকে এটা দেখেও তারা রোগী ছেড়ে না দিয়ে সেবার গাফিলতি করে যখন শেষ মুহূর্ত তখন তারা উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। শুধুমাত্র তাদের গাফিলতির জন্য রোগীর মৃত্যু হয়েছে।

 

খুলনায় পিডিবিএফ এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ, রেজিঃ নং বি-২১৩৯) খুলনা ও সাতক্ষীরা আঞ্চলিক কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়ীজ ইউনিয়ন (পিডিবিএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি তাপস কান্তি চন্দ্র। প্রধান বক্তার বক্তৃতা করেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক মোঃ. নজরুল ইসলাম। পিডিবিএফ এমপ্লয়ীজ ইউনিয়ন খুলনা অঞ্চলের সভাপতি মোঃ মিলন মোল্লা। পিডিবিএফ এমপ্লয়ীজ ইউনিয়ন সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ বিল্লাল হোসেন ও মো. কামরুল ইসলামের যৌথ পরিচালনায় এসময়ে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়ীজ ইউনিয়নের সিবিএ নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।