Home খেলাধুলা মৌসুমের প্রথম এল ক্লাসিকোর তারিখ ঘোষণা

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর তারিখ ঘোষণা

10

ক্রীড়া ডেস্ক ||
রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ও বার্সেলোনা থেকে লিওনেল মেসি যাওয়ার পর ‘এল ক্লাসিকো’ যেন পানসে হয়ে গেছে। তবুও ফুটবলপ্রেমীরা স্বভাবসিদ্ধভাবে চোখ রাখেন এল ক্লাসিকোতে। আজ শুক্রবার লা লিগায় এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোর তারিখ ঘোষণা হয়েছে। আগামী ২৮ অক্টোবর এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বার্সেলোনার অস্থায়ী ভেন্যু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ন্যু ক্যাম্পের পুনঃনির্মাণের কাজ চলছে।

রিয়াল মাদ্রিদ লা লিগার চলতি মৌসুমের প্রথম চারটি ম্যাচের চারটিতেই জিতেছে। তাতে করে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে এক ম্যাচ ড্র করে ২ পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে।

এল ক্লাসিকোতে মাঠে নামার আগে ২৪ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের অ্যাওয়ে ম্যাচে ব্রাগার মুখোমুখি হবে রিয়াল। অন্যদিকে পরদিন ঘরের মাঠে শাখতার দনেৎস্কের মুখোমুখি হবে বার্সেলোনা।

গেল মৌসুমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা পাঁচবার মুখোমুখি হয়েছিল এল ক্লাসিকোতে। তার মধ্যে দুইবার লা লিগায়, দুইবার কোপা দেল রের সেমিফাইনালে এবং একবার স্প্যানিশ সুপারকোপার ফাইনালে।

লা লিগায় একবার রিয়াল ৩-১ গোলে জয় পায়। তবে সুপারকোপার ফাইনালে রিয়ালকে তারা একই ব্যবধানে হারায়।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল ১-০ গোলে হার মানে বার্সেলোনার কাছে। তবে ঘরের মাঠে ফিরতি লেগে বার্সেলোনাকে হারায় ৪-০ গোলে।

এরপর ঘরের মাঠে লা লিগার ম্যাচে বার্সেলোনা ২-১ গোলে হারায় রিয়ালকে।