Home আঞ্চলিক ১৮ বছর বয়সে চার বিয়ে, চতুর্থ স্ত্রীর রহস্যজনক মৃত্যু

১৮ বছর বয়সে চার বিয়ে, চতুর্থ স্ত্রীর রহস্যজনক মৃত্যু

19

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি।।

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোর মো. জসিম মোল্লা (১৮)। তিনি উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর গ্রামের মো. মোকাদ্দেস মোলার ছেলে। পেশায় দিনমজুর। মাত্র ১৪ বছর বয়সে পারিবারিকভাবে প্রথম বিয়ে করেন ওই কিশোর। বিয়ের এক মাসের মাথায় বিষপানে আত্মহত্যা করেন সেই স্ত্রী।

এর পাঁচ মাসের মাথায় দ্বিতীয় বিয়ে করেন জসিম। কিন্তু বনিবনা না হওয়ায় বছরখানেক পরে ডিভোর্স হয় তাদের। এ ঘটনার প্রায় এক বছর না পেরোতেই প্রেম করে নিজের তৃতীয় বিয়ের কাজ সারেন তিনি। কিন্তু তৃতীয় বিয়ের ৯ মাসের মাথায় সেই বিয়েও ডিভোর্স হয়ে গেলে তিনি চলে যান ঢাকায়। সেখানে একটি কারখানায় কাজের ফাঁকে এক কিশোরীর সঙ্গে মুঠোফোনে আবার প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। একপর্যায়ে প্রায় সাত মাস আগে তাদের বিয়ে হয়। আড়াই মাস আগে চতুর্থ স্ত্রী নিয়ে বাড়ি ফেরেন কিশোর জসিম। তবে বিয়ে পাগল তার চতুর্থ স্ত্রীও মারা গেলেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চতুর্থ স্ত্রী সুলতানা খাতুনের (১৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে সকাল ১১টা ৫ মিনিটে মৃত অবস্থায় ওই গৃহবধূকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শাশুড়ি রাবেয়া খাতুন।

বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে দেখা যায়, মরদেহের সুরতহাল করছে পুলিশ। পাশেই দাঁড়িয়ে আছেন শাশুড়ি। হাসপাতালে আসেননি স্বামী জসিম মোল্লা। উৎসুক জনতা ভিড় করেছেন।

নিহত গৃহবধূর শাশুড়ি রাবেয়া খাতুন জানান, ১৮ বছর বয়সেই তার ছেলে জসিম চারটি বিয়ে করেছে। সকাল সাড়ে ৯টার দিকে ছেলের চতুর্থ স্ত্রী সুলতানা বিষপান করে অসুস্থ হয়ে পড়লে তিনি ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জসিমের ভাবি নাছরিন খাতুন বলেন, সকালে সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু পরে যে কি হলো, তা বুঝতে পারছিনা। তবে তাদের বাড়িতে কোনো বিষ ছিলনা। আর দেবরের খবর তিনি কিছু জানেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী জসিম পলাতক রয়েছেন। এ বিষয়ে তার বাবা মোকাদ্দেস মোল্লা বলেন, তার ছেলে ভালোনা। তিনি ছেলের সঙ্গে কথা বলেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, হাসপাতালে পৌঁছার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

কুমারখালী থানার উপ-পরিদর্শক মো. মারুফ হাসান বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ডান কানের পাশে লালচে দাগ পাওয়া গেছে।