Home আঞ্চলিক মাগুরায় ৫ রোহিঙ্গা আটক

মাগুরায় ৫ রোহিঙ্গা আটক

17

মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুর থেকে পাঁচ রোহিঙ্গা যুবককে আটক করছে পুলিশ। শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা এলাকায় তল্লাশি চালিয়ে বাস থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. মোতাহার হোসেনের ছেলে সেলিম হোসেন (১৯), করিমুল্লাহ হোসেনের ছেলে সাদেক নূর (২৩) ও আরাফাত নূর (১৭), আব্দুল হকের ছেলে রবিউল আলম (২৮) ও মসিউল্ল্যাহর ছেলে ওমর ফারুখ (১৬)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ওমর ফারুখ কক্সবাজারের উখিয়া উপজেলার ১২ নম্বর বালুখালী, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। বাকি চারজন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১ নম্বর কুতুপালং শরণার্থী শিবিরে (রোহিঙ্গা ক্যাম্প) থাকেন। দেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য ক্যাম্প থেকে তারা বেরিয়েছেন বলেও দাবি করেন আটক রোহিঙ্গারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মাগুরা-ঢাকা সড়কে ওয়াপদা পুলিশ চেকপোস্ট এলাকায় কুষ্টিয়া-ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানোর সময় জিজ্ঞাসাবাদকালে সন্দেহ হওয়ায় পাঁচজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা রোহিঙ্গা শরণার্থী শিবিরে বাস করেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। আটক ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া করা হচ্ছে।